পাঠক ও আমার ব্যঙ্গচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি দৈনিক পত্রিকার এক যুগ খুব বেশি না, কিন্তু এই এক যুগটা তখনই তাৎপর্যপূর্ণ মনে হয়, যখন ভাবি যে এর সঙ্গে আমি জন্মলগ্ন থেকেই আছি। আমি আছি কার্টুনিস্ট হিসেবে। আমার কিন্তু প্রথম আলোর আইডি কার্ড নেই, যখন কোনো ফ্লোরে দরজা খুলতে হয়, তখন রিসিপশনিস্ট বা সিকিউরিটি গার্ডের সহায়তা লাগে। কখনো এমনও হয়, আমাকে সিকিউরিটি গার্ড চিনতে না পেরে বলে, ‘কোথায় যাবেন? কার কাছে যাবেন?’ আমি বলি, ‘আমি শিশির, ওই যে মাঝেমধ্যে কার্টুন দেখেন না!’ হয়তো তখনই কেউ বলে ওঠে, ‘আরে শিশিরদা! কখন এলেন?’ আমার প্রথম আলোর ‘প্রেস’ লেখা গাড়ি নেই বলে অনেকে খোঁটা দেয়। আমি বলি, গাড়ি পেতে হলে আমার বিশ্ববিদ্যালয়ের মাস্টারি ছাড়তে হবে। হয়তো অনেকে ভাবতে পারেন, প্রথম আলোর সঙ্গে আমার খুব মধুর সম্পর্ক। মোটেও না। খোদ সম্পাদকের কাছে আমার প্রসঙ্গ তুললেই বুঝতে পারবেন, কেমন ফাঁকিবাজ আমি। কথাটা সত্যি, ইদানীং কার্টুন বা ব্যঙ্গচিত্র কম হয়...আমার জন্যই। আমিও একদম নিরুপায় না হলে তাঁর সামনাসামনি হই না। কেমন যেন একটা সম্পর্ক। আমার কোনো কাজ পছন্দ হলে সম্পাদক সুমনা শারমীনকে বলেন, শিশিরকে তাঁর হয়ে একটা ধন্যবাদ দিতে। তাঁর কোনো আবদার থাকলে সুমনা শারমীন, সাজ্জাদ শরিফ বা আনিসুল হককে দায়িত্ব দেন কাজটা করার জন্য। আমিও মজা পাই। সম্প্রতি প্রথম আলোর সম্পাদক আমার হাত ধরে বিভিন্ন খোপে ঘুরছিলেন দেখে সবাই বড় বড় চোখে তাকিয়েছিলেন। আসলে তাঁর সঙ্গে সম্পর্ক তো সেই একতা পত্রিকা থেকে। আমার মেয়ে শ্রাবন্তীও তাঁকে ‘মতি ভাই’ই ডাকে। আশ্চর্য ক্ষমতার মানুষ এবং সম্পাদক তিনি। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি, শিখছি। উত্তেজনার বশে কিছু ব্যঙ্গচিত্র করেছি, সম্পাদক তা ছাপেননি, মন খারাপ হয়েছে। পরে বুঝেছি—আমার ওভাবে করাটা সময়োপযোগী হয়নি। কার্টুন করতে আসলে বার্তা সম্পাদকের সঙ্গেই আমার যোগাযোগ। উনিও ক্ষিপ্ত আমার ওপর। চমৎকার রসবোধ তাঁর, তাঁর আইডিয়া ভিত্তি করে বেশ কিছু কার্টুনও করেছি। আমাকে প্রায়ই বলেন, ‘আমাকে আঁকা শিখিয়ে দেন, আপনাকে আর বিরক্তি করব না।’যা হোক, গল্প অনেক, প্রথম আলো একটা পরিবার, আমিও তার একজন। এখানে কজন আছেন, যাঁদের সঙ্গে আমার সম্পর্ক অত্যন্ত গভীর। এখানে যদি কোনো দিন কার্টুন বন্ধ করি, তবে সিদ্ধান্ত হবে আর কার্টুনই আঁকব না—এমন ধরনের। একটু মন খারাপ হয়ে যায় তখনই, যখন অতীতের অনেক ব্যঙ্গচিত্র চরিত্র (রাজনৈতিক) আজ বেঁচে নেই। মনে আছে, বিএনপির একচ্ছত্র অর্থমন্ত্রী