পাঠকের প্রশ্ন, সম্পাদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: আমি আপনাকে ও প্রথম আলোকে খুবই পছন্দ করি। সঙ্গীত নিয়ে আলদা কোনো আয়োজন কী আপনাদের পত্রিকার কাছ থেকে আমরা পেতে পারি না? ‘আনন্দ’ পাতায় যদি সঙ্গীত নিয়ে আলাদা একটি বিভাগ করা যেত, যেখানে বিভিন্ন গানের কথা, গিটারের কর্ড, স্বরলিপি ইত্যাদি থাকবে। ব্যাপারটি একটু ভেবে দেখবেন কী?তারিক ইয়াসির হাসান প্রীতম, [email protected]সম্পাদক: আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের পত্রিকা পছন্দ করেন। আমাদের পত্রিকায় মাঝেমধ্যে সংগীত বিষয়ে লেখা ও মতামত ইত্যাদি ছাপা হয়। আলাদা করে বিভাগ করা যায় কি না, সেটা ভেবে দেখব।প্রশ্ন: আপনি কী মনে করেন, ১৯৭২ সালের সংবিধানে ফিরে গেলে বাংলাদেশ আবার তার গৌরবময় অধ্যায়ে ফিরে যাবে। চিরতরে দেশে সামরিক শাসনের পথ রুদ্ধ হবে?নূরুন্নাহার শিরীন, [email protected]সম্পাদক: এ রকম আশা নিয়ে অনেক দেশ সংবিধানে সংশোধন করেছে। তার মধ্যে পাকিস্তানও রয়েছে। সে দেশের ১৯৭৩ সালের সংবিধানে এ রকম ধারা যুক্ত করা হয়েছিল। কিন্তু পাকিস্তান সামরিক শাসন থেকে বেরোতে পারেনি। এখনও আবার সে রকম কথা শোনা যাচ্ছে। বাংলাদেশে সংবিধান সংশোধন করে সামরিক শাসন বন্ধের ধারা অন্তর্ভুক্ত করলেই তা বন্ধ হবে কি না সে বিষয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। কারণ, এটা নির্ভর করে দেশের সামগ্রিক রাজনৈতিক অবস্থা, অভ্যন্তরীণ গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক শাসকদের দক্ষতা ইত্যাদি বিষয়ের ওপর। অন্যদিকে সামরিক বাহিনীকেও রাজনৈতিক নেতৃত্ব মেনে নিতে হবে; যেটা দেখা যায় ভারতে। স্বাধীনতার ষাট বছরেও ভারতের সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করেনি। ভারতের রাজনৈতিক নেতৃত্ব গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন এবং সেনাবাহিনীকে নিয়ন্ত্রণে দক্ষতা দেখিয়েছেন। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের দক্ষতার ওপর নির্ভর করবে এ দেশের রাজনীতিকে সেনাবাহিনীর হস্তক্ষেপমুক্ত রাখা যাবে কি না। বিগত চার দশকে বারবার সেনাবাহিনী বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা নিয়েছে। রাজনৈতিক দলগুলো বারবার দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ব্যর্থ হয়েছে, সে কারণে সামরিক বাহিনী ক্ষমতার দখলের সুযোগ পেয়ে যায়। আমাদের রাজনৈতিক নেতাদের এ বিষয়ে আরও বেশি করে দায়িত্বশীল হতে হবে, যাতে গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশ ঘটে। সামগ্রিক গণতান্ত্রিক পরিবেশের বিকাশও এর জন্য জরুরি। প্রশ্ন: এই জীবনে একটা বিষয় খুব ভালো করে বুঝতে পেরেছি, এদেশে কোনো অপরাধের বিচার হয় না। এদেশে ক্ষমতাবান হলে সাত খুন মাফ হয়ে যায়। টাকা থাকলে খুনের মামলার আসামিও জামিনে মুক্তি পেয়ে সরকারি পর্যায়ের বৈঠকে অংশ নেওয়া যায়। মন্ত্রীকে ধমকও দেওয়া যায়। অপরাধ করে, দুর্নীতি করেও রাজনীতি করা