পাটের দাম আবার বাড়ছে, হাটে চাষিদের ভিড়
গত কয়েক দিনের বৃষ্টির পর পাটের দাম আবারও বাড়তে শুরু করেছে। এক মাসের ব্যবধানে প্রতি মণ পাটের দাম ২০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে। পাটের প্রধান বাজার দেশের দক্ষিণ ও উত্তরাঞ্চলের হাটগুলোতে প্রতি বেল পাট বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে দুই হাজার ২০০ টাকায়। লাভের মুখ দেখায় দেশের বিভিন্ন হাটে চাষিরা পাট নিয়ে আসতে শুরু করেছেন। পাটকলগুলোও পাট কেনার পরিমাণ বাড়িয়েছে।সরকারি-বেসরকারি সংস্থাগুলো বলছে, এ বছর পাট চাষের জমির পরিমাণ প্রায় দ্বিগুণ বাড়লেও সে অনুপাতে উৎপাদন বাড়েনি। কৃষি মন্ত্রণালয় ও পাট অধিদপ্তর থেকে প্রাথমিকভাবে ৭৫ লাখ বেল পাট উৎপাদিত হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, উৎপাদন বড় জোর ৬০ থেকে ৬৫ লাখ বেল হবে।বেসরকারি মালিকেরা এই পরিস্থিতিতে কলগুলোর পাট কেনা শেষ না হওয়া পর্যন্ত কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখার দাবি জানিয়েছেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব আশরাফুল মকবুল এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় পাটের উৎপাদন ও জোগান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোনো ধরনের ঘাটতি দেখা গেলে তবেই কাঁচা পাট রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।সরকারি পাটকলগুলো চলতি বছর মানভেদে প্রতি বেল পাট এক হাজার ৬০০ থেকে দুই হাজার ১০০ টাকায় কিনছে। বেসরকারি পাটকলগুলো কিনছে বাজারদর অনুযায়ী। দেশের বৃহত্তম পাটের বাজার ফরিদপুরের কাটাইপুর, তালসাপুকুরিয়া, ভাঙ্গা, আম্বিকাপুর ও মানিকগঞ্জের হাটগুলোতে প্রতিদিনই প্রচুর পরিমাণে পাটের সরবরাহ বাড়ছে। এ ছাড়া চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মেহেরপুর, দর্শনার হাটগুলোতেও দেড় হাজার থেকে এক হাজার ৮০০ টাকা বেল দরে পাট বিক্রি হচ্ছে।বাংলাদেশ ক্ষুদ্র ব্যবসায়ী ও পাটচাষি সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ বলেন, এখন বাজারে পাটের যা দাম আছে, তা কৃষক ও ব্যবসায়ী উভয়ের জন্য লাভজনক। এর চেয়ে বাড়লে বা কমলে যেকোনো এক পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। সরকারের উচিত বর্তমান দর যাতে স্থিতিশীল থাকে, সেই উদ্যোগ নেওয়া।কৃষি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০০৮-০৯ অর্থবছরে পাটের উৎপাদন ছিল ৫২ লাখ বেল। জুলাই-আগস্টে পাট কাটার মৌসুম বৃষ্টিহীন থাকায় এবার পাট পচানো নিয়ে সমস্যা তৈরি হয়। ফলে জমির পরিমাণ ও পাটগাছের পরিমাণ বাড়লেও আঁশের পরিমাণ কম হবে। মানও খুব একটা ভালো হবে না বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কামালউদ্দিন পাটের আঁশের মান খারাপ হওয়ার কথা স্বীকার করে বলেন, পাট পচানোর পানির সংকট মোকাবিলায় সামনের বছর থেকে আরও বেশি পরিমাণে আঁশ ছাড়ানোর যন্ত্র রিবনার রেটিং দেওয়া হবে। চাহিদা-জোগানের টানাপোড়েন: এ বছর সরকারি-বেসরকারি পাটকলগুলো প্রতিটিই গত বছরের তুলনায় দুই থেকে চার লাখ বেল বেশি পাট ক্রয় এবং পাটপণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে। সবগুলো সংস্থা মিলিয়ে এ বছর মোট ৬৭ লাখ বেল পাট কিনবে।সরকারি পাটকলগুলোর সংস্থা বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) ১২ লাখ বেল, বেসরকারি পাটকলগুলোর সংগঠন বাংলাদেশ পাটপণ্য রপ্তানিকারক সমিতি (বিজেএমইএ) ১০ লাখ বেল, পাট রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজিএ) ২২ লাখ বেল, বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন ২৩ লাখ বেল এবং স্থানীয় ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠানগুলোর তিন লাখ বেল পাট কেনার পরিকল্পনা রয়েছে।বিজেএমসি সূত্রে জানা গেছে, ১৬টি সরকারি পাটকলের জন্য এ বছর তারা ২০ লাখ ৬৪ হাজার ৮৬ কুইন্টাল পাট কিনবে। গতকাল বুধবার পর্যন্ত কেনা হয়েছে সাত লাখ ৪৬ হাজার ৬৫ কুইন্টাল। এ ছাড়া পাটকলগুলোতে গত বছরের তুলনায় এক কুইন্টাল বাড়িয়ে এবার দৈনিক ৭০০ কুইন্টাল পাটজাত পণ্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।পাট কেনার জন্য অর্থ মন্ত্রণালয় বিজেএমসিকে ২০০ কোটি টাকা দিয়েছে। বিজেএমসি এ বছর ক্রয়কেন্দ্রের সংখ্যা ১০৪ থেকে বাড়িয়ে ১৩৬টি করেছে। তবে লোকবলের অভাবে ১১৬টি কেন্দ্র চালু আছে। আগামী সপ্তাহ থেকে প্রতিদিন ১০ হাজার কুইন্টাল পাট কেনা হবে।বিজেএমইএ সূত্রে জানা গেছে, বেসরকারি খাতে পরিচালিত পাটকলগুলো এবার ক্রয় লক্ষ্যমাত্রা এক লাখ বেল বাড়িয়ে ১০ লাখ করেছে। বিজেএমইএর সভাপতি নাজমুল হক প্রথম আলোকে বলেন, সরকারের উচিত আগামী ডিসেম্বর পর্যন্ত কাঁচা পাট রপ্তানি বন্ধ রাখা।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অর্থকরী ফসল বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর চার লাখ ৮০ হাজার হেক্টর জমিতে ৫০ লাখ বেল পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। মার্চ-এপ্রিল মাসে জমিতে পাট বোনার পর দেখা গেছে, আট লাখ ৩৪ হাজার হেক্টর জমিতে চাষ হয়েছে। তবে এখনো ৩০ শতাংশ পাট কাটা হয়নি।