পাঠক ও আমাদের আলোকচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোনটা এখন সিডরের হাতে। তিন বছর আগে বিধ্বংসী ঘূর্ণিঝড় সিডরের ভয়াল রাতে মায়ের কোলে এসেছিল ছেলেটি। সে জন্য ওর নাম রাখা হয়েছিল সিডর।আমার বুক তখন কাঁপছে। মনে বাজছে সেই দিনের সুর, যেদিন মায়ের কোলে সিডরের ছবিটি তুলেছিলাম। এইটুকু এক বাচ্চা, তার মুখে হাসি! সে এখন আমার সঙ্গে কথা বলবে!বললাম, ‘কেমন আছ?’‘ভালো আছি। তুমি কবে আসবে?’ আগ্রহ নিয়ে বলল সিডর। আমার মন ভরে গেল। আর কটা দিন পরে, ১৫ নভেম্বর, সিডরের জন্মদিন। ওর কথা মনে হতেই ফোন করেছিলাম। একটি ছবি ওর সঙ্গে বেঁধে দিয়েছে আমাকে।প্রতিদিন অনেক ছবি তুলতে হয় আমাদের। এর মধ্যে কিছু কিছু ছবি মনে ঝড় তোলে। ঘটনাগুলো মনের মধ্যে থেকে যায়। এর মধ্যে কোনোটি সুখের, কোনোটি বেদনার।একুশে আগস্ট গ্রেনেড হামলায় আহত মাহবুবা আপার কথা মনে হয়। সেদিন তাঁর ছবিটি যখন তুলছি, তখন দেহে প্রাণ আছে কি না, তা নিয়ে ছিল সংশয়। তিনি বেঁচে উঠেছেন, কিন্তু শরীরে অসংখ্য স্প্লিন্টার নিয়ে যাপন করছেন কঠিন জীবন। সুস্থ হওয়ার পর থেকে মাঝে মাঝে কথা বলেন। আমাকে ‘ভাই’ ছাড়া কথা বলেন না।উখিয়া বেগম। বন্যার সময় ঘরবাড়ি হারিয়ে ভাঙা রাস্তার ওপর বসে ছিলেন। নির্বাক। চোখে পানি। বন্যার পরে পাঠকের সহযোগিতায় পেয়েছিলেন নতুন ঘর।গত ১২ বছরে প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিকদের প্রত্যেককে ক্যামেরার ভেতর দিয়ে কত রকম দৃশ্যেরই না মুখোমুখি হতে হয়েছে! আজকের বিরাট ঘটনা পরের দিন বাসি। ছুটতে হয় নতুন ঘটনার দিকে, নতুন দৃশ্যের দিকে। কিন্তু আমরা পেছনে যা কিছু ফেলে আসি, সব কি একেবারেই ফেলে আসি? অভিজ্ঞতা বলছে, না। থাকে স্মৃতি, থাকে সম্পর্ক। হয়তো বেশি নয়; কিন্তু যেটুকু থাকে, তার তীব্রতা ও গভীরতা অনেক বেশি।একটা ছবি যখন ছাপা হয়, পত্রিকার মাধ্যমে লাখো পাঠকের সঙ্গে তৈরি হয় নতুন সম্পর্ক।শুরুতেই প্রথম আলো সিদ্ধান্ত নিয়েছিল বীভৎস, রক্তাক্ত, ভয়ানক ছবি ছাপানো হবে না। কিন্তু অন্যরা তো ছাপবে। ভবেছিলাম, সিদ্ধান্তটা কি ঠিক হলো? আনন্দের কথা, অন্য অনেক পত্রিকাও এখন আর এ ধরনের ছবি ছাপে না।আমরা সেদিনের আশায় আছি, যেদিন আমাদের আর রক্তাক্ত ও ধ্বংসের দৃশ্যেরই মুখোমুখি হতে হবে না। তখন আমরা মানুষের আনন্দময় মুখের ছবি তুলব, গর্বিত মায়ের ছবি তুলব আর তুলব শস্যে-সৌন্দর্যে সমৃদ্ধ বাংলাদেশের ছবি।