ডিএনএ কোডকেন্দ্রিক জীবনের সূত্রপাত কয়েক বিলিয়ন বছর আগে। জীবন আমাদের দিয়েছে প্রজ্ঞা, মেধা ও বিজ্ঞান শেখার ক্ষমতা, সেই মেধা কাজে লাগিয়ে মানুষ এখন খুঁজে নিয়েছে জিনোমের নকশা। যদিও ডিএনএভিত্তিক জীবন কয়েক বিলিয়ন বছর পুরোনো, তবুও ব্যাপারটা মানুষ প্রথম বুঝতে পারল। গত শতাব্দীর পঞ্চাশের দশকে, মোটামুটি এমন সময়ে যখন আমাদের দেশে চলছে ভাষার আন্দোলন। ওয়াটসন আর ক্রিকের গবেষণায় প্রকাশিত হলো ডিএনএর রূপ, যাকে কিনা বলা যায় জীবন গঠনের নকশা। আর এই নকশা একটা পুস্তকের মতো পড়ে ফেলার প্রযুক্তি আবিষ্কৃত হলো সত্তরের দশকে। আমরা স্বাধীনতা পেলাম মোটামুটি এমন সময়ে। ১৯৭৯ সালে যখন আমি আমেরিকায় গেলাম, তখন এই বিজ্ঞানের শৈশবকাল। আমার পিএইচডি গবেষণার সময় তখনকার নতুন আবিষ্কৃত গিলবার্ট আর স্যাঙ্গারের সংজ্ঞার সিকোয়েন্সিংয়ের মাধ্যমে অতি ক্ষুদ্র আকারের ডিএনএর খোঁজ পাওয়া যেত। একটা প্রাণের পুরো জিনোম সিকোয়েন্স ছিল কল্পনারও বাইরে।তার পর থেকে প্রতি দশকেই এই বিজ্ঞান অগ্রসর হয়েছে। নব্বইয়ের দশকের শেষে এমনকি মানুষের জিনোম ও সিকোয়েন্স করা হয়েছে। ২০০৫ সালে ম্যানিলায় ধানের এক আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে দেখলাম, ধানের পুরো জিনোম প্রকাশিত হয়েছে। কিন্তু ধানের দেশ বাংলাদেশের সেখানে কোনো স্থান নেই, ভূমিকা নেই। দেখে মনটা মুষড়ে পড়ল। এমন এক সময় ছিল, যখন বিজ্ঞানেই ছিল বাঙালি অগ্রগামী। সেই ঊনবিংশ শতাব্দীতে গাছের জীবন আছে—এমন একটা ধারণা নিয়ে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু হইচই ফেলে দিয়েছিলেন সারা পৃথিবীতে। ম্যানিলায় সেদিন আমার মনে হয়েছিল, এমন কিছু কি এখন আর আমাদের করার নেই, যা সারা পৃথিবীতে, অন্তত বায়োসায়েন্সের ক্ষেত্রে আমাদের মাথা উঁচু করে দেবে। তখন হঠাৎ করেই পাটের কথা মনে আসে। পাট তো আমাদের সোনার বাংলার প্রতীক। যার কথা স্মরণ করিয়ে দিয়ে একসময় বঙ্গবন্ধু বলেছিলেন, ‘সোনার বাংলা শ্মশান কেন?’ আর কে না জানে, পাকিস্তান আমলেই পাট ছিল অর্থনীতির বুনিয়াদ। এমন কি হতে পারে না যে পাটের জিনোম উন্মোচনের মাধ্যমে আমরা আবার ফিরিয়ে আনতে পারব সেই অতীতের স্বর্ণযুগ?২০০৫-০৭ দুই বছর আমি ও আমার বিজ্ঞানের সহযোগীরা পাটের জিনোমের উন্মোচন নিয়ে অনেক কথাবার্তা বলেছি। আমি দেশে ও বিদেশে বিজ্ঞানী অথবা অন্যান্য প্রবাসীর গ্রুপে বলেছি, চলুন, এই কাজটা আমরা যেভাবে হোক করি। ৪-৫-৪ বলে এক আমেরিকান কোম্পানি, যারা ডিএনএ সিকোয়েন্স করে, আমরা তাদেরও শরণাপন্ন হয়েছি। আমি বাংলাদেশের তাবৎ প্রবাসী বিজ্ঞানীকে বলেছিলাম, প্রত্যেকে এক হাজার ডলার দেন। চলুন, আমরা সবার আগে পাটের জিনোম সিকোয়েন্স করে ফেলি। বাংলাদেশের তৎকালীন অনেক নেতা, আমলা ও রাজনীতিবিদেরও আমি শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু কেউই এ কাজের জন্য দ্রুত এগিয়ে আসেননি। যদিও মুখে মুখে অনেক সুন্দর কথা বলেছিলেন।আমরা সবাই আজ জানি, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে এসেছেন। সর্বপ্রকার সাহায্য দিয়ে কাজটা শেষ করার দিকে আমাদের সবাইকে এগিয়ে নিয়েছেন। আর এ কাজে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে চলেছেন আমাদের সবার গর্ব বাংলাদেশের বিজ্ঞানী মাকসুদুল আলম। যখন সিকোয়েন্সের কাজটা শেষ হয়েছে আমাদের, সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজ নিয়ে ঘোষণা দিয়েছেন, যা আমাদের বিজ্ঞানের ইতিহাসে অভূতপূর্ব ঘটনা। রাজনীতির মতবাদ যা-ই হোক না কেন, এই বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা আমরা নিশ্চয়ই করব। এ কাজের এখন অনেক কিছু বাকি। ফাংশনাল জিনোমিকসের মাধ্যমে আমাদের এখন তৈরি করতে হবে ভিন্ন ভিন্ন জাতের গুণাবলিসমৃদ্ধ পাট, যার কাজ এখন চলছে। বহুদিন ধরে বাংলাদেশের একদল বিজ্ঞানী এ কাজে নিবেদিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম অধ্যাপক আহমেদ শামসুল ইসলাম, ড. হাসিনা খান, অধ্যাপক জেবা ইসলাম সিরাজ, ডা. রাখহরি সরকার প্রমুখ। তাঁদের কাজের পটভূমিকায় মাকসুদুল আলমের বিরাট সাফল্য। আর নেপথ্যে থেকে ভূমিকা রেখেছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, মুনীর হাসান, ডেটাসফটের মাহবুব জামান ও তাঁর সহকর্মীরা।গত ৪০ বছরের স্বাধীন বাংলাদেশে বিজ্ঞানের ক্ষেত্রে নিঃসন্দেহে এটা আমাদের শ্রেষ্ঠতম অর্জন। আগামী দিনে এ কাজের সফল সমাপ্তি, আধুনিক বিজ্ঞানে আমাদের দেশ পদচিহ্ন রাখবেই, যার ফল হবে সুদূরপ্রসারী। আমরা যারা দেশকে ভালোবাসি, ভালোবাসি বিজ্ঞানকে, আমরা এ কাজের সফলতা কামনা করি। আর ধন্যবাদ জানাই সেসব মানুষকে, বিশেষ করে মাকসুদকে, যাঁরা এই বিশাল কাজ করে আমাদের কৃতজ্ঞ করেছেন। সঙ্গে সঙ্গে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, বিজ্ঞানের এত বড় পৃষ্ঠপোষক হওয়ার জন্য। বিজ্ঞানে বাংলাদেশের জয় হোক।আবেদ চৌধুরী: জিন বিজ্ঞানী