পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: পরিবারের পছন্দে আমার বিয়ে হয় স্কুলে পড়া অবস্থায়। এখন আমি দুই সন্তানের জননী। আমার স্বামী একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আমাদের ১০ বছরের সংসার ভালোই চলছিল। মাঝেমধ্যেই ছোটখাটো কারণে ঝগড়া হলেও সেদিন হঠাৎ বিশেষ কারণ ছাড়াই আমার সঙ্গে আমার স্বামী ঝগড়া শুরু করলেন। ঝগড়ার একপর্যায়ে তিনি আমাকে মুখে মুখে তিন তালাক দেন এবং বাসা থেকে বের করে দেন। আমি যেন আর তাঁর বাসায় না আসি, আর আমার সন্তানদের সঙ্গে যোগাযোগ না করি, তা-ও বলে দেন। আমার বড় ছেলের বয়স চার বছর আর মেয়ের বয়স দুই বছর। আমার বাচ্চা দুটি রেখে আসতে আমার খুব কষ্ট হয়েছে। আমি এখন আমার বাচ্চাদের চিন্তায় আছি। তারা কী খাচ্ছে, কী করছে—এসব নিয়ে দুশ্চিন্তায় আছি। কারণ, আমার বাসায় এমন কেউ নেই যে বাচ্চাদের দেখভাল করবে। আমাকে বাসা থেকে বের করে দেওয়ার কয়েক দিন পর শুনেছি আমার সন্তানদের আমার ভাশুরের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি কয়েকবার ভাশুরের সঙ্গে যোগাযোগ করেছি, যেন আমাদের এ সমস্যার মীমাংসা করে দেন। তিনি আমার স্বামীকে বোঝানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ না হওয়ায় তিনি আমাকে আমার স্বামীর সঙ্গে কথা বলতে বলেছেন। আর আমার পরিবারে মা-বাবা কেউ বেঁচে নেই। এক বোন আছে, কিন্তু কারও কোনো কথাই আমার স্বামী শুনছেন না। আমি এ তালাক মানি না। আমি আমার স্বামীর সংসারে সন্তানদের কাছে ফিরে যেতে চাই। সে ক্ষেত্রে আমার কী করণীয়? এই মুখে মুখে তালাক কি কার্যকর হয়েছে? ঢাকা শহরের কোনো কিছুই আমি তেমন চিনি না। কোথায় যাব, কার কাছে যাব, তা-ও জানি না। আমাকে এমন কোনো আইনি সংগঠনের ঠিকানা দিন, যেখানে গেলে আমি অন্তত সুবিচার পাওয়ার ভরসা করতে পারব।সুফিয়া, ঢাকা।পরামর্শ: আপনার চিঠির বক্তব্য অনুসারে বলা যাচ্ছে, আপনি কয়েকটি আইনগত পদক্ষেপ নিতে পারেন:ক. আপনি অতিসত্বর সব বিষয় জানিয়ে থানায় একটি জিডি করতে পারেন।খ. আপনার বাচ্চাকে কাছে পাওয়ার জন্য পারিবারিক আদালতে বাচ্চার অভিভাবকত্ব ও ভরণ-পোষণের মামলা করতে পারেন।গ. আপনার স্বামী মুখে মুখে যে তালাক দিয়েছেন, তা আইনসিদ্ধ নয় এই কারণে যে কেউ যদি কাউকে তালাক দিতে চায়, তাকে আইনগতভাবে কিছু নিয়মনীতি অনুসরণ করতে হবে। আপনার স্বামী সে ক্ষেত্রে কোনো নিয়মকানুন অনুসরণ করেননি। যেমন: কেউ কাউকে তালাক দিলে তালাকসংক্রান্ত বিষয়টি সালিসি পরিষদের কাছে লিখিতভাবে জানাতে হবে এবং যাকে তালাক দিচ্ছে, তার কাছে তালাকের একটি কপি পাঠাতে হবে। যেদিন থেকে সালিসি পরিষদ তালাকের কপি রিসিভ করবে, তার ৯০ দিন পর তালাক কার্যকর হবে। আপনার স্বামী সে ধরনের কোনো পদ্ধতি অনুসরণ করেছেন বলে চিঠিতে উল্লেখ নেই, বরং আইনের বিধান অনুযায়ী কেউ যদি সঠিকভাবে তালাক না দিয়ে তালাক দেওয়ার কথা বলে, সে ক্ষেত্রে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে।ঘ. আপনি কোথায় যাবেন, সে বিষয়ে দুশ্চিন্তায় আছেন। বাংলাদেশে অনেক মডেল থানা এবং এনজিও আছে, যেগুলো নারী ও শিশুদের স্বপক্ষে আইনানুগ ও তাদের নিরাপত্তার ব্যবস্থা করে থাকে। আপনি সেখানে গিয়ে আইনানুগ আশ্রয় নিতে পারেন।