পাটের জন্মরহস্য উদ্ভাবন করেছে বাংলাদেশ
পাটের জন্মরহস্য উদ্ভাবন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার অধিবেশনের শুরুতেই এ সুখবরটি জাতীয় সংসদে জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘শোক-দুঃখের পাশাপাশি আমাদের আনন্দেরও অনেক খবর থাকে। আজ সংসদে আমি সে ধরনেরই একটি আনন্দের খবর দেব। আমি মনে করি, সংসদই হলো সবচেয়ে উপযুক্ত জায়গা এ ধরনের সংবাদ দেওয়ার জন্য। কারণ, সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দেশ পরিচালনা করছেন।’প্রধানমন্ত্রী বলেন, ‘পাটের জন্মরহস্য উদ্ভাবন একটি বিশাল সাফল্য। বাংলাদেশের বঙ্গসন্তানেরাই এ অসাধারণ সাফল্য অর্জন করতে পেরেছে। ড. মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ আসামন্য গৌরবময় কাজটি করেছে। এটির আর্ন্তজাতিক মেধাস্বত্ব অধিকার বাংলাদেশ সংরক্ষণ করবে।’প্রধানমন্ত্রী বলেন, এ কাজের জন্য বাংলাদেশের নাম বিশ্বের গুটিকয়েক দেশের সঙ্গে যুক্ত হবে। এ কাজের সঙ্গে সম্পৃক্ত সবাইকে তিনি অভিনন্দন জানান। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এ অর্জনের মাধ্যমে বাংলাদেশ পাটের হারিয়ে যাওয়া গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে। সোনালী আঁশ আবার তার হারানো দিন ফিরে পাবে।’