পাটের জীবনরহস্য উন্মোচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাকসুদুল আলমের হাত ধরে পাটের জীবনরহস্য উন্মোচনের পথে যাত্রা করেছে বাংলাদেশ। সোনালি আঁশের এই নতুন স্বপ্নযাত্রার সঙ্গী হয়েছেন দেশের একঝাঁক তরুণ বিজ্ঞানী। এ পর্যন্ত বিশ্বের ১৮টি উদ্ভিদের জীবনরহস্য উন্মোচিত হয়েছে। পেঁপে, রাবার ও পাট—এই তিনটির জীবনরহস্য উন্মোচনের নেতৃত্বে ছিলেন বাংলাদেশের মাকসুদুল। এ বছর জৈব তথ্যপ্রযুক্তি খাতের এই সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন পরিচয়ে বিশ্বের দরবারে আবির্ভূত হয়েছে।মাকসুদুল আলমের নেতৃত্বে গড়ে ওঠা স্বপ্নযাত্রা নামের একটি উদ্যোগের সঙ্গে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতা যুক্ত হয়ে এসেছে এই অসামান্য সাফল্য। এই উদ্ভাবনকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে এরই মধ্যে কাজ শুরু করে দিয়েছেন মাকসুদুল ও তাঁর দল। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে গবেষণার পরবর্তী ধাপের কাজ চলছে। বাংলাদেশের আবহাওয়া ও প্রয়োজন অনুযায়ী পাটের নতুন জাত উদ্ভাবন করা তাঁদের পরবর্তী লক্ষ্য। আন্তর্জাতিক মেধাস্বত্ব নিবন্ধন কর্তৃপক্ষের কাছে (আইপিও) বাংলাদেশের নামে পাটের মেধাস্বত্ব নিবন্ধনের কাজও চলছে সমান্তরালে। মাকসুদুলের মতে, বাংলাদেশ পাটের মেধাস্বত্ব পেলে এবং আমাদের আবহাওয়া ও প্রয়োজন অনুযায়ী জাত উদ্ভাবন করা গেলে বাংলাদেশের চেহারা বদলে যাবে।