যায়, এমনকি সংসদ নির্বাচনে ‘বিপুল ভোটে’ বিজয়ী হয়ে সংসদেও বসা যায়। সম্প্রতি, একটি বড় রাজনৈতিক দলের সম্মেলনে তাদের বেশ কিছু নেতা কর্মীর মৃত্যুতে যে শোক প্রস্তাব আনা হয়, তাদের মধ্যে র্যাবের এনকাউন্টারে মারা যাওয়া কয়েকজন দাগী সন্ত্রাসীও ছিল। এদেশে অতীতে মন্ত্রীর বাসা থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ইমদু’কে গ্রেপ্তার করা নিয়ে অনেক রাজনীতি হয়েছে, কিন্তু পরিস্থিতি আগের মতোই রয়েছে। এসব ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি।জাকির হোসেন, মাদারীপুর সম্পাদক: হ্যাঁ, বাংলাদেশের রাজনীতিতে হত্যা, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, খুনের মামলার আসামি জামিনে মুক্ত হওয়া—এ বিষয়ে আপনি যেটা বলেছেন তা যথার্থ। আশির দশকের শুরুতে ইমদুর ঘটনা আপনি জানেন এবং মনে রেখেছেন, এটা খুব ভালো লাগল। আমাদের দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারায় অনেক ভুল চর্চা রয়েছে বা জনপ্রতিনিধিদের মধ্যে বিভ্রান্তি বা ক্ষমতার দম্ভও কাজ করে। রাজনৈতিক প্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়াটিতেও রয়েছে নানা সমস্যা। অনেক সময় নানা কারণে প্রশ্নবিদ্ধ ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়, যাঁরা নির্বাচিত হয়ে আইনের শাসনবিরোধী কাজ করেন। তবে এসব বিষয়ে আমরা সচেতন আছি। এসবের বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরার মধ্য দিয়ে আমরা সব সময় কাজ করে যাচ্ছি।প্রশ্ন: সম্প্রতি দেশে ‘কালের কণ্ঠ’ ও ‘বাংলাদেশ প্রতিদিন’ নামের দুটি পত্রিকা বের হয়েছে। এই দুটি পত্রিকার মালিক দেশের একটি বৃহৎ শিল্পগোষ্ঠী, যাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ। যে শিল্পগোষ্ঠীর মালিক পক্ষ অতীতে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল এমনকি এখনো আছে। এই দুটি পত্রিকা দেশের সবচেয়ে জনপ্রিয় ও বহুল প্রচারিত পত্রিকা প্রথম আলোর বিরুদ্ধে রীতিমতো উঠে পড়ে লেগেছে। বিভিন্ন মিথ্যা সংবাদে প্রথম আলোর চরিত্রহননের চেষ্টা করে যাচ্ছে। আমার সবচেয়ে ভয় হয় ‘বাংলাদেশ প্রতিদিনের’ ব্যবসা নীতি নিয়ে। এরা ৩ টাকার পত্রিকা ২ টাকায় বিক্রি করছে। বিক্রি করছে বিভিন্ন গণপরিবহনে, রাস্তা-ঘাটে। এরা বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে সুপরিকল্পিতভাবে প্রথম আলো ও এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে জড়ানোর চেষ্টা করে যাচ্ছে। এদের নীতির সঙ্গে গোয়েবলসের নীতির অনেক মিল রয়েছে। গোয়েবলসের মতোই এরা একটি মিথ্যাকে বারবার মানুষের সামনে প্রচার করে সত্যে পরিণত করতে চায়। আপনার কাছে আমার প্রশ্ন, সাংবাদিকতার নীতিতে ব্যাপারটি কোন পর্যায়ের অপরাধ আর ব্যাপারটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে ক্ষতিগ্রস্ত করবে কি না। মোহাম্মদ আর বারী, [email protected]সম্পাদক: এ বিষয়ে আগেও বলেছি, পত্রিকা দুটিতে যে বিষয়ে এসব ধরনের সংবাদ ও মত প্রকাশিত