আমার ভাই ১১ দশমিক ৭৫ শতাংশ জায়গা রেখে ১৯৭২ সালে পারিবারিক দ্বন্দ্বের কারণে ভারতে চলে যান। বর্তমানে এ জায়গা আমার বড় বোনের স্বামীর নামে আরএস রেকর্ড হয়েছে। এই জায়গা তাঁর ভোগদখলে আছে। কিন্তু আমার ভাই তাঁকে জায়গার দলিল করে দেননি। আমরা ছোট দুই বোন ওই জায়গার দাবি করলে আমার বোন জায়গা দিতে অস্বীকার করেন। তিনি বলেন, ‘তোরা জায়গা পাবি না।’ আমরা মোট চার ভাইবোন, আমরা সবাই হিন্দু পরিবারের সদস্য। আমাদের মা-বাবা জীবিত নেই, ভাইয়ের কোনো ওয়ারিশ নেই। আমরা সবাই বিবাহিত। আমি জানতে চাই, কেন এই জায়গা পাব না? আমরা মামলা করে কি ওই জায়গা পেতে পারি? জানালে কৃতজ্ঞ হব। এ জন্য কোন ধরনের মামলা করতে হবে, দয়া করে জানাবেন। আমার ভাই বর্তমানে ভারতের স্থায়ী নাগরিক।সুমতি রানীপরামর্শ: সম্পত্তির মালিক আপনার ভাই। নিজের অর্জিত না পৈতৃক, তা অবশ্য উল্লেখ করেননি। তবে ধরে নেওয়া যায়, এটা পৈতৃক সম্পত্তি। আপনারা তিন বোনই বিবাহিত। ফলে হিন্দু আইনে ওই সম্পত্তির উত্তরাধিকারী আপনার দাদা। কোন বনিয়াদে আপনার বড় বোনের নামে রেকর্ড হয়েছে, তা ওয়ার্কিং ভলিউম দেখলে বোঝা যাবে। যা হোক, আপনার ভাইয়ের কাছ থেকে পাওয়ার অব অ্যাটর্নি বা আমমোক্তারনামা এনে আপনারা ওই সম্পত্তি ভোগদখল করতে পারেন।এম শামসুল হকআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট