পাটের মণ ২৫০০ টাকা কৃষকের লাভ নেই
পাটের দাম হু হু করে বাড়ছে। খুলনার বাজারে গতকাল বুধবার এক মণ পাট বিক্রি হয়েছে দুই হাজার ৫০০ থেকে দুই ৬০০ টাকায়। দুই সপ্তাহ আগে দাম ছিল দুই হাজার থেকে দুই হাজার ১০০ টাকা। সাত মাস আগে দাম ছিল এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকা। ব্যবসায়ী ও মিলের মালিকেরা বলছেন, এত দাম আর কখনোই ওঠেনি।তবে দাম বাড়লেও কৃষকের হাতে পাট নেই। তাঁরা অনেক আগেই পাট বেচে দিয়েছেন। ফলে এখন দাম যতই বাড়ুক, কৃষকের কোনো লাভ নেই।এদিকে পাটের অভাবে সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রায় ১৮০ মিলের উৎপাদন ক্ষমতার অর্ধেক তাঁত বন্ধ আছে। এপ্রিল মাসের পর নতুন পাট না ওঠা পর্যন্ত অনেক পাটকল বন্ধ রাখতে হবে, এমন আশঙ্কা প্রকাশ করেছেন মিলের মালিকেরা। খোঁজ নিয়ে জানা যায়, বাংলাদেশ পাটকল সংস্থার (বিজেএমসি) নিয়ন্ত্রণাধিক সরকারি পাটকলগুলো গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে পাটের মৌসুমে প্রতি মণ ভালো পাট কিনেছিল এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকায়। একই সময় ব্যক্তিমালিকানার পাটকল ও বড় বড় পাট ব্যবসায়ী একই পাট কিনেছিলেন প্রতি মণ এক হাজার ২৫০ থেকে এক হাজার ৩০০ টাকায়। সেই পাট মাত্র সাত মাস পর গতকাল বুধবার বিক্রি হয়েছে প্রতি মণ আড়াই হাজার টাকার ওপরে। এর ফলে বাজারে মারাত্মক অস্থিতিশীল ও অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে। পাটের উচ্চমূল্য: অনুসন্ধানে জানা গেছে, গত বছরের পাট মৌসুমে কৃষকদের কাছ থেকে স্থানীয় ফড়িয়া ও ছোট ছোট ব্যবসায়ীরা প্রতি মণ পাট কিনেছেন ৮০০ থেকে এক হাজার টাকায়। তাঁরা আবার এই পাট সরকারি ও বেসরকারি পাটকলগুলো এবং বড় বড় মজুদদারদের কাছে এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকায় বিক্রি করেছেন। এরই মধ্যে বিদেশে বাংলাদেশের পাটের ব্যাপক চাহিদা বাড়তে থাকে এবং দেশের পাট রপ্তানিকারকেরা বেশ জোরেশোরে পাট রপ্তানি করতে আগ্রহী হয়ে ওঠেন। কিন্তু পাট মন্ত্রণালয় কোনো আলোচনা ছাড়াই কাঁচা পাট রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। আবার রপ্তানিকারকদের চাপের মুখে এক মাসের মাথায় নিষেধাজ্ঞা তুলে নিয়ে মন্ত্রণালয় কিছু শর্ত জুড়ে দিয়ে পাট রপ্তানির সুযোগ দেয়। এতে অনেক রপ্তানিকারক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। সেই ক্ষতি পুষিয়ে নিতে তাঁদের গুদামে থাকা মজুদ পাট বাজারে না ছেড়ে দাম বাড়িয়ে চলেছেন।কৃষক বঞ্চিত: পাটের এই চড়া বাজারেও কৃষকেরা তেমন কোনো লাভ পাননি। কারণ গত বছরের পাট মৌসুমের উৎপাদিত সব পাটই কৃষক বিক্রি করে দিয়েছেন।খুলনার তেরখাদা উপজেলার পানতিতার পাটচাষি এস এম মফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গত বছর মোট ২০ মণ পাট উৎপাদন করি। সেপ্টেম্বরে এই পাট বিক্রি করি প্রতি মণ এক হাজার ২০০ থেকে এক হাজার ৩০০ টাকায়। এখন কোনো পাটই আমাদের হাতে নেই।’একই গ্রামের অপর পাটচাষি হারুনুর রশিদ ও ওলিয়ার রহমান শেখ বলেন, এখন পাটকলগুলো বেশি দামে পাট কিনতে পারছে। কিন্তু প্রতি মৌসুমে কৃষকদের যদি একটু দাম বাড়িয়ে দিত, তাহলে বাড়তি দামটা কৃষক পেত। এখন মজুদদাররা দ্বিগুণ লাভ করছেন।পাটের অভাবে মিল বন্ধের আশঙ্কা: বাংলাদেশ পাটকল সংস্থার নিয়ন্ত্রণে থাকা ১৮টি এবং ব্যক্তি মালিকানার ছোট-বড় ১৫৫টি পাটকলে বর্তমানে প্রতিদিন কাঁচা পাটের চাহিদা প্রায় দুই হাজার থেকে দুই হাজার ৫০০ মেট্রিক টন। বর্তমানে পাটকলগুলোতে (বিশেষ করে সরকারি পাটকল) যে পাট মজুদ আছে, তা দিয়ে চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত উৎপাদন সচল রাখা সম্ভব হবে। এর পরের তিন মাস আগামী জুলাইয়ে পাট ওঠার মৌসুম শুরু হওয়া পর্যন্ত বর্তমানের চড়া দামের পাট কিনে উৎপাদন সচল রাখতে হবে। তখন উৎপাদিত পাটজাত পণ্যের যে মূল্য পড়বে, তা বিক্রি করলে নিশ্চিত মোটা অঙ্কের লোকসান গুনতে হবে। এ কারণে ইতিমধ্যে ব্যক্তিমালিকানার কয়েকটি পাটকল বন্ধ করে দেওয়া হয়েছে।বাংলাদেশ পাট অ্যাসোসিয়েশেন (বিজেএ) সূত্রে জানা যায়, শুধু পাটের চড়া দামের কারণে খুলনার বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত সোনালী জুট মিল তাদের উৎপাদন ৬০ শতাংশ কমিয়ে দিয়েছে। এ ছাড়া খুলনার মহসেন জুট মিল, এজাক্স জুট মিল তাদের উৎপাদন কমিয়েছে। দুই মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছে ট্রান্স ওশন ফাইবার বিডি লিমিটেড নামের পাট সুতার মিলটি। খুলনার সরকারি ক্রিসেন্ট জুট মিলের প্রকল্প পরিচালক মুজিবর রহমান মল্লিক বলেন, খুলনার সরকারি সাতটি পাটকলে বর্তমানে যে মজুদ আছে, তা দিয়ে আগামী মে মাসের মাঝামাঝি পর্যন্ত উৎপাদন সচল থাকবে। বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত খুলনার আপিল জুট মিলের নির্বাহী পরিচালক শেখ আকরাম হোসেন বলেন, অস্বাভাবিকভাবে পাটের দাম বেড়েই চলেছে। সাত দিনের ব্যবধানে প্রতি মণে ৪০০ থেকে ৫০০ টাকা বেড়েছে। এ দামে পাট কিনে উৎপাদন খরচসহ উৎপাদিত পণ্যের যে দাম পড়বে, সে দামে তা বিক্রি করে খরচই উঠবে না। লোকসান গুনতে হবে।