পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানজট অব্যাহত
পাটুরিয়া ও দৌলতদিয়া ফেরিঘাটের যানজট আজ শনিবারও অব্যাহত আছে। এর ফলে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। পদ্মা ও যমুনা নদীতে প্রবল স্রোত আর ফেরি সংকটের কারণে গত বুধবার থেকে এই অচলাবস্থার সৃষ্টি হয়। বিআইডব্লিউটিসির আরিচা ও দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, গত বুধবার থেকে সৃষ্ট যানজট পরিস্থিতির আজ শনিবার সকালের দিকে আরও অবনতি হয়েছে। সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় ঘাটে পারাপারের জন্য আসা দেড় হাজারেরও বেশি পণ্যবাহী ট্রাক ও দুই শতাধিক বাসসহ কয়েক শ ছোট গাড়ি আটকা পড়েছে। যানবাহনের লম্বা লাইন পাটুরিয়া ঘাট ছেড়ে ঢাকা-আরিচা মহাসড়কের আড়াই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে। দৌলতদিয়া প্রান্তেও যানবাহনের লাইন দুই কিলোমিটার ছাড়িয়ে গেছে। আটকে পড়া এসব যানবাহনের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা পারের অপেক্ষায় থেকে দুর্ভোগের শিকার হচ্ছে। বিআইডব্লিউটিসির সহমহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, প্রবল স্রোত আর ফেরির স্বল্পতার কারণে পাটুরিয়া ও দৌলতদিয়া নৌপথে পারাপারে অচলাবস্থা দেখা দিয়েছে। পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক ও বাস। ফেরির সংখ্যা বাড়ানো না হলে এই সংকট কাটিয়ে উঠতে সময় লাগবে।