পাঠকের প্রশ্ন, আইনি পরামর্শ
সম্পত্তি কীভাবে দখলে রাখব?আমার একটি কন্যা। পুত্রসন্তান নেই। দীর্ঘ রোগভোগের পর এক মাস আগে স্বামী ইন্তেকাল করেছেন। স্বামীর ভাই ও বোন আছেন। পৈতৃক সূত্রে প্রাপ্ত তার চার কাঠা জমি আছে আধাপাকা বাড়িসহ। সেগুলোর ভাড়া দিয়ে আমাদের সংসার চলে। তাদের সম্পত্তিগুলো ‘আওলাদে ওয়াকফ’ করা ছিল। আয়-রোজগারের জন্য ওয়াকফ প্রশাসন থেকে অনুমতি নিয়ে কিছু জমি বিক্রয় করে ভাড়া ঘরগুলো উঠিয়ে ছিল। বাকি চার কাঠা জমি মেয়ে ও আমার নামে নোটারি পাবলিকের মাধ্যমে দান করে অংশনামা রেজিস্ট্রি করে দিয়েছেন, যা তাঁর মৃত্যুর পর থেকে কার্যকর হবে উল্লেখ আছে। এখন আমার করণীয় কী অর্থাৎ যেহেতু ওয়াকফ প্রশাসন থেকে বিক্রয় অনুমতিপ্রাপ্ত আছে, সেহেতু ওই সম্পত্তি ওয়াকফ প্রশাসনের হস্তক্ষেপমুক্ত কি না, ওই অংশনামা দান সঠিক আছে কি না, ব্যাংকঋণ নিয়ে উন্নয়ন করতে পারব কি না, ভূমি অফিসে কীভাবে নাম জারি করব এবং সর্বোপরি পুত্রসন্তান না থাকায় এবং অংশনামা রেজিস্ট্রি থাকায় তাঁর ভাইবোনেরা কিছু দাবি করতে পারবে কি না, তা স্পষ্টভাবে জানালে উপকৃত হব। তাদের প্রচুর সম্পত্তি আছে। আমার কন্যা সাবালক, শিক্ষিত ও বিবাহিত। কী পন্থা অবলম্বন করলে এই সামান্য সম্পত্তি নিজেদের আয়ত্তে রাখতে পারব। আয়শা বেগম, কুমিল্লা। পরামর্শ: আপনি লিখেছেন যে আপনি ও আপনার মেয়েকে রেজিস্ট্রি করে দানপত্র করে দিয়েছেন যাতে লেখা আছে মৃত্যুর পর সম্পত্তি আপনি এবং আপনার মেয়ে পাবে। আপনার স্বামী জীবিত থাকাকালীন হস্তান্তর করে দিয়েছেন কি না তা উল্লেখ করেননি। দানের নিয়ম হচ্ছে দান করা সম্পত্তি সঙ্গে সঙ্গে হস্তান্তর করতে হয়। সঠিক উপায়ে দানপত্র করে দিয়ে গেলে এবং সম্পত্তি হস্তান্তর হলে অন্যরা কোনো দাবি দাওয়া করতে পারবে না। এ জমি ওয়াকফ প্রশাসনের হস্তক্ষেপমুক্ত আছে কি না তা ওয়াকফ বোর্ড থেকেই জেনে নিতে হবে। নামজারি করতে হলে সহকারী কমিশনার (ভূমি) অফিসে যোগাযোগ করে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে।পরামর্শ দিয়েছেনকাজী জাহেদ ইকবালআইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট