পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে গতকাল শুক্রবার রাত ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে ঘাটে তীব্র যানজট অব্যাহত রয়েছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান জানান, কুয়াশা কেটে যাওয়ায় আজ শনিবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঘন কুয়াশার কারণে গতকাল রাতে মাঝ নদীতে আটকে রয়েছে ফেরি আমানত শাহ ও কেরামত আলী। এ দুটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়ায় আসছিল। এ ছাড়া পাটুরিয়া ঘাটে চারটি ও দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি যাত্রী এবং যানবাহন নিয়ে নোঙর করতে বাধ্য হয়। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দুটি ঘাটে কয়েক শ যানবাহন আটকা পড়ে। এতে তীব্র যানজট তৈরি হয়। পাটুরিয়া থেকে যানবাহনের লম্বা লাইন ঢাকা-আরিচা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে।