পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ
স্বামীকে কীভাবে পাব?প্রশ্ন: আমার চেয়ে আনুমানিক তিন-চার বছরের বড় এক ছেলের সঙ্গে নোটারি পাবলিকের মাধ্যমে ২০১০ সালের ২০ ডিসেম্বর মাদারীপুরে ১৫০ টাকার সরকারি স্ট্যাম্পে হলফনামার মাধ্যমে বিয়ে করি। আমার স্বামীর কাছে নিবন্ধন ফি না থাকায় আমার স্বর্ণালংকার বন্ধক রেখে পাঁচ হাজার টাকা নিয়ে বরের কাছে দিই, যা দিয়ে অ্যাডভোকেট এবং কাজির ফি দেওয়া হয়। কাজির নিবন্ধন বা কাবিননামায় আমার পক্ষে কোনো সাক্ষীর সই ছিল না। আমার শ্বশুর খুবই প্রতাপশালী। হলফনামার বিয়ের পর আমি ও বর একত্রে তিন-চার দিন লঞ্চে করে বরিশাল ঘুরে এসেছিলাম। ওর টেক্সটাইল ডিপ্লোমার শেষ বর্ষের পরীক্ষা শেষ হয় চার-পাঁচ মাস আগে। বরের পরিবার ব্যাপারটি ধীরে ধীরে জেনে যায় এবং আমার শ্বশুর-শাশুড়ি এই অধম রিকশাওয়ালার নন-মেট্রিক (উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি) মেয়েকে কখনোই গৃহবধূ হিসেবে মেনে নেবেন না বলে সামাজিকভাবে জানিয়েছেন। আমার বর বাবার টাকা না পেয়ে এখন ইন্টার্নি (ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট) শেষে বেকার এবং সুবোধ-বাধ্য ছেলের মতো স্বামীর অধিকারের অস্বীকৃতি প্রদান করতে চাচ্ছে। ৯-১০ মাস পরও কাজির কাছ থেকে আমাদের নিবন্ধন ফির রসিদ বা কাবিননামার সত্যায়িত অনুলিপি দেয়নি। এমনকি বন্ধক রাখা স্বর্ণালংকারও ফেরত আনেনি। বর্তমানে আমি সমাজে মুখ দেখাতে পারছি না। বর্তমান স্বামীর ভোটার আইডি কার্ড, বয়স, জন্মতারিখ, এসএসসি রেজিস্ট্রেশনের জন্মতারিখ—কোনোটিই আমার হাতে নেই। মাদারীপুরে তারা বেশ প্রভাবশালী, কিন্তু অস্থায়ী বাসিন্দা। গত সপ্তাহে আমার শ্বশুর আমার মা-বাবাকে জেলের ভাত খাওয়াবেন বলে হুমকি দিয়ে গেছেন, তাঁদের ছেলেকে ভুলিয়ে-ভালিয়ে জোর করে বিয়ে করানোর দায়ে। আমার বর্তমান শ্বশুর ফৌজদারি আদালতের ৪৯৩ এবং ৪৯৬ ধারায় প্রতিকার চেয়ে মামলা করলে অথবা পারিবারিক আদালতে (দেওয়ানি চুক্তি) অভিযোগ করলে মুসলিম আইনের প্রামাণ্য দলিল হিসেবে নিবন্ধন বা কাবিননামার অভাবে আমি কি সত্যিই সশ্রম কারাদণ্ড বা জরিমানাসহ অর্থদণ্ডে দণ্ডিত হব? শ্বশুর আমার স্বামীকে অন্যত্র বিয়ে দিতে চাচ্ছেন। আমি কীভাবে আইনি প্রক্রিয়ায় স্বামীকে পাব এবং দুজন ছাড়া অন্যদের থেকে পৃথক হব? না হলে আত্মহত্যা করা ছাড়া আমার কোনো উপায় থাকবে না।নাম প্রকাশে অনিচ্ছুকপরামর্শ: আপনার প্রশ্ন থেকে প্রতীয়মান হয় যে আপনার বয়স কমপক্ষে ২৩-২৪ বছর, আর যাঁর সঙ্গে আপনার বিয়ে হয়েছে বলছেন, তিনি আপনার চেয়ে আনুমানিক তিন-চার বছরের বড়। ফলে, তাঁর বয়স ২৮-৩০ বছর। কোনোভাবেই নাবালক নন। দ্বিতীয়ত, দণ্ডবিধি আইনের ৪৯৩/৪৯৬ ধারায় আপনাকে অভিযুক্ত করা যাবে না। দেওয়ানি মামলা অর্থাৎ পারিবারিক আদালতে আপনার স্বামী এই মর্মে মামলা করতে পারেন যে আপনার সঙ্গে তাঁর বিয়ে হয়নি। সেটা প্রমাণসাপেক্ষ। আপনার প্রশ্নের প্রথম অংশের বিষয়ে একটা বিষয় পরিষ্কার নয় যে আপনি একজন এসএসসি পরীক্ষার্থী এবং সাবালিকা। অথচ যাঁর সঙ্গে আপনার বিয়ে হয়েছে, তাঁর নাম-ঠিকানা-পরিচয় জানবেন না (যে ক্ষেত্রে পরিবারের অভিভাবকদের উপেক্ষা করে বিয়ে করছেন), এটা কেমন কথা।হলফনামার মাধ্যমে আপনারা বিয়ে করেছেন এবং পরে বিবাহ নিবন্ধন হয়েছে বলে উল্লেখ করেছেন। ফলে, বিয়ের সাক্ষী ছিল, এটা অনুধাবন করা যায়; যদিও আপনি বলেছেন যে বিয়ের কাবিনে কোনো সাক্ষীর স্বাক্ষর নেই। মুসলিম বিয়েতে সাক্ষী সবিশেষ উপাদান বা প্রয়োজন। যিনি বিয়ে পড়িয়েছেন এবং যে কাজি বিয়ে রেজিস্ট্রি করলেন, তাঁরাও বিয়ের সাক্ষী। আদালতে মামলা করলে আদালত চাইলে কাজি সাহেব বিয়ের রেজিস্ট্রার আদালতে উপস্থাপন করতে বাধ্য। যাবতীয় তথ্য সংগ্রহ করে আইনগত প্রতিকার আপনি চাইতে পারেন। আপনি দাম্পত্য অধিকার পুনরুদ্ধার চেয়েও পারিবারিক আদালতে প্রতিকার চাইতে পারেন।জমিজমার বণ্টন কীভাবেপ্রশ্ন: আমরা চার ভাই, তিন বোন। আমার বাবার কোনো ভাই ছিল না, বাবার দুই বোন আছে। আমার বাবা পৈতৃক সূত্রে যে সম্পত্তি পেয়েছেন, সেখানে বাবার দুই বোনেরও অংশ আছে। আমার বাবা দাদার সম্পত্তি থেকে আমার ফুফুদের প্রাপ্য অংশ না দিয়ে আমার বাবা মারা যাওয়ার আগে আমার ছোট তিন ভাইকে দাদার বাড়ির সম্পত্তি একটি দলিলের মাধ্যমে সাফকবলা রেজিস্ট্রি করে দেন। দাদার সম্পত্তি থেকে বাবা ফুফুদের অংশ না দিয়ে, আমার তিন বোনকে অংশ না দিয়ে, ছোট তিন ভাইকে যে দলিলটি করে দিলেন, তা আইনানুগ বৈধ হয়েছে কি? দাদার ওই সম্পত্তিতে আমার দুই ফুফু বা তাঁদের ওয়ারিশেরা বা আমার তিন বোন অংশ দাবি করতে পারবে কি না, বা এর জন্য দেওয়ানি কার্যবিধির কোনো ধারায় আদালতে প্রতিকার চাইতে পারব কি? হারুনুর রশিদ , রাজবাড়ী ুপরামর্শ: আপনার বাবা আপনার দাদার সম্পত্তির যেটুকু অংশ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেটুকুই তিনি বিক্রি বা দান করতে পারেন। দাদার মৃত্যুর পর দাদার সম্পত্তিতে আপনার ফুফুদের অংশ রয়েছে। এখন আপনার বাবা ফুফুদের অংশ না দিয়ে অন্য কাউকে দাদার এই সম্পত্তি হস্তান্তর করতে পারেন না। আর হস্তান্তর করে দিলে তা আইনানুগ হয়নি। আপনার ফুফুরা তাঁদের অংশ চেয়ে বণ্টনের মোকদ্দমা করতে পারেন। যে দলিলমূলে আপনার বাবা আপনার ভাইদের সাফকবলা করে দিয়েছেন, তা বাতিল চেয়ে দেওয়ানি আদালতে প্রতিকার চাইতে পারেন। আবার আপনার বাবা তাঁর মেয়েদের অর্থাৎ আপনার বোনদের বাবার সম্পত্তি না দিয়ে গেলে কিছু করার নেই। কারণ আইনানুগ তিনি অন্য কাউকে তাঁর সম্পত্তি দান বা বিক্রি করে দিয়ে যেতে পারেন। এখানে মুখ্য হচ্ছে আপনার বাবা তাঁর বাবার সম্পত্তিতে প্রাপ্য অংশ বাদে অন্য সম্পত্তি থেকে ফুফুদের বঞ্চিত করেছেন, যা বেআইনি হয়েছে। এ সম্পত্তি ফুফু এবং তাঁদের ওয়ারিশেরা আদালতের মাধ্যমে প্রতিকার চাইতে পারেন।