পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের ভরণপোষণ চাইব কীভাবে?পারিবারিক পছন্দে আমাদের বিয়ে হয় প্রায় ১০ বছর আগে। কিন্তু কয়েক বছর পর আমি জানতে পারি, আমার স্বামীর চরিত্র ভালো না। আবার মাঝেমধ্যে রাতে নেশা করে বাড়ি ফিরে আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। পরে এসব কারণে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। অনেক কষ্ট করে দেনমোহরের কিছু টাকা আদায় করতে পারলেও আমার ছেলের ভরণপোষণের কোনো খরচ সে দিচ্ছে না। আমার ছেলের বয়স এখন পাঁচ বছর। এ অবস্থায় আমি কি আমার সন্তানের ভরণপোষণের খরচ পেতে পারি? ভরণপোষণের খরচ যদি দেওয়াও হয়, তাহলে আমার ছেলের কত বয়স পর্যন্ত আমি পেতে পারি? রাবু, বরিশাল।পরামর্শ: অবশ্যই আপনি আপনার সন্তানের ভরণপোষণের খরচ পাবেন আপনার সাবেক স্বামীর কাছ থেকে। যত দিন পর্যন্ত আপনার ছেলে নিজে সাবালক না হবে এবং উপার্জন করতে না পারবে কিংবা সক্ষম না হবে কোনো কাজ করার, তত দিন পর্যন্ত তার ভরণপোষণের খরচ তার বাবাকে দিতে হবে। সে ক্ষেত্রে তিনি যদি ভরণপোষণের খরচ দিতে না চান, তাহলে তাঁর বিরুদ্ধে মামলা করতে পারেন পারিবারিক আদালতে। আইন অনুযায়ী সাত বছর পর্যন্ত ছেলেসন্তান মায়ের কাছে থাকবে। তবে আদালতে প্রতিকার চাইলে আদালত সন্তানের কল্যাণের কথা বিবেচনা করে সাত বছর বয়সের পরও মায়ের কাছে থাকার আদেশ দিতে পারেন।অবৈধভাবে কিডনি বিক্রির শাস্তি কী?সম্প্রতি জয়পুরহাটে কিডনি ও যকৃৎ নিয়ে বাণিজ্যের ঘটনা প্রকাশিত হয়েছে। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কীভাবে এই বাণিজ্য চলছে তা এক রহস্য। এই ফাঁদে সুস্থ ও স্বাভাবিক মানুষ মৃত্যুর ঝুঁকি নিচ্ছে। দরিদ্র মানুষগুলো পড়ছে প্রতারণার ফাঁদে। আর বাণিজ্যের সঙ্গে যারা জড়িত, তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। কিন্তু এই বাণিজ্য বন্ধে কী আইনকানুন রয়েছে, তা আমরা সাধারণ মানুষ জানি না। আমি মনে করি, গণমাধ্যমগুলো এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা বাড়াতে পারে। আমি প্রথম আলোর আইন অধিকার পাতার মাধ্যমে মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনসংক্রান্ত কী আইন রয়েছে, তা জানতে চাই। এ আইনে কী বিধান রয়েছে, শাস্তির পরিমাণ কী, বিস্তারিত জানতে চাই।আশরাফুল ইসলাম, কুমিল্লাপরামর্শ: বাংলাদেশের উত্তরাঞ্চলের জয়পুরহাট জেলার কিছু মানুষের ব্যবসায়িক ভিত্তিতে কিডনি বিক্রির ঘটনা প্রকাশিত হওয়ায় দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংবাদপত্র সূত্রে জানা যাচ্ছে, বেশ কিছু ব্যক্তি, যারা এই বাণিজ্যের সঙ্গে জড়িত, তারা গ্রেপ্তারও হয়েছে। কিন্তু ভয়ংকর বিষয় হলো, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের স্বীকারোক্তি থেকে দেখা যাচ্ছে, এই ভয়ংকর কাজের সঙ্গে দেশের নামীদামি চিকিৎ সাপ্রতিষ্ঠান এবং চিকিৎ সকেরা জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, কিডনি বা শরীরের অন্য কোনো অঙ্গ প্রতিস্থাপন যেহেতু মানুষের জীবন রক্ষার সঙ্গে সম্পৃক্ত, তাই এর আইনগত দিকটি বিশেষভাবে লক্ষ করা