পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল সোমবার রাত সাড়ে নয়টা থেকে আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টা পর্যন্ত নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। এ সময় দৌলতদিয়া থেকে ছেড়ে আসা তিনটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে। বাকি ফেরিগুলো উভয় ঘাটে নোঙর করে থাকে।দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে রাত থেকেই পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানবাহন আটকে পড়ে যানজটের সৃষ্টি হয়। আজ সকালের দিকে যানবাহনের লম্বা সারি টার্মিনাল ছাড়িয়ে ঢাকা-আরিচা এবং গোয়ালন্দ-ফরিদপুর সড়কের দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যায়।পরে ফেরি চলাচল শুরু হলেও পারের জন্য নতুন করে আসা যানবাহনের কারণে যানজট অব্যাহত রয়েছে। যানজটের কারণে অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে ঘাটে যাচ্ছে এবং লঞ্চে নদী পার হচ্ছে।বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা জানান, প্রায় প্রতিদিনই ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার বন্ধ থাকছে। এতে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সবজি চাষিরা কুয়াশার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।