হয়, তা কোনোভাবেই সাংবাদিকতার নীতিতে পড়ে না। সম্পূর্ণভাবে মিথ্যা ও আজগুবী এসব সংবাদ প্রচার করছে শুধু প্রথম আলোর ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার জন্য। এসব সংবাদ প্রচার পুরোপুরি উদ্দেশ্যপ্রণোদিত এবং নিন্দনীয়। প্রথম আলোর বিরুদ্ধে কুত্সা প্রচারই যেন তাদের প্রধান কাজ। এবং সেজন্যই তারা পত্রিকা বের করেছে। তবে এসব কিছুর সঙ্গে প্রশাসনেরও কারো কারো সংযোগ থাকতে পারে। এতে করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বিঘ্নিত হয়। বাংলাদেশে সাংবাদিকতা অনেক দিনের পুরোনো হলেও সংবাদপত্রে বস্তুনিষ্ঠতা এবং নিরপেক্ষতা থাকে কম। তবে কিছুটা হলেও এর গুণমান উন্নীত হয়, সে বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।প্রশ্ন: বর্তমান সরকার পুরোপুরি বিচার বিভাগের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। বিচার বিভাগ একের পর এক রায় দিচ্ছে, সরকারও সেগুলো নিয়ে মাঠ গরম করছে। বিচার বিভাগের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা রেখেই বলছি, বিচার বিভাগে সংবিধানের বিভিন্ন ইস্যু নিয়ে রায় দেওয়া হলেও গণতান্ত্রিক রাষ্ট্রে সার্বভৌম সংসদেরই নির্ধারণ করা উচিত বিচার বিভাগের রায় বাস্তবায়িত হবে কি হবে না। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি।মাহবুবুর রহমান, [email protected] সম্পাদক: বাংলাদেশের সংসদ যুক্তরাজ্যের হাউস অব কমনসের মতো সার্বভৌম নয়। বাংলাদেশে সংবিধান সর্বোচ্চ আইন। এতে বিচার বিভাগ, নির্বাহী বিভাগ ও আইনসভার ক্ষমতা ও দায়িত্ব নির্দিষ্ট করা আছে। যদিও চূড়ান্ত বিচারে জনগণের প্রতিষ্ঠান হিসেবে সংসদই সার্বভৌম। তাই সংবিধানের বর্তমান সংশোধন প্রক্রিয়াকে সেইভাবে দেখতে হবে। পঞ্চম সংশোধনীর বিষয়ে রায়ের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে সংসদীয় বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং তারাই সংবিধান সংশোধন বিল আনছে।প্রশ্ন: ফখরুদ্দীন আহমদের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। আইনের প্রয়োগের কঠোরতার কারণে মানুষ অনেকটাই সংযত ছিল। রাস্তায় মানুষ ট্রাফিক আইন মেনে চলার চেষ্টা করত। চুরি-ছিনতাই অনেকটাই কমে গিয়েছিল। পুলিশও দায়িত্ব পালনে অনেক আন্তরিক ছিল। অবৈধ দখলদারিত্ব বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন নির্বাচিত গণতান্ত্রিক সরকারের আমলে দেখা যাচ্ছে যেসব অনিয়ম ফখরুদ্দীন সরকারের আমলে বন্ধ হয়ে গিয়েছিল-সেগুলোই আবার ফিরে এসেছে। সবকিছুতেই কেমন যেন এলোমেলো ভাব, কোথাও কোনো শৃঙ্খলা নেই। গণতন্ত্র সবসময় কাম্য হলেও অনির্বাচিত ও নির্বাচিত সরকারের আমলের পার্থক্য আজ অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। ব্যাপারটি আপনি কীভাবে দেখেন?