প্রয়োজন। কেননা, আইনানুগভাবে অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ বিদ্যমান। তবে এর মানে এই নয় যে, যখন-তখন কিডনি বা যেকোনো অঙ্গ প্রতিস্থাপন করা যাবে। ১৯৯৯ সালের ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন আইন’ অনুসারে একজন অসুস্থ মানুষকে অন্য ব্যক্তি আইনে নির্ধারিত পদ্ধতিতে সংযোজনযোগ্য অঙ্গ-প্রত্যঙ্গ দান করতে পারবেন। এ আইনের ২ নম্বর ধারায় পরিষ্কারভাবে সংজ্ঞায়িত হয়েছে যে এই দান মূলত আত্মীয়স্বজনের মধ্য থেকে হবে। বিষয়টি ৩ নম্বর ধারায়ও বলা হয়েছে এবং ওই ধারায় অসুস্থ লোকের কাছ থেকে অঙ্গ গ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। ৪ নম্বর ধারা অনুসারে, মৃত ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন করা যাবে উইল অনুসারে। মৃত ব্যক্তির আইনানুগ উত্তরাধিকারের লিখিত অনুমতি অনুসারে বা মৃত ব্যক্তির দেহের দাবিদার না থাকলে প্রশাসনিক সিদ্ধান্ত অনুসারে ৬ নম্বর ধারা অনুসারে দাতা-গ্রহীতার যোগ্যতার কথা বলা হয়েছে। এই আইনে এটা স্পষ্ট, অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপন সরকার অনুমোদিত মেডিকেল বোর্ড কর্তৃক অনুমোদিত হতে হবে। এই আইনের ৯ নম্বর ধারা অনুসারে, অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয়, গ্রহণ, বিজ্ঞাপন বা প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ব্যক্তি এই আইন ভঙ্গ করলে তার সর্বোচ্চ সাত বছর এবং সর্বনিম্ন তিন বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে অথবা অন্যূন তিন লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড হতে পারে। এখানে উল্লেখ্য, ফৌজদারি কার্যবিধি অনুসারে এ অপরাধের বিচারপ্রক্রিয়া সম্পন্ন হবে। সুতরাং এটি স্পষ্ট যে কিডনি বা যেকোনো অঙ্গ-প্রত্যঙ্গ ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বেআইনি ও শাস্তিযোগ্য অপরাধ।কাজী জাহেদ ইকবাল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট অযথা মামলা বিলম্ব করার বিরুদ্ধে প্রতিকার কী?মামলার প্রথম পক্ষ, বিবাদী বা দ্বিতীয় পক্ষের সৎ ভাই হন। বিরোধীয় জমি মামলার বাদী বা প্রথম পক্ষের ও বিবাদী বা দ্বিতীয় পক্ষের উভয়ের মৃত বাবার স্বত্বদখলীয় জমি ছিল। ওয়ারিশ ও খরিদ সূত্রে বিবাদী বা দ্বিতীয় পক্ষের স্বত্বদখলীয় জমি হয়। তাদের পক্ষে নামজারি খতিয়ানও প্রচার আছে। ইতিপূর্বে তাদের ওয়ারিশসূত্রে প্রাপ্ত জমি প্রায় বিক্রি করে দিয়েছে। তবে আরও দাবি করে বিবাদী বা দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে দেওয়ানি আদালতে মামলা দায়ের করেছে। এক সঙ্গে ওই ফৌজদারি মামলা দায়ের করে। ২০০৬-০৭ সালে ফৌজদারি কার্যবিধি ১৪৫ ধারামতে মামলা জারি হওয়ার পর সহকারী কমিশনার (ভূমি) রিসিভার নিয়োগ করা হয়।