পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটের উভয় পাশে তীব্র যানজট
ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে আজ সকাল সাতটা থেকে প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকে। এর ফলে ওই রুটে চলাচল করা সাতটি ফেরি আটকা পড়ে। এতে রুটের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ও আরিচা কার্যালয় সূত্রে জানা যায়, সকাল সাতটার দিকে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, শাহজালাল, শাহ আলী, ইউলিটি টাইপ ফেরি দোলন চাপা ও অপরাজিতা প্রায় ৭০টি যানবাহন এবং যাত্রী নিয়ে পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ১০ মিনিট পরই ঘন কুয়াশার কবলে পড়ে সেগুলোকে নদীতে নোঙর করে থাকতে হয়। একই সময় শাহ পরান, কেরামত আলী ও খানজাহান আলী নামের আরও তিনটি ফেরি প্রায় ৫৫টি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে। পরে সকাল ১০টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। তবে এতে উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) অর্পণ কুমার চন্দ প্রায় তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় তীরে যানবাহনের চাপ বেড়ে গেছে।