পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ, সকালে আবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে গতকাল রাত আড়াইটা থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। পরে কুয়াশা কাটতে শুরু করলে আজ সকাল সাড়ে নয়টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে।কুয়াশার কারণে গতকাল মধ্যরাত থেকে শতাধিক যানবাহন এবং প্রায় ছয় হাজার যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকে ছিল ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, খানজাহান আলী, শাহ আলী, কেরামত আলী ও কপোতী।অন্যদিকে দৌলতদিয়া ঘাটে আটকে ছিল ফেরি শাহ পরান, শাহজালাল ও ইউটিলিটি অপরাজিতা আর পাটুরিয়া ঘাটে আটকে ছিল দোলনচাঁপা নামের আরও একটি ইউটিলিটি ফেরি। জানা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের উভয় ঘাটে দেড় হাজারের মতো যানবাহন আটকে আছে। এর ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। যানবাহনের দীর্ঘ লাইন টার্মিনাল ছাড়িয়ে মহাসড়কের দেড় থেকে দুই কিলোমিটার পর্যন্ত দখল করে আছে। এই নৌপথের উভয়পাশে এবং মাঝ নদীতে প্রায় ১০ হাজার যাত্রীকে দীর্ঘ সাত ঘণ্টা তীব্র শীতের মধ্যে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানিয়েছে, দৌলতদিয়া থেকে ছেড়ে আসা ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আজ সকাল সোয়া নয়টার দিকে ঝুঁকি নিয়ে পাটুরিয়া ঘাঁটে পৌঁছেছে। অন্য ফেরিগুলোও আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে আবারও চলাচল শুরু করেছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা জানান, ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি পারাপার বন্ধ থাকে। এর ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়ছে। বিশেষ করে জরুরি পণ্যবাহী ট্রাকগুলো আটকে থাকায় ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছে ।