পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ
স্বামীর বিরুদ্ধে মামলা করব কীভাবে?আমার বিয়ে হয়েছে পাঁচ বছর আগে। সন্তানের বয়স দুই বছর। কয়েক মাস হলো আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। এখন আমার স্বামীর কথাবার্তা, চালচলন আগের মতো নেই। তাকে আমি অনেকবার জিজ্ঞেস করেছি দ্বিতীয় বিয়ের ব্যাপারে, কিন্তু সে স্বীকার করেনি। আমার স্বামী অস্বীকার করলেও বিষয়টি সত্য। বিশ্বস্ত সূত্রে তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়ি খুঁজে বের করা হয়েছে। সে বর্তমানে তার বাবার বাড়িতে থাকে। কিন্তু তার দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া আমার পক্ষে অসম্ভব। তার সঙ্গে সংসার করার কোনো ইচ্ছে আমার নেই। বিষয়টি আমি আমার পরিবারকে জানিয়েছি। আমি আমার বাবার বাড়িতে চলে এসেছি। এখন আমি তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে চাই। সে আমার আর আমার সন্তানের সঙ্গে ছিনিমিনি খেলেছে। আমি কি তার বিরুদ্ধে মামলা করতে পারব? তবে তার দ্বিতীয় বিয়ের কোনো কাবিন বা প্রমাণ আমার কাছে নেই। তার দ্বিতীয় বিয়ের কাবিননামা না পেলে কীভাবে মামলা করব? এখন আমি কীভাবে আইনের আশ্রয় নিতে পারি?নাম-ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।পরামর্শ: মুসলিম পারিবারিক আইন, ১৯৬১-এর ৬ ধারা অনুযায়ী দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে একজন পুরুষের সালিস পরিষদেও লিখিত অনুমতির প্রয়োজন। সে ক্ষেত্রে বিনা অনুমতিতে বিয়ের বিরুদ্ধে মামলা করলে সেই ব্যক্তির এক বছরের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা অথবা কারাদণ্ড ও জরিমানা উভয়ই হতে পারে। তবে দ্বিতীয় বিয়ে প্রমাণ করার ক্ষেত্রে বিয়ের কাবিননামা দেখাতে হবে।বিয়ের বৈধ কাগজপত্র ছাড়া দ্বিতীয় বিয়ে প্রমাণ করা দুরূহ ব্যাপার। আপনি সংশ্লিষ্ট রেজিস্ট্রারের কাছে আপনার স্বামীর দ্বিতীয় বিয়ের তথ্যের জন্য আবেদন করতে পারেন। এরপর মুখ্য বিচারিক হাকিমের আদালতে আইনজীবীর মাধ্যমে মামলা করতে পারেন।চুক্তি না মানলে প্রতিকার কী?আমি প্রায় তিন বছর আগে আমার পুরান ঢাকার তিন কাঠার একটি জমি রাজউক অনুমোদিত নকশা পাস করে রিহ্যাব অনুমোদিত একটি ডেভেলপারের সঙ্গে চুক্তিবদ্ধ হই। কিন্তু এখন দেশে এসে দেখি, এক বছর আগে ফ্ল্যাট নির্মাণের লিখিত চুক্তি থাকা সত্ত্বেও ডেভেলপার ভবনের কাজ সমাপ্ত করেছে এক বছর পর। রাজউক অনুমোদিত নকশার বাইরে অবৈধভাবে পাশের বিল্ডিংয়ের সঙ্গে একত্র করে একটি ঝুঁকিপূর্ণ ভবন নির্মাণ করেছে। এ ছাড়া দুটি ভবনে আলাদা দুটি লিফট চুক্তিতে উল্লেখ থাকা সত্ত্বেও একটি লিফটের জায়গা রেখেছে। আমি প্রায় তিন মাস বাংলাদেশে অবস্থান করব। চুক্তিতে উল্লেখ থাকা সত্ত্বেও তারা আমাকে এক বছরের মধ্যে কোনো ভাড়া দেয়নি। উপরন্তু, পানি, গ্যাস, বিদ্যুতের জন্য চুক্তিতে উল্লেখিত দুই লাখ টাকা দেওয়া সত্ত্বেও ডেভেলপার প্রায় এক সপ্তাহ আগে অবৈধভাবে বিল্ডিংয়ে গ্যাসের সংযোগ দেয়। আমি গ্যাসের ডিমান্ড নোট চাইলে আমার অংশের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দেয় এবং বিদ্যুতের সোলার সিস্টেমের জন্য আমার কাছে আরও অর্থ দাবি করে। চুক্তিতে উল্লেখ না থাকা সত্ত্বেও আমি কি এই টাকা দিতে বাধ্য? অবৈধ গ্যাস-সংযোজনের জন্য আমি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারব? নকশাবহির্ভূত ঝুঁকিপূর্ণ ভবন তৈরি করার জন্য রাজউক, রিহ্যাব কিংবা স্থানীয় থানায় আমার জন্য কি কোনো আইন নেই?নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকাপরামর্শ: রাজউকের অনুমোদন ছাড়া নকশা তৈরি করা বেআইনি। প্রচলিত ভবন-বিধি না মেনে কেউ ভবন নির্মাণ করতে পারে না। বিষয়টি তদন্ত করে দেখার দায়িত্ব রাজউকের। রাজউক প্রমাণ পেলে ওই মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে। উচ্ছেদেরও নোটিশ দিতে পারে। জরিমানা করতে পারে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমেও অননুমোদিত ভবনের অংশ ভেঙে দিতে পারে। আপনি বিষয়টি রাজউকের সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করতে পারেন। চুক্তির বাইরে গিয়ে কোনো কাজ করার সুযোগ নেই, আপনি টাকা দিতেও বাধ্য নন। চুক্তি অনুযায়ী ডেভেলপার কোনো কাজ করলে এবং আপনি ক্ষতিগ্রস্ত হলে আদালতে ক্ষতিপূরণের মামলা করতে পারেন। ফৌজদারি আদালতে দণ্ডবিধি ৪২০ ও ৪০৬ ধারা অনুযায়ী প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মামলাও করতে পারেন।