পাঠকের প্রশ্ন, আইনজীবীর উত্তর
গণপিটুনি অপরাধের শাস্তি কী?প্রশ্ন: আমরা কয়েক দিন আগে আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্রের হত্যাকাণ্ড দেখেছি। আবার নোয়াখালীতে পুলিশের আদেশে মিলনকে গণপিটুনিতে মেরে ফেলা হয়েছে। প্রায়ই দেখা যায়, ছিনতাইকারী সন্দেহে কিংবা নানা অজুহাতে এমন গণপিটুনিতে মানুষ মারা হচ্ছে। কিন্তু এই গণপিটুনি আইনের চোখে কতটা অপরাধ? এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কি না, আমাদের প্রচলিত আইন কী বলে? বিস্তারিত জানালে উপকৃত হব।আরিফ সাদেকীন, খুলনাউত্তর: যেকোনো হত্যাকাণ্ডই ঘৃণিত ও জঘন্য অপরাধ এবং ফৌজদারি আইনে সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ। সম্প্রতি আমিনবাজার, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে গণপিটুনিতে যে মানুষ হত্যার প্রবণতা দেখা গেছে, তা রীতিমতো ভয়াবহ এবং সামাজিক ও রাষ্ট্রীয় অসুস্থতার লক্ষণ। হত্যাকাণ্ড তা যেকোনোভাবেই এবং যার বা যাদের দিয়েই সংঘটিত হোক না কেন, তা ফৌজদারি আইনে বিচারযোগ্য।আমিনবাজার হত্যাকাণ্ড এবং সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ শাস্তিযোগ্য অপরাধ। হত্যাকাণ্ডের অপরাধটি দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় আমলযোগ্য ও বিচার্য এবং সেখানে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারীরাও সমান অপরাধী, তা তারা যে-ই হোক না কেন এবং সংখ্যা যা-ই হোক। একই সঙ্গে বলা দরকার, পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়টি তাদের বিভাগীয় তদন্ত ও শাস্তির আওতাধীন।নোয়াখালীর হত্যাকাণ্ডে পুলিশের অংশগ্রহণের অভিযোগ পাওয়া গেছে, যা খুবই আতঙ্কজনক। কেননা, কোনোভাবেই কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয়। সবচেয়ে ঘৃণ্য অপরাধীরও বিচার পাওয়ার অধিকার আছে। নোয়াখালী হত্যাকাণ্ডে পুলিশের যেসব সদস্যের বিরুদ্ধে সম্পৃক্ততার অভিযোগ আছে, তাঁরা অন্য হত্যাকারীদের সঙ্গে সমানভাবে দায়ী হবেন এবং অপরাধ ফৌজদারি আইনে বিচার্য হবে। পুলিশের সদস্য বলে ফৌজদারি বিচারের আওতাবহির্ভূত থাকার সুযোগ নেই। সাধারণ তদন্তের পর প্রকাশ্য আদালতে অভিযুক্ত অন্য ব্যক্তিদের সঙ্গেই তাঁদের বিচার হবে। উপরন্তু, পুলিশের বিভাগীয় শাস্তিও তাঁদের ওপর বর্তাবে।কাজী জাহেদ ইকবালআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট।স্বামীর দৈহিক ও মানসিক নির্যাতনের প্রতিকার কীভাবে পাব?প্রশ্ন: আমার বয়স ২৬। বিয়ে হয়েছে প্রায় তিন বছর। ভালোবেসে নিজের পছন্দে বিয়ে করি। আমার স্বামী আমার চেয়ে প্রায় ছয় বছরের বড়। তাঁকে বিয়ে করার পর থেকে তিনি আমার মা-বাবার সঙ্গে যোগাযোগ করতে বাধা দিয়েছেন। আমি তাঁর কোনো কথার অবাধ্য হলে প্রায়ই আমাকে গালাগাল করেন এবং আমার গায়ে হাত তোলেন। আমি ইতিমধ্যে দুবার গর্ভবতী হলে তিনি আমাকে এমআর করে বাচ্চা নষ্ট করতে বাধ্য করেন। এতে আমার প্রজনন স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। মাঝেমধ্যে আমার ইচ্ছা না থাকলেও আমাকে শারীরিক মেলামেশায় বাধ্য করেন। তাঁর এত সব নির্যাতন সত্ত্বেও আমি সব মেনে নিয়ে তাঁর সংসার করছি। কিন্তু আমি আর এ নির্যাতন সহ্য করতে পারছি না। আমি আমার স্বামীকে প্রচণ্ড ভালোবাসি, তাঁকে ত্যাগ করতে চাচ্ছি না। এমতাবস্থায় এসব নির্যাতন থেকে রেহাই পেতে আমার স্বামীর বিরুদ্ধে আমি কি কোনো আইনি ব্যবস্থা নিতে পারি?নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা।উত্তর: পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন ২০১০-এ আপনি আদালতে আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করতে পারেন। আপনার যদি মনে হয়, আপনার স্বামী আপনাকে দৈহিক, মানসিক ও যৌন নির্যাতন করেন, তবে এ আইনের আলোকে আপনি মামলা করতে পারেন। এ আইনের সুরক্ষা আদেশ বা এর কোনো শর্ত লঙ্ঘন করলে তা অপরাধ হিসাবে গণ্য হবে। এ জন্য তিনি অনধিক ছয় মাসের কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন এবং অপরাধ পুনরাবৃত্তির ক্ষেত্রে তিনি অনধিক দুই বছরের কারাদণ্ড বা অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।ফাওজিয়া করিমআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সদস্য, বাংলাদেশ মানবাধিকার কমিশন