পাটুরিয়া-দৌলতদিয়ায় ৯ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে গতকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে আজ শুক্রবার সকাল নয়টা পর্যন্ত নয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। আজ সকাল নয়টার দিক থেকে ফেরি চলাচল শুরু হলেও উভয় ঘাটেই যানজট আছে।বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক বিদ্যুত্ কুমার সাহা বলেন, পাটুরিয়া প্রান্তে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, শাহ আলী, শাহপরান ও শাহজালাল ফেরি চারটি যানবাহন নিয়ে রাত ১২টা থেকে নোঙর করে ছিল। একই সময়ে বিপরীত পাশ দৌলতদিয়া প্রান্ত থেকে ছেড়ে আসা রোরো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর পাটুরিয়া লঞ্চ ঘাটের কাছে দিক হারিয়ে আটকে যায়। এ ছাড়া পাটুরিয়া থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান এবং দৌলতদিয়া থেকে পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে আসা আমানত শাহ, কেরামত আলী, খানজাহান আলী ঢ কুমারী ফেরি চারটি দিক হারিয়ে এখনো মাঝ নদীতে আটকে থাকে। এতে কয়েক শ যানবাহনের যাত্রীরা দুর্ভোগ পড়ে। সকাল নয়টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ খান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার পরেই কুয়াশা পড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্বও বাড়তে থাকে। রাত ১২টার দিকে দৃষ্টিসীমা এক ফুটে নেমে এলে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। সকাল নয়টার দিকে কুয়াশা কেটে গেলে আবার ফেরি চলাচল শুরু হয়।