এ মামলায় সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন আদালত। বিবাদী বা দ্বিতীয় পক্ষের আবেদন ও নিবেদনে আদালতে কোনোভাবে প্রথম পক্ষের একজনের সাক্ষী গ্রহণ করতে সক্ষম হয়। অবশিষ্ট সাক্ষীর জন্য প্রথম পক্ষ বারবার সময় প্রার্থনা করছে। এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, আদালতের ধার্য তারিখে ম্যাজিস্ট্রেট যখন অনুপস্থিত থাকেন তখন চালাক-চতুর প্রথম পক্ষ একজন বা দুজনের সাক্ষীসহ হাজিরা প্রদান করে। আবার আদালতে ম্যাজিস্ট্রেটের অনুপস্থিতির কারণে অনেক ধার্য তারিখ চলে যাওয়ার পরবর্তী ধার্য তারিখে ম্যাজিস্ট্রেট যখন অনুপস্থিত থাকেন তখন প্রথম পক্ষ সাক্ষীর জন্য সময় প্রার্থনা করে। আর মামলা সাক্ষীর জন্য ধার্য হতে থাকে বারবার। এভাবেই মামলার কার্যক্রম হয়ে আসছে। বস্তুত পক্ষে মামলার প্রথম পক্ষের ক্রোকাবদ্ধ জমিতে ক্রোকাবদ্ধের আগে কোনো প্রকার প্রথম পক্ষ তফসিলোক্ত জমি নিজেদের স্বত্বদখলি জমি দাবি করে ওই মামলা করেছে। তা যথার্থতা প্রমাণ করে মামলা দ্রুত নিষ্পত্তি করা প্রথম পক্ষের আইনত বাধ্যবাধকতা রয়েছে নয় কি? উল্লিখিত আইনত বাধ্যবাধকতা না থাকার সুযোগে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করে অন্যায় চাপ সৃষ্টি করার মাধ্যমে প্রথম পক্ষ অন্যায়ভাবে লাভবান হওয়ার অপচেষ্টা করছে। অপরদিকে, দ্বিতীয় পক্ষ নিজের স্বত্বদখলীয় জমি থেকে ভোগদখলে মামলার হয়রানির শিকার হয়ে বসতভিটাতে বসবাস করা দুরূহ হচ্ছে। এমতাবস্থায় উল্লিখিত হয়রানি থেকে আমি কীভাবে রেহাই পেতে পারি? বা সংশ্লিষ্ট আদালতকে দ্রুত সাক্ষ্য সমাপ্ত করে সুনির্দিষ্ট তারিখের মধ্যে মামলা নিষ্পত্তি করতে আমি কি উচ্চ আদালতে শরণাপন্ন হতে পারি? এখানে দ্বিতীয় পক্ষের নিযুক্তীয় বিজ্ঞ কৌঁসুলি উল্লিখিত হয়রানির বিরুদ্ধে আইনগত কোনো প্রতিকার না থাকায় মামলা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে মামলা হস্তান্তর করার পরামর্শ প্রদান করছে। তা সঠিক কি? নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রামপরামর্শ: সাধারণত ফৌজদারি মামলার নিষ্পত্তির বিষয়ে সাক্ষীদের সময় আবেদন মঞ্জুর করার বিষয়টি আদালতের সহজাত ক্ষমতার ওপর নির্ভর করে। তবে ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারা অনুসারে বাদীর অনুপস্থিতিতে মামলা নিষ্পত্তির বিধান আছে। এ ধারা অনুযায়ী বাদী আদালতে উপস্থিত না হলে তাহলে আদালত মামলা খারিজ করে দিতে পারেন এবং অভিযুক্ত ব্যক্তিকে খালাস দিতে পারেন। আপনি এ ধারা উল্লেখ করে আইনজীবীর মাধ্যমে আদালতে আবেদন করতে পারেন। অথবা আদালত বদলির জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন। আপনার আবেদন না মঞ্জুর হলে এ আদেশের বিরুদ্ধে দায়রা আদালতে রিভিশন করতে পারেন।কন্যা ও স্ত্রী কতটুকু সম্পত্তি পায়?কোনো ব্যক্তি তার একমাত্র কন্যাসন্তান ও স্ত্রী রেখে মারা গেলেন। ওই ব্যক্তির সম্পত্তির সম্পূর্ণ মালিকানা কন্যা ও স্ত্রী পাবে, নাকি আরও কেউ অংশ পাবে? যেহেতু আমরা মুসলমান, তাই মুসলিম উত্তরাধিকার আইনমতে মৃত ব্যক্তির কন্যা ও স্ত্রী সম্পত্তির কত অংশ পাবে, তা জানতে চাই।মো. মিজানুর রহমানঢাকাপরামর্শ: মৃত ব্যক্তির স্ত্রী আট ভাগের এক ভাগ এবং কন্যা দুই ভাগের এক ভাগ পাবে। আর বাকি সম্পত্তি অবশিষ্ট ভোগী হিসেবে চাচা এবং ফুফু থাকলে তারা পাবে। আপনার চিঠিটি পড়ে এ বিষয়ে স্পষ্ট হওয়া গেল না। পরামর্শ দিয়েছেনএম শামসুল হক, আইনজীবী,বাংলাদেশ সুপ্রিম কোর্ট