পাটের জীবনরহস্য: মেধাস্বত্ব সংরক্ষণে সহায়তা কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওষুধশিল্প খাতকে আরও ১৫ বছরের জন্য মেধাস্বত্ব সংরক্ষণের আওতার বাইরে রাখতে বিশ্ব মেধাস্বত্ব সংরক্ষণ সংস্থার (ডব্লিউআইপিও) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশি বিজ্ঞানীদের উদ্ঘাটন করা পাটের জীবনরহস্য উন্মোচনের মেধাস্বত্ব সংরক্ষণের জন্যও সহযোগিতা চেয়েছেন।গতকাল সোমবার সকালে স্থানীয় একটি হোটেলে মেধাস্বত্ব-বিষয়ক এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোর নীতিনির্ধারকদের আঞ্চলিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, মেধাস্বত্ব সংরক্ষণ ছাড়ের সুবিধা থাকায় বাংলাদেশের ওষুধশিল্প বিকাশ লাভ করেছে। ৭০টিরও বেশি দেশে এখন ওষুধ রপ্তানি করে বাংলাদেশ। এর মধ্যে অনেক স্বল্পোন্নত দেশও রয়েছে। ওইসব দেশে প্রাথমিক স্বাস্থ্যসেবার চাহিদা পূরণে ওষুধসামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।আন্তর্জাতিকভাবে মেধাস্বত্ব সংরক্ষণের ক্ষেত্রে ছাড়ের সময়সীমা ২০১৬ সালে শেষ হওয়ার কথা। এরই পরিপ্রেক্ষিতে স্বল্পোন্নত দেশগুলোর জন্য এই ছাড়ের সময়সীমা আরও ১৫ বছর বাড়ানোর জন্য ডব্লিউআইপিওর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও ডব্লিউআইপিওর মহাপরিচালক ফ্রান্সিস গারি বক্তব্য দেন। শিল্প মন্ত্রণালয় ও ডব্লিউআইপিও দুই দিনের এ ফোরামের আয়োজন করে।বাংলাদেশের একদল বিজ্ঞানীর পাটের জীবনরহস্য উন্মোচনের সাম্প্রতিক আবিষ্কারকে বিশাল অর্জন উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই আবিষ্কারের পর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বাংলাদেশের সোনালি আঁশ তার অতীত ঐতিহ্য ফিরে পাবে।স্বল্পোন্নত দেশগুলোকে মেধাসম্পদকে আরও গভীরভাবে অনুধাবন করার ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা এসব দেশের আর্থসামাজিক উন্নয়নে এর যথাযথ ব্যবহারে উপযুক্ত সংস্থা ও জাতীয় সামর্থ্য সৃষ্টির আহ্বান জানান। তিনি বলেন, স্বল্পোন্নত দেশগুলোকে অন্যান্য দেশের সাফল্য থেকে শিক্ষা এবং তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে হবে।বৈশ্বিক উষ্ণতার বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত কর্মপরিকল্পনার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশবান্ধব প্রযুক্তির সহজলভ্যতার ওপর এসব কর্মসূচির সাফল্য নির্ভর করছে। তিনি বলেন, এসব প্রযুক্তিকে মেধাসম্পদ-ব্যবস্থার বাইরে রাখতে হবে, যাতে সেগুলো স্বল্পোন্নত দেশগুলোর নাগালের মধ্যে থাকে।প্রধানমন্ত্রী সব দেশের প্রতি উন্নয়ন কর্মসূচি যথাসম্ভব দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, মেধাসম্পদের যথাযথ ব্যবহার বিভিন্ন অঞ্চলের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে। তিনি বলেন, ‘মেধাসম্পদের বিষয়টি এখন শুধু কারিগরি ও আইনগত বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন শিক্ষা, জনস্বাস্থ্য, জাতীয় উদ্ভাবন কৌশল, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি নিরসন এবং অভিযোজন ইত্যাদি ক্ষেত্রে বিস্তৃত হয়েছে। মেধাসম্পদের যথাযথ ব্যবহার এসব ক্ষেত্রে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।’ স্বল্পোন্নত দেশগুলোতে প্রযুক্তিগত তথ্যের অবাধ প্রবেশের ক্ষেত্রে ডব্লিউআইপিওর বেসরকারি সংস্থাকে সম্পৃক্ত করার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রযুক্তিগত তথ্যের ব্যবহারে সক্ষমতা অর্জন করতে না পারলে এসব তথ্যের নিজস্ব কোনো মূল্য নেই। এ জন্য তিনি ডব্লিউআইপিওকে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সক্ষমতা অর্জন এবং আইন, সংগঠন ও নীতিগত কাঠামো তৈরি, জ্ঞানের ভিত্তি, পাচারকৃত মেধা ফিরিয়ে আনা, টেকসই গবেষণা এবং উন্নয়ন সুযোগ-সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে গৃহীত কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আন্তর্জাতিক পরিবেশ আজকে স্বল্পোন্নত দেশগুলোর জন্য সুযোগের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জ তৈরি করছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অন্যান্য লক্ষ্য অর্জনের জন্য এ ব্যবধান কাটিয়ে ওঠার ওপর তিনি জোর দেন।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক ফোরামে আইপি-সংশ্লিষ্ট বিষয়গুলোতে স্বল্পোন্নত দেশগুলোর অভিন্ন অবস্থান নেওয়া প্রয়োজন।’