সাইফুর রহমান, যিনি তাঁকে নিয়ে করা ব্যঙ্গচিত্র উপভোগ করতেন, অন্যকেও দেখাতেন, যদিও একবার খেপে ছিলেন। তিনি আজ নেই। নেই আওয়ামী লীগের অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, মেয়র মোহাম্মদ হানিফ, বিএনপির আবদুল মান্নান ভূঁইয়া—এমন অনেক, যাঁদের নিয়ে করা ব্যঙ্গচিত্রগুলো দেখলে মন খারাপ হয়ে যায় এখন। আসলে তখনই কার্টুন এঁকে মজা পাওয়া যায়, যখন যাঁকে নিয়ে কার্টুন তিনিও মনোযোগ দিয়ে দেখেন এবং উপভোগ করেন...সমালোচনাকে গ্রহণ করেন, অযথা ক্ষিপ্ত হন না। কার্টুনের ভাষাটাই তির্যক, ব্যঙ্গাত্মক, হাস্যরসাত্মক কিন্তু তার মধ্যেই অনেক সমালোচনা বা কথা। মনে আছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর তাঁর দপ্তরের মাধ্যমে পত্রিকা অফিসে তাঁর একটি ফটোগ্রাফ পাঠিয়ে অনুরোধ করলেন...তাঁর যাবতীয় সংবাদে কার্টুন চেহারা না দিয়ে যেন সেই ফটোগ্রাফ ছাপা হয়।...ঘটনাক্রমে তাঁকে নিয়ে কার্টুন করাটাও একসময় পত্রিকার জন্য বিব্রতকর অবস্থায় পৌঁছেছিল। সে সময় বাবরকে এঁকেছিলাম পেছন দিক থেকে। হয়তো অনেকেই জানেন না—সে সময়ই গভীর রাতে পত্রিকা ছাপার আগে ব্যঙ্গচিত্রে বাবরের হাফপ্যান্টকে ফুলপ্যান্ট বানিয়ে দেওয়া হয়েছিল।...এমনও হয়েছে, মফস্বলে ব্যঙ্গচিত্র চলে গিয়ে সিটি এডিশনে তাকে বাদ দিতে হয়েছে, যদিও সেটা এক-দুবার। একটা পুরোনো গল্প আছে, বিখ্যাত ব্রিটিশ কার্টুনিস্ট ডেভিড লো এক সপ্তাহ চার্চিলের কোনো ব্যঙ্গচিত্র না করায় চার্চিল মন খারাপ করে বলেছিলেন, ‘আমি কি এই এক সপ্তাহ কোনো ভুলই করিনি? লো কার্টুন করল না কেন?’ এই হচ্ছে প্রধানমন্ত্রী ও কার্টুনিস্টের সম্পর্ক। ব্যঙ্গচিত্র এঁকে অনেক ধরনেরই অভিজ্ঞতা হয়েছে এবং এখনো হচ্ছে। এখন যেমন মাথার ওপর ঝুলছে কোটি টাকার মানহানির মামলা। আমি আমার জমানো তহবিলের হিসাব করি আর ভাবি, যিনি মামলা করেছেন, তিনি অন্তত এটা ভেবেছেন যে আমিও একজন কোটি টাকার মালিক। এটাই তৃপ্তি। আমাদের জাতীয় সংসদেও আমার অত্যন্ত শ্রদ্ধার ও পছন্দের ব্যক্তি যখন আমার ব্যঙ্গচিত্রে ক্ষিপ্ত হন, তখন দমে যাই। ভাবি, ভুল আমি করছি, না অন্য কেউ? সাবলীল মুক্তচিন্তায় স্বাধীনভাবে রাজনৈতিক ব্যঙ্গচিত্র আঁকতে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ জরুরি, রাজনৈতিক ব্যক্তিদের সরকারের সমালোচনা সহ্য করার সহনশীলতাও গুরুত্বপূর্ণ।কার্টুনে সঠিক সমালোচনা যেমন বিনোদনের, তেমনি তা পাঠককে সচেতন করারও ক্ষমতা রাখে। যা করছি প্রথম আলোর মাধ্যমেই করছি। আশা রাখি, কার্টুনপ্রিয় পাঠকদের মন রক্ষা করতে চেষ্টা করে যাব।