পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ
যেকোনো আইনি সমস্যা ও প্রশ্ন থাকলে লিখুন। বিজ্ঞ আইনজীবীরা পরামর্শ দেবেন। ঠিকানা: আইন অধিকার, প্রথম আলো, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। ই-মেইল [email protected]তালাকের পর কি দ্বিতীয় বিয়ে করতে পারব?প্রশ্ন: আমি বনানীতে ছোটখাটো একটি কোম্পানিতে চাকরি করি। আমার বিয়ে হয়েছে প্রায় ছয় বছর। এখন আমি দুই ছেলের মা। খুব ছোট থাকতেই আমার বিয়ে হয়ে যায়। বিয়ের পর বুঝতে পারি, আমার স্বামীর শারীরিক কোনো জটিলতা আছে। যার কারণে আমাদের দাম্পত্য জীবনে এসব বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া লাগে। ডাক্তার দেখিয়েও কোনো লাভ হয়নি। প্রায়ই আমার স্বামী আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে শারীরিক মেলামেশায় বাধ্য করে, কিন্তু এটা আমার ভালো লাগে না। আমি যেখানে কাজ করি, সেখানে আমার দূরসম্পর্কের চাচাতো ভাই আছে। সে আমাকে খুব ভালোবাসে। আমার স্বামীর সন্দেহ, আমার বুঝি তার সঙ্গে অবৈধ সম্পর্ক আছে। এসব বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া হয়। আমাকে হাতের কাছে যা পায়, তাই দিয়ে মারে। কিন্তু আমার ছোট ছেলের বয়স মাত্র চার বছর। তাই ওর মুখের দিকে তাকিয়ে সবকিছু সহ্য করি। কিন্তু আর পারছি না। তাই এসব নির্যাতন সহ্য করতে না পেরে আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার স্বামীকে তালাক দেব। সে ক্ষেত্রে আমি যদি আমার স্বামীকে তালাক দিতে চাই, কী করা লাগবে আমাকে? আর তালাকের পর আমার সন্তানের ভরণপোষণ ও দেনমোহরের টাকা কি পাব আমি? আমি যদি আরেকটি বিয়ে করতে চাই, সেটাও কি করতে পারব?সায়মা, ঢাকাপরামর্শ: আপনার কাবিননামায় দেখতে হবে ১৮ নম্বর ঘরে আপনার তালাক দেওয়ার ক্ষমতা দেওয়া আছে কি না। যদি দেওয়া থাকে, তাহলে কাজির মাধ্যমে তালাক দিতে পারবেন। এ জন্য তালাক দেওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মিউনিসিপ্যালিটির বা সিটি করপোরেশনের মেয়রের কাছে নোটিশ লিখিতভাবে পাঠাবেন এবং ওই নোটিশের কপি অতিসত্বর অপর পক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা নেবেন। উল্লেখ্য, তালাক উচ্চারণের সময় স্বামী-স্ত্রী যে ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় বাস করবেন, সে এলাকার চেয়ারম্যানকে বা মেয়রকে নোটিশ দিতে হবে। এ ক্ষেত্রে চেয়ারম্যান নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে উভয় পক্ষের মনোনীত প্রতিনিধি নিয়ে সালিসি পরিষদ গঠন করবেন। সালিসি পরিষদ উভয় পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করবে। যদি আপনি মীংমাংসা করতে রাজি না হন, তাহলে যে তারিখে নোটিশ পৌঁছাবে, সেদিন থেকে ৯০ দিন পর তালাক কার্যকর হবে। অর্থাৎ, নোটিশ পাওয়ার ৯০ দিনের মধ্যে সালিসির কোনো উদ্যোগ নেওয়া না হলেও তালাক কার্যকর বলে গণ্য হবে। কাবিননামার ১৮ নম্বর ঘরে আপনার তালাক দেওয়ার ক্ষমতা না থাকলে পারিবারিক আদালতে বিবাহবিচ্ছেদেও মোকদ্দমা করতে হবে। আপনার নাবালক ছেলেদের ভরণপোষণের টাকা দিতে আপনার স্বামী বাধ্য এবং আপনি দেনমোহরের টাকাও আপনার স্বামীর কাছ থেকে পাবেন। এ জন্য পারিবারিক আদালতের আশ্রয় নিতে পারেন। তালাকের পর আইন অনুযায়ী তালাক প্রদানের নোটিশ স্বামীকে দেওয়ার পর ৯০ দিন ইদ্দতকাল পালন করতে হয়। এ সময় তালাক কার্যকর হয় না। তাই ইদ্দতকাল শেষ হওয়ার পর আপনি অন্যত্র বিয়ে করতে পারেন। তবে অন্যত্র বিয়ে করলে আপনার সন্তানদের তত্ত্বাবধানের ক্ষমতা আপনার হারাতে হবে।পরামর্শ দিয়েছেনএলিনা খানআইনজীবী ও মানবাধিকারকর্মী