পাটের অভাবে বন্ধ হয়ে গেছে অর্ধশতাধিক মিল
বাজারে পাট আছে। ছোট ও মাঝারি মিলমালিকদের কাছে তা নেই। মৌসুমে কৃষকদের কাছ থেকে যে পাট ৮০০ থেকে ১২০০ টাকায় কিনেছেন মধ্যস্বত্বভোগীরা, তা এখন ২৫০০ টাকা মণ। কিন্তু এই টাকায় পাট কিনে বস্তা বা সুতলি তৈরি করে বাজারে বিক্রি করা লাভজনক নয়। এতে বন্ধ হচ্ছে একের পর এক ছোট ও মাঝারি পাটকল। দেশের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুসারে, গত দুই মাসে দেশের অর্ধশতাধিক পাটকল বন্ধ হয়ে গেছে। আর চালু মিলগুলোর সিংহভাগেরই ৭৫ শতাংশ তাঁত বন্ধ করে রাখা হয়েছে। পাট অধিদপ্তর ও বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন বলছে, মজুদদারেরা এ সংকট তৈরি করেছে। এখনো মজুদদারদের হাতে সাত থেকে আট লাখ বেল পাট আছে। নতুন পাট আসতে এখনো চার মাস বাকি। এ সময়ে মিলগুলোর চাহিদা মাত্র তিন লাখ বেল। এই পাট ন্যায্যমূল্যে পেলেই মিলগুলো নতুন পাট বাজারে আসার আগ পর্যন্ত চলতে পারত। এদিকে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফুল মকবুল মজুদদারদের ধরতে শিগগিরই মোবাইল কোর্ট নামছে বলে জানান। তিনি বলেন, এ ব্যাপারে পদক্ষেপ নিতে পাট অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাট অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যবসায়ী দুই হাজার মণের (৪০০ বেল) বেশি পাট তিন মাসের বেশি ধরে রাখতে পারবেন না। কিন্তু এই বিধি মানা হচ্ছে না। অনেক ব্যবসায়ী আবার গুদামে না রেখে পাট কৃষকের বাড়িতে রেখেছেন বলেও জানা গেছে। মিলমালিকদের অভিযোগ, সরকারের হস্তক্ষেপের কারণে বাজার অস্থির হয়েছে এবং কাঁচাপাটের দাম বেড়েছে। এতে কৃষক ও মিলমালিক কেউই লাভবান হননি। তাঁরা আরও অভিযোগ করেন, পাকিস্তান বাংলাদেশ থেকে ৮০ টাকা দরে পাঁচ কোটি বস্তা কিনতে চেয়েছিল। কিন্তু সরকার তাতে রাজি হয়নি। গত ৭ ডিসেম্বর সরকার পাট রপ্তানি বন্ধ করে দেয়। এ সময় পাটের বাজারদর ছিল ১৫০০ টাকা মণ। এক মাস পর রপ্তানিকারকদের চাপে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু এর মধ্যেই কারসাজি করে মধ্যস্বত্বভোগীরা পাটের দাম ২৫০০ টাকায় নিয়ে যান। দাম এতটা বাড়ায় উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকায় ছোট পুঁজির কারখানাগুলো মার্চ থেকে আগস্ট মাসে মিল চালানোর জন্য পাট মজুদ করতে ব্যর্থ হয়। ফলে বন্ধ হতে থাকে একের পর এক মিল। সৈয়দপুরে পোদ্দার এগ্রোবেজড জুটমিলের মালিক রাজু পোদ্দার প্রথম আলোকে বলেন, বর্তমানে তাঁর বস্তার কারখানাটি বন্ধ। কারণ, একটা বস্তা তৈরির এক কেজি পাটের দাম ৬০ টাকা। বস্তা তৈরি করতে আরও ১৫ টাকা খরচ হয়। কিন্তু এই বস্তা কোনোভাবেই ৬০ টাকার বেশি দামে বিক্রি করা সম্ভব নয়। এ অবস্থায় মিল চালু রাখা সম্ভব হয়নি।বিগত এক দশকে আদমজীসহ রাষ্ট্রায়ত্ব খাতের বেশ কিছু পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর এসব মিলের তাঁত কিনে উত্তরবঙ্গে অনেকগুলো ছোট কারখানা গড়ে উঠেছিল। সবচেয়ে বেশি প্রসার ঘটেছে বগুড়ায়। বগুড়ার ১৪টি মিলের মধ্যে বর্তমানে ১২টি বন্ধ। প্রতিটি মিলে ৫০০-এর বেশি শ্রমিক কাজ করছে। বগুড়ার নূরানি মোড়ে ২৪টি তাঁত নিয়ে গড়ে ওঠা আজাদ টুইস্ট থ্রেড মিলস বন্ধ প্রায় দেড় মাস ধরে। মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ বলেন, কাঁচাপাটের দাম যেভাবে বেড়েছে প্রস্তুত প্রণ্যের দাম সেভাবে বাড়েনি। ফলে বেশি দামে পাট কিনে মিল চালানো সম্ভব হচ্ছে না। পাটের যা মজুদ ছিল তা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।রংপুরে জে কে জুটমিল ও কুড়িগ্রাম জুটমিল দুটির ব্যবস্থাপনা পরিচালক অরূপ দত্ত জানান, তাঁরাও মিল বন্ধ করার চিন্তাভাবনা করছেন। খুলনা জেলায় বেসরকারি খাতের ১৭টি মিলের মধ্যে বেশির ভাগের অবস্থা খারাপ। ২৯ এপ্রিল পাটের দামে ঊর্ধ্বগতি, বিদ্যুতের লোডশেডিং ও আর্থিক সংকটের কারণে খুলনার আটরা শিল্পাঞ্চলের বেসরকারি আফিল জুটমিলস্ আংশিকভাবে লে-অফ বা বন্ধ ঘোষণা করা হয়েছে। সোনালী জুটমিল তাদের উৎপাদন ৬০ শতাংশ কমিয়ে দিয়েছে। খুলনার মহসেন জুটমিল, অ্যাজাক্স জুটমিলও উৎপাদন কমিয়েছে। তিন মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রান্সওশান ফাইবার বিডি লিমিটেড নামের পাট-সুতার মিলটি। পাটসচিব মোহাম্মদ আশরাফুল মকবুল সামগ্রিক বিষয় নিয়ে বলেন, সরকার পাট খাতকে জাগিয়ে তোলার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। কোনো মিল যাতে বন্ধ না থাকে সে জন্য মন্ত্রণালয়ের উদ্যোগের ঘাটতি নেই। গত বছর পাটের উৎপাদন চাহিদার তুলনায় কম হয়েছে। সরকারি মিলগুলোর পাট কেনার যে লক্ষ্যমাত্রা ছিল তা অর্জন করা সম্ভব হয়নি। ফলে সরকারি ও বেসরকারি উভয় খাতই পাটের সংকটে পড়ে বলে তিনি জানান।দেশে বর্তমানে ১৮০টি পাটকল আছে। এর মধ্যে বর্তমানে ১২০টি মিল চালু আছে। চালু মিলগুলোর মধ্যে মাত্র ১৬টি সরকারি মালিকানায়।