পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলছে ঝুঁকি নিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল আজ শুক্রবার বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত স্বাভাবিক হয়নি। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে পারাপার শুরু হলেও ফেরিগুলো চলছে যথেষ্ট ঝুঁকি নিয়ে। একেকটি ফেরিকে এক পার থেকে অপর পারে যেতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ গতকাল বৃহস্পতিবার রাত নয়টা থেকে ফেরি চলাচল বন্ধ রেখেছিল। দীর্ঘ সময় পারাপার বন্ধ থাকায় ঢাকা-আরিচা ও গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগের মধ্যে পড়েছে আটকে পড়া যানবাহনের হাজার হাজার যাত্রী। বিআইডব্লিউটিসির আরিচা ও দৌলতদিয়া কার্যালয় সূত্রে জানা গেছে, খারাপ আবহাওয়ার কারণে গতকাল রাত নয়টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকেই পারাপারের জন্য আসা যানবাহন জমতে থাকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আটকে পড়া যানবাহনের সংখ্যাও। সৃষ্টি হয় তীব্র যানজটের। যানজট ছড়িয়ে পড়ে ঢাকা-আরিচা ও গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়কে। যানবাহন শ্রমিক ও স্থানীয়রা জানায়, গতকাল রাত দুইটার পর থেকে যানবাহনের দীর্ঘ সারি টার্মিনাল ছেড়ে ঢাকা-আরিচা ও গোয়ালন্দ-ফরিদপুর মহাসড়ক দখল করতে থাকে। আজ সকাল সাতটার দিকে তা উভয় মহাসড়কে সাত থেকে ১০ কিলোমিটার পর্যন্ত দখল করে নেয়। বেলা ১১টার পর ফেরি চলতে থাকলে মহাসড়কে লম্বা লাইন কিছুটা কমে আসে। বিআইডব্লিউটিসির আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আজ বেলা ১১টার পর থেকে ঝুঁকি নিয়ে ফেরি চালু করা হয়। আটটি ফেরি থাকলেও ছয়টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। তাও আবার মাঝেমধ্যে বন্ধ রাখতে হচ্ছে। বাতাসের কারণে চলতে না পারায় দুটি ফেরি ঘাটে বেঁধে রাখা হয়েছে। আগে আধঘণ্টায় একটি ট্রিপ দিতে পারলেও এখন এক ঘণ্টা সময় লাগছে।