পাটুরিয়া ও মাওয়া ফেরিঘাট যানজটমুক্ত
পাটুরিয়া ও মাওয়া ফেরিঘাটে আজ বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে। প্রতিবার ঈদের আগে এই রুটে যে তীব্র যানজট দেখা যায়, এবার তা দেখা যায়নি। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে ১১টি ফেরি চলাচল করছে। এদিকে মাওয়া ঘাটে বেলা ১১টা পর্যন্ত যানবাহনের হালকা চাপ ছিল। তবে পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা প্রথম আলোকে বলেছেন, দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে বড় কোনো বাসের সারি নেই। বাস ও ফেরি চলাচল স্বাভাবিক আছে। তবে পাটুরিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক ছোট গাড়ি আটকে আছে। পাটুরিয়া ও মাওয়া ঘাটে যানজট না থাকায় ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ কমবে বলে আশা করা হচ্ছে। এদিকে আমাদের গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি জানান, আজ সকাল থেকেই রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঈদে ঘরে ফেরা মানুষের ঢল নামতে শুরু করেছে। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যান চলাচল স্বাভাবিক ছিল।