পণ্যের মোড়ক হিসেবে পাটের তৈরি ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক হতে যাচ্ছে। সে লক্ষ্যে সংসদের চলতি অধিবেশনে ‘পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক আইন, ২০১০’ অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।নতুন আইনে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের মোড়ক হিসেবে ৭৫ শতাংশ পাট আছে এমন উপাদান দিয়ে তৈরি মোড়ক ব্যবহারের বিধান রাখা হয়েছে। বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে। প্রাথমিকভাবে খাদ্যপণ্য (চাল, গম, চিনি), সার ও বীজের মোড়ক হিসেবে পাটজাত ব্যাগের ব্যবহার বাধ্যতামূলক করা হবে। সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলোতে উৎপাদিত পণ্যের পাশাপাশি বেসরকারি খাতের ক্ষেত্রেও এ আইন কার্যকর করা হবে।বস্ত্র ও পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে উৎপাদিত পাটজাত ব্যাগের ৫ থেকে ৬ শতাংশ বর্তমানে দেশে ব্যবহূত হয়। গত ২০০৯-১০ অর্থবছরে তা ২০ শতাংশ বেড়েছে। নতুন আইনটি কার্যকর হলে দেশে উৎপাদিত পাটের ব্যাগের অর্ধেকই অর্থাৎ তিন লাখ বেল দেশীয় শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মন্ত্রণালয়।বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী এ ব্যাপারে প্রথম আলোকে জানান, আইনটি অনুমোদিত হওয়ার সঙ্গে সঙ্গে যাতে তা বাস্তবায়ন শুরু করা যায়, সে লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। খাদ্য বিভাগ ও বিসিআইসির সঙ্গে অতিরিক্ত পাটের ব্যাগ সরবরাহের ব্যাপারে আলোচনা চূড়ান্ত হয়েছে বলেও তিনি জানান।আইনে শাস্তির বিধান: প্রস্তাবিত আইন অমান্য করলে শাস্তির বিধান রাখা হয়েছে। কৃত্রিম মোড়কজাত করে তা বিক্রি, বিতরণ বা সরবরাহ করলে অনূর্ধ্ব এক বছর কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হবে। দণ্ডিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আবারও একই অপরাধ করলে শাস্তিও দ্বিগুণ করা হবে।কোনো কোম্পানি এই আইন লঙ্ঘন করলে অপরাধের সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট কোম্পানির মালিক, প্রধান নির্বাহী, পরিচালক, ব্যবস্থাপক, সচিব বা অন্য কোনো কর্মকর্তা, কর্মচারী বা প্রতিনিধিকে শাস্তি দেওয়া যাবে। এ আইনের অধীনে অপরাধের জন্য প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কারা ও অর্থদণ্ড দিতে পারবেন।আইনটি অনুমোদন হলে খুব শিগগিরই কোন কোন পণ্যের ক্ষেত্রে এ আইন কার্যকর হবে, তা নির্ধারণ করতে একটি বিধিমালা তৈরি করা হবে। বিধিমালায় তরল, বায়ুনিরোধক পণ্য এবং বিশেষ ক্ষেত্র ছাড়া বেশির ভাগ শিল্পপণ্যকে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গেছে। তবে বিধিমালা তৈরির আগেই সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে আইনটি কার্যকর করতে ইতিমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে পাট মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ ছাড়া প্রস্তাবিত আইনে পাটজাত মোড়কের ব্যবহার, বিতরণ, উৎপাদন ও সরবরাহ প্রভৃতি বিষয়ে সুপারিশ দেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের কথা বলা হয়েছে।চাহিদা-জোগানের হিসাব জরুরি: বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো খোন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, সিপিডির নিজস্ব গবেষণায়ও এমন একটি আইনের প্রয়োজনীয়তার বিষয়টি উঠে এসেছিল। তবে আইনটি বাস্তবায়নের আগে সরকারকে দেশে পাটের ব্যাগের চাহিদা ও উৎপাদনের একটি পূর্ণাঙ্গ হিসাব করতে হবে।আইনটি কার্যকর করতে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি পাট বোর্ড গঠনের প্রস্তাব দিয়ে গোলাম মোয়াজ্জেম বলেন, ‘পাটের ব্যাগের উৎপাদন খরচ হিসাব করে প্রণোদনা মূল্যসহ একটি সর্বনিম্ন মূল্য নির্ধারণ করে দেওয়া উচিত। এ ছাড়া সরকারি ও বেসরকারি পাটকলগুলোর মধ্যে কারা কত ব্যাগ সরবরাহ করবে, তাও নির্ধারণ করে দেওয়া উচিত।’বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্রে জানা গেছে, বিজেএমসির আওতাধীন পাটকলগুলো বছরে ১০ কোটি পিস পাটের ব্যাগ উৎপাদন করে। বিজেএমসির স্যাকিং ও হেসিয়ান মিলিয়ে ২০ কোটি পিস পাটের ব্যাগ তৈরির ক্ষমতা রয়েছে। আইনটি কার্যকর হলে পুরো উৎপাদনক্ষমতাকে কাজে লাগানো হবে।সূত্র জানায়, গত বছর বিজেএমসি থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বীজ প্যাকেটজাত করতে ৬৫ লাখ ব্যাগ এবং খাদ্য বিভাগ চাল ও গমের জন্য আড়াই কোটি পিস ব্যাগ কেনে। চলতি বছর বিএডিসি ৭৭ লাখ ও খাদ্য বিভাগ সাড়ে চার কোটি পিস ব্যাগ কেনার জন্য সরবরাহ আদেশ দিয়েছে।