পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ
চিকিৎসায় অবহেলার শাস্তি কী?চিকিৎসায় অবহেলা কিংবা চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুর খবর আমরা প্রায়ই জানতে পারছি। বড় বড় হাসপাতালেও এ ঘটনা ঘটছে। সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক শিক্ষকের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা সাধারণ মানুষ তো সরকারি হাসপাতালগুলোর ওপর ভরসা রাখতেই পারছি না, আবার প্রাইভেট ক্লিনিকগুলোর ওপরও আস্থা হারিয়ে ফেলছি। কিন্তু এসব দেখার কি কেউ নেই? একজন ভুক্তভোগী হিসেবে যদি এসব হাসপাতাল ও চিকিৎসকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চাই, তাহলে কোন আইনে নিতে পারব? আদৌ কি কোনো বিচার চাওয়ার পথ খোলা আছে? এ বিষয়ে বিস্তারিত জানতে চাই।আরিফুর রহমানঢাকা।পরামর্শ: চিকিৎসকের অবহেলার কারণে রোগীর চিকিৎসা ব্যাহত হলে, মারা গেলে কিংবা কোনো চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা বা অসদাচরণের অভিযোগ করতে চাইলে সে ক্ষেত্রে সাধারণ জনগণকে লিখিতভাবে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) বরাবর অভিযোগ করতে হবে। অভিযোগ যদি কাউন্সিল থেকে গ্রহণ করা হয়, তবে কাউন্সিল নোটিশের মাধ্যমে অভিযুক্ত চিকিৎসককে অবহিত করে এবং কেন এ ধরনের ঘটনা ঘটেছে, তার ব্যাখ্যা চায়। প্রয়োজনে ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত চলে এবং কাউন্সিল থেকে জরুরি কাগজপত্র চেয়ে পাঠানো হয়। ঘটনার সত্যতা প্রমাণিত হলে দায়ী চিকিৎসকের বিরুদ্ধে বিএমডিসি ব্যবস্থা নিতে পারে। আবার দণ্ডবিধির ৩০৪(ক) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তির হঠকারিতা বা অবহেলার কারণে যদি কারও মৃত্যু হয়, তবে অপরাধী পাঁচ বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। সে ক্ষেত্রে যেকোনো বিপজ্জনক কাজের ঝুঁকি নেওয়া এবং অসতর্কতার সঙ্গে কাজটি করাও চিকিৎসায় অবহেলার অন্তর্ভুক্ত। তবে কোনোভাবে যদি চিকিৎসকের অবহেলার বিষয়টি প্রমাণিত হয়, তবে যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে প্রচলিত আইনে। ভারতে যেমন ভোক্তা অধিকার আইন ১৯৮৬ অনুযায়ী চিকিৎসায় অবহেলাসংক্রান্ত কোনো অভিযোগে ভোক্তা আদালতে গিয়ে মামলা করতে পারে, বাংলাদেশে চিকিৎসায় অবহেলাসংক্রান্ত অভিযোগে এ ধরনের প্রতিকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাখা হয়নি।মৃত ব্যক্তির স্ত্রী,মেয়ে ও পিতামাতার সম্পত্তির ভাগমো. মিজানুর রহমান প্রথম আলোর আইন অধিকার পাতার গত সংখ্যায় স্বামী মারা গেলে ইসলামি আইন অনুযায়ী স্ত্রী ও এক মেয়ে কতটুকু সম্পত্তি পান এবং অন্যরা কীভাবে সম্পত্তি পান, এ বিষয়ে প্রশ্ন করেছিলেন। এর পরামর্শে বলা হয়েছিল, মৃত ব্যক্তির সম্পদের আট ভাগের এক ভাগ পাবেন স্ত্রী, দুই ভাগের এক ভাগ পাবেন মেয়ে আর বাকি সম্পত্তি পাবেন মেয়ের চাচা ও ফুফুরা; অর্থাৎ, মৃত ব্যক্তির ভাই ও বোনেরা। উল্লেখ্য, এখানে মৃত ব্যক্তির বাবা ও মা যদি বেঁচে থাকেন, তাহলে বাবা ছয় ভাগের এক ভাগ, মা ছয় ভাগের এক ভাগ, স্ত্রী আট ভাগের এক ভাগ এবং মেয়ে দুই ভাগের এক ভাগ পাওয়ার পর বাকি যে সম্পত্তি থাকবে, তা বাবার কাছে চলে যাবে। অর্থাৎ, বাবা ছয় ভাগের এক ভাগের সঙ্গে বাকি সম্পত্তিরও মালিক হবেন। এখানে মৃত ব্যক্তির ভাই বা বোনেরা আর অবশিষ্টভোগী হিসেবে সম্পত্তি পাবেন না। যেহেতু মৃত ব্যক্তির বাবা বেঁচে আছেন, তাই বাবার মৃত্যুর পরই বাবার সম্পত্তির অংশ ভাইবোনেরা পাবেন।—বি. স.