পাটের আঁশ ছাড়াবে ‘রিবনার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলার মনিরামপুর উপজেলার দেলুয়াবাটি গ্রামের চাষি শুকুর আলী প্রতিবছর পাট চাষ করে বিপাকে পড়েন। পাট কাটার পর তা ঠিকমতো পচাতে পারেন না পানির কারণে। এ বছর এ সমস্যা থেকে মুক্ত হতে তিনি রিবনার প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠকর্মীরা নতুন যন্ত্রটি দিয়ে পাটের আঁশ ছাড়ানোর প্রশিক্ষণ দিয়ে গেছেন। এখন বিনা মূল্যে রিবনার হাতে পেলে মাঠ থেকে পাট কেটে তা ছাড়ানোর কাজ শুরু করবেন তিনি। রিবনার পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর কৌশল সম্পর্কে বলতে গিয়ে শুকুর আলী বলেন, অনেক দিন ধরে তিনি এমন একটি যন্ত্র খুঁজছিলেন। প্রশিক্ষণ পাওয়ায় এটি ব্যবহার করা সহজ হবে বলে মন্তব্য করেন তিনি।পাটের আঁশ ছাড়ানোর রিবন রেটিং পদ্ধতি জনপ্রিয় করার বিশেষ উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) বিজ্ঞানীদের উদ্ভাবিত রিবনার যন্ত্রটির কার্যকরতা কৃষকদের বোঝানোর জন্য সারা দেশে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রংপুর থেকে শুরু হওয়া এই কার্যক্রম দেশের পাট উৎপাদনকারী ২৮ জেলাতেই চলবে। মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।চলতি পাট মৌসুমে কৃষি মন্ত্রণালয় সারা দেশের ১৫ লাখ পাটচাষির জন্য ১৫ হাজার রিবনার বিনা মূল্যে বিতরণেরও উদ্যোগ নিয়েছে। ২৮টি পাট উৎপাদনকারী জেলার ১৭১ উপজেলায় রিবনার পৌঁছে দেওয়া হয়েছে। প্রতি জেলার ১০০ কৃষক একটি রিবনার পর্যায়ক্রমে ব্যবহার করবেন। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রথম আলোকে বলেন, গত বছর কৃষক পাট পচাতে গিয়ে পানির সংকটে পড়েছিলেন। রিবনার রেটিং পদ্ধতি ব্যবহার করলে পাটের আঁশ পচাতে পানি কম লাগবে। পাটের গুণগত মান বাড়বে। দামও ভালো পাওয়া যাবে। রিবনার ব্যবহারের পদ্ধতি: প্রচলিত পদ্ধতিতে পাটের আঁশ ছাড়ানোর ক্ষেত্রে কৃষক প্রথমে পাটগাছ কেটে তা পুকুর বা বিলের মধ্যে ডুবিয়ে রাখেন। ২০ থেকে ২৫ দিন পানিতে রাখার পর পাটগাছ থেকে হাত দিয়ে আঁশ ছাড়ানো হয়। বিল ও পুকুরে পাট পচানোর ফলে সেখানকার পানিও দূষিত হয়। আবার কম বা নোংরা পানি হলে পাটের রং কালো হয়ে মান খারাপ হয়।রিবনার দিয়ে আঁশ ছাড়াতে হলে চারা লাগানোর ১১০ দিনের মধ্যে জমি থেকে পাট কাটতে হবে। জমির এক কোনায় পাটগাছ রেখে কোনো একটি ধাতব বস্তু দিয়ে এর গোড়ার অংশ থেঁতলে দিতে হবে। তারপর রিবনার দিয়ে টান দিলেই গাছ থেকে আঁশ ছাড়িয়ে আনা যাবে।এক বিঘা জমিতে উৎপাদিত পাটগাছ থেকে ছাড়ানো আঁশ পানিতে ডোবানোর জন্য ছয় মিটার দৈর্ঘ, দুই মিটার প্রস্থ ও এক মিটার গভীরতার একটি ডোবা তৈরি করতে হয়। সেখানে আট হাজার লিটার পানি ঢেলে ৪০০ গ্রাম ইউরিয়া মেশাতে হয়। এভাবে ১২ দিন ডুবিয়ে রাখলেই আঁশগুলো পচে যাবে। এতে পাটের সোনালি রং প্রচলিত পদ্ধতির চেয়ে বেশি হবে।রিবনার পদ্ধতি সম্পর্কে বিজেআরআইয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, রিবনার রেটিং পদ্ধতিতে প্রতি কেজি পাট পচাতে মাত্র আড়াই থেকে তিন লিটার পানির প্রয়োজন হয়।জানা গেছে, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির তৈরি করা প্রতিটি রিবনার দুই হাজার টাকা করে কৃষি মন্ত্রণালয় কিনছে। তবে বেসরকারি উদ্যোগে এই যন্ত্রটি যেকোনো কারখানায় তৈরি করা যাবে। এ ক্ষেত্রে খরচ পড়বে আড়াই থেকে তিন হাজার টাকা। তবে পাট গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই যন্ত্রটিকে আরও কার্যকর করতে ও উৎপাদন খরচ কমাতে গবেষণাকাজ চালিয়ে যাচ্ছেন।