পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলেনি ১৪ ঘণ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে ঘণ্টার পর ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটা থেকে আজ শুক্রবার সকাল ১০টায় পর্যন্ত কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল। গতকাল রাতে ফেরি চলাচল বন্ধ হয়ে গেলে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে ছয়টি ও পাটুরিয়া ঘাটে চারটি ফেরি আটকে পড়ে। আটকে থাকা যাত্রীরা অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লি¬উটিসি) আরিচা অফিস সূত্রে জানা গেছে, ঘন কুয়াশার কারণে গতকাল সন্ধ্যার পর থেকেই ফেরি চলাচল ব্যাহত হতে থাকে। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে রাত আটটা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় শতাধিক যানবাহন ও ছয় হাজার যাত্রী নিয়ে ফেরি কেরামত আলী, বীরশ্রেঠ মতিউর রহমান, খানজাহান আলী, শাহজালাল, অপরাজিতা ও ফেরি দোলনচাঁপা মাঝ নদীতে আটকে পড়ে। পাটুরিয়া ঘাটে নোঙর করে থাকে ফেরি শাহপরান, শাহআলী, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও কপোতী। দীর্ঘ সময় ধরে ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি হয়। উভয় ঘাটে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক ও কয়েক শ বাস এবং ছোট গাড়ি আটকে পড়ে যানবাহনের লম্বা লাইন মহাসড়কের দুই থেকে তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। জনদুর্ভোগ ও যানজটের বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লি¬উটিসির আরিচা অফিসের ব্যবস্থাপক (বাণিজ্য) বিদ্যুত্ কুমার সাহা বলেন, ঘন কুয়াশার কারণে প্রায় প্রতিদিনই ঘণ্টার পর ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে। ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।