পাটের কম্বল, পাটের সোয়েটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটকে বলা হতো সোনালি আঁশ, এর অর্থকরী ভূমিকার জন্য। এখন আর সেসব দিন নেই। পাট এখন নিজেই এক বিপন্ন ফসলের নাম। তার পরও বাংলাদেশের পাট গবেষণা ইনস্টিটিউট নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাটশিল্পকে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে। আর সে লক্ষ্য নিয়েই বাণিজ্য মেলায় স্টল নিয়েছেন তারা। সেখানে বিক্রি হচ্ছে পাট থেকে তৈরি নানা ধরনের পণ্য। এর মধ্যে কয়েকটি অভিনব পণ্য নজর কেড়েছে ক্রেতাদের। পাটের সোয়েটার আর পাটের তৈরি কম্বল সেসব পণ্যের মধ্যে অন্যতম।পাটের আঁশকে যন্ত্রের মাধ্যমে ‘উলেনাইজ’ করে তা থেকে তৈরি করা হয়েছে পাটের সোয়েটার। দেখতে তাই উলের তৈরি সোয়েটারের মতো। বেশ কয়েকটি রঙে পাওয়া যায় এ সোয়েটার। দাম পড়ে ১২৫-১৫০ টাকা। সোয়েটারের পাশাপাশি আছে পাটের কম্বল। পাটের আঁশকে ‘রেজিং’ করে, তার সঙ্গে অ্যাক্রিলিক মিশিয়ে তৈরি করা হয়েছে কম্বল। এর দাম পড়বে ৫৫০-৬০০ টাকা। একটা কথা আগেই বলে নেওয়া ভালো, পাটের কম্বল কিন্তু ব্যবহার করতে হবে কভার লাগিয়ে আর সোয়েটার পরতে হবে শার্টের ওপর। নইলে গা চুলকানোর ক্ষীণ আশঙ্কা রয়েছে। তবে আরেক দিক থেকে ভাবলে এর কোনো কিছুই মনে হবে না আপনার। কেননা প্রায় ধ্বংস হতে বসা একটি দেশীয় শিল্পকে পৃষ্ঠপোষকতা করার এটা এক অভিনব সুযোগ আমাদের মতো সাধারণ মানুষের জন্য। তাই বাণিজ্য মেলায় গেলে একবারের জন্য হলেও ঘুরে আসুন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের প্যাভিলিয়নে।