পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি বন্ধ থাকায় মহাসড়কে তীব্র যানজট
খারাপ আবহাওয়া আর নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া গত বৃহস্পতিবার থেকে কয়েক দফায় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পাশের মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে পাটুরিয়া হয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে আটকে পড়া যানবাহনের কয়েক হাজার যাত্রী।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা ও দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার রাত নয়টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ঝুঁকি নিয়ে ফেরিগুলো চলাচল করছিল। বাতাসের গতিবেগ বেড়ে গেলে গতকাল রাত পৌনে আটটায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। তবে পরিস্থিতি অনুকূলে এলে সোয়া চার ঘণ্টা পর রাত একটার দিকে ফের ফেরি চলাচল শুরু হয়।যানবাহন শ্রমিক ও স্থানীয় লোকজন জানায়, দফায় দফায় ফেরি চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হলেও পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে সৃষ্ট যানজট পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। যানবাহনের দীর্ঘ সারি টার্মিনাল ছেড়ে ঢাকা-আরিচা ও গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কের তিন থেকে চার কিলোমিটার পর্যন্ত দখল করে রয়েছে।ট্রাকশ্রমিকেরা অভিযোগ করেন, তীব্র যানজটের সুযোগে বিআইডব্লিউটিসির অসাধু কিছু কর্মচারী অবৈধভাবে পারাপারের সুযোগ করে দিয়ে পণ্যবাহী ট্রাক থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করছেন। ভাড়ার অতিরিক্ত ৭০০ থেকে এক হাজার টাকা না দিলে কাউন্টার থেকে কোনো ট্রাক বুকিং দেওয়া হচ্ছে না। বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা ফেরি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল রাত পৌনে আটটার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরিস্থিতি পুরোপুরি অনুকূলে না এলেও যাত্রী হয়রানির কথা চিন্তা করে রাত একটার দিকে ফেরি চালু করা হয়। আজ শনিবার সকাল পর্যন্ত ফেরি চলাচল করেছে। তবে যেকোনো মুহূর্তে তা বন্ধ হয়ে যেতে পারে। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।