পাটের জীবনরহস্য উন্মোচন নতুন বিপ্লবের সূচনা করবে: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, ‘পাটের জীবনরহস্য (জিনোম সিকোয়েন্স) উন্মোচন পাট খাতে নতুন বিপ্লবের সূচনা করবে।’ আজ বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এ কথা বলেন।পাটের জীবনরহস্য উন্মোচনকারী গবেষক দলের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আরও বলেন, এ গবেষণার সুফল কৃষক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের সর্বোচ্চ মহল থেকে সর্বাত্মক সহায়তা দেওয়া হবে।গবেষক দলের প্রধান মাকসুদুল আলম বলেন, বাংলাদেশের উপযোগী পাটের বীজ উদ্ভাবনের জন্য এ গবেষণা নতুন দ্বার উন্মোচন করল। আগামী চার-পাঁচ বছরের মধ্যে এর সুফল কৃষক পর্যায়ে নিয়ে যাওয়া হবে। অপর গবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক হাসিনা খান বলেন, ‘এ অর্জন আমাদের তারুণ্যের বিজয়। প্রবাসী বিজ্ঞানীদের সঙ্গে এ দেশের তরুণ প্রজন্মের বিজ্ঞানীরা একত্র হয়ে যুগান্তকারী সফলতা এনেছে।’ডাটা সফটের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান তথ্যপ্রযুক্তির সঙ্গে প্রাণ রসায়ন বিজ্ঞানের সঠিক সমন্বয়ের কারণেই এ উদ্ভাবন সম্ভব হয়েছে বলে উল্লেখ করেছেন।আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল-আলম লেলিন বলেন, ‘মুসা ইব্রাহীম যেভাবে এভারেস্ট জয় করেছেন একইভাবে আমাদের তরুণ গবেষকেরা পাটের জীবনরহস্য উন্মোচন করেছেন। এ শক্তিকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বড় ধরনের অর্জন সম্ভব।’