প্রদীপ তালুকদার, [email protected]সম্পাদক: আপনি যা বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটু ভালো ছিল, নির্বাচিত সরকারের আমলে সেটা কিছুটা খারাপ—এটাও সত্য। এর কারণ হলো, অনির্বাচিত সরকার অনেকটাই সরাসরি কাজ করতে পারে, চাপ সৃষ্টি করতে পারে অথবা ভয় দেখাতে পারে এবং দ্রুত কাজ করতে পারে। তবে নির্বাচিত সরকারের অধীনেই আমাদের সব সময় বাস করতে হবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ভুল-ত্রুটি থাকলেও এখন পর্যন্ত এটা সবচেয়ে গ্রহণযোগ্য ভালো শাসন ব্যবস্থা। আমাদের সবার দায়িত্ব এই পরিস্থিতিকেই উন্নত করা। সরকারের দায়িত্ব এখানে বেশি। সংবাদপত্রে আমরা চেষ্টা করি সরকারের ভুলত্রুটি ধরিয়ে দিতে, যেসব বিষয়ে পরিবর্তন আনা দরকার, সেসব বিষয়ে আলোকপাত করতে; যাতে করে পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকা সম্ভব হয় সরকারের। তা ছাড়া সরকারের ওপর চাপ রাখতে হবে, যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে। একই সঙ্গে বিরোধী দলের কর্মকাণ্ড সম্পর্কেও আমরা সজাগ থাকি।প্রশ্ন: বাংলাদেশে সাংবাদিকেরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করেন বলে আমার মনে হয় না। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের সক্রিয় সমর্থক। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে দেখি দলীয় দৃষ্টিকোণ থেকে সংবাদ প্রচার করতে। এটা সবচেয়ে ন্যাক্কারজনকভাবে ফুটে উঠেছিল, গত জুনে চট্টগ্রামে অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের সময়। নির্বাচনের দিন গভীর রাত পর্যন্ত প্রায় সবগুলো চ্যানেলেই আওয়ামী লীগ প্রার্থী মহিউদ্দিন চৌধুরীকে ভোট গণনায় এগিয়ে রাখা হয়েছিল। অথচ সন্ধ্যা থেকেই মহিউদ্দিন চৌধুরীকে ছাড়িয়ে অনেক এগিয়ে গিয়েছিলেন মঞ্জুর। এটা কী পক্ষপাতিত্ব নাকি চাপ? আপনি ব্যাপারটির ভালো উত্তর দিতে পারবেন। বাংলাদেশে সংবাদ মাধ্যম কী সত্যিকার অর্থেই স্বাধীন?ইশতিয়াক, [email protected]সম্পাদক: সাংবাদিকতা একটি স্বাধীন ও দল নিরপেক্ষ পেশা, সে বিষয়ে ঠিক বলেছেন। আমাদের দেশে স্বাধীন ও দলমত-নিরপেক্ষ সাংবাদিকতা প্রয়োজন। আমাদের দেশে অনেক সময় রেডিও, টিভি এবং পত্রিকাগুলো বিভিন্ন সরকারের সময় বিভিন্ন দলের হয়ে কাজ করে—এর ফল ভালো হয় না। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনেও এর প্রতিফলন ছিল। আমরা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করি বলে বিভিন্ন সরকারের আমলে আমরা আক্রমণের শিকার হই; বিশেষ করে বড় দলগুলো অনেক সময় আমাদের অবস্থান মেনে নিতে পারে না। তারা পছন্দ করে তোষামুদি সাংবাদিকতা। সম্প্রতি সংসদে প্রথম আলোর বিরুদ্ধে কয়েকজন সাংসদের বক্তব্যও সেটাই প্রমাণ করে। আমরা নানা প্রতিকূলতার মধ্যে স্বাধীন ও দলনিরপেক্ষ সাংবাদিকতা ধারাকে অবশ্যই অক্ষুণ্ন রেখে চলবো। কোনো আক্রমণ বা কোনো ভয়ভীতিকে উপেক্ষা করে আমরা কাজ করে যাব।প্রশ্ন: একটি অভিযোগই জানাব আপনাকে। ইদানিং প্রথম আলোতে বিজ্ঞাপন মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেছে। গোটা পত্রিকাটা জুড়েই অজস্র বিজ্ঞাপন বিরক্তি উত্পাদন করছে। ব্যাপারটি কীভাবে দেখছেন।ইয়াসিন, [email protected] সম্পাদক: আমাদের কাগজে বিজ্ঞাপনের আধিক্য নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আপনাকে ধন্যবাদ। এ রকম আমরা মঝেমধ্যেই শুনি। প্রকৃতপক্ষে বিজ্ঞাপনের আয়ের ওপর নির্ভর করে পত্রিকাকে চলতে হয়। সংবাদপত্র বিক্রি করে যে টাকা পাওয়া যায়, তা দিয়ে সংবাদপত্র চলে না। আবার বিজ্ঞাপনেরও পাঠক আছে। পাঠক বিজ্ঞাপনের মধ্য দিয়ে তাদের প্রয়োজনের চাকুরি, পণ্য শিক্ষা-স্বাস্থ্যসহ বহু বিষয়ে জানতে পারেন। কোনো ব্যবসায়ী বা সরকারের ওপর আর্থিক নির্ভরশীলতা থাকলে তা সংবাদপত্রের নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করবে। আমরা অবশ্য চেষ্টা করি পত্রিকায় ৪০ শতাংশের বেশি বিজ্ঞাপন না ছাপতে। বিদেশে এ হার ৫০-৬০ শতাংশ পর্যন্ত গৃহীত হয়। প্রশ্ন: এই মুহূর্তে বিদ্যুৎ সঙ্কট এদেশের সবচেয়ে বড় সমস্যা। বিদ্যুৎ না থাকার কারণে দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক উন্নয়ন ব্যহত হচ্ছে। এই সরকার বলেছে ২০১৫ সালের মধ্যে না কি নয় হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। কিন্তু তাঁরা তা কীভাবে করবে সেটা কিন্তু ব্যাখ্যা করেনি। এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ কোন মাধ্যমকে বেশি গুরুত্ব দেবে সেটাও কিন্তু বলা হচ্ছে না। এদেশের ‘বিদ্যুৎ-পণ্ডিতেরা’ গ্যাসের কথাও বলেন, কয়লার কথাও বলেন। ইদানিং শুনছি পরমাণু শক্তির কথা। একজন অভিজ্ঞ সাংবাদিক হিসেবে, দেশের সার্বিক অবস্থা দীর্ঘদিন ধরে কাছ থেকে পর্যবেক্ষণ করার সুবাদে আপনার মতে, বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনের সবচেয়ে ভালো মাধ্যম কোনটি?মো. নূরুজ্জামান, [email protected]সম্পাদক: দেশে বর্তমানে গ্যাস, বিদ্যুতের যে সংকট, তা এক দিনে সৃষ্টি হয়নি। বিগত কয়েকটি সরকারের আমলে সুশাসনের অভাব, দুর্নীতি, এবং অদক্ষতা ও পরিকল্পনাহীনতা এই খাতকে একেবারে খাদের কিনারায় নিয়ে এসেছে। ফলে বর্তমান সরকারের আমলে আমরা এ সংকটকে তীব্রতর দেখতে পাচ্ছি। এই সংকট থেকে উত্তরণে বর্তমান সরকার স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতের জন্য এই পরিকল্পনা অত্যন্ত জরুরি, কারণ এগুলো এমন বিষয় নয় যে, প্রয়োজনে যেকোনো সময় বাজারে গিয়ে কিনে আনা যাবে। এটা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়সাপেক্ষ বিষয়। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের দেশের অতীত অভিজ্ঞতা তেমন ভালো নয়। বর্তমান সরকারের আমলে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে এসেছে। যদিও এর অধিকাংশই বিগত সরকারের আমলের প্রকল্প থেকে গৃহীত। এ ছাড়া বর্তমান সরকার প্রায় আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কার্যাদেশ দিয়েছে। এর মধ্যে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই গ্রিডে আসবে। পাশাপাশি আরও বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কার্যাদেশ দেওয়ার প্রক্রিয়া চলছে। ২০১৬-১৭ সাল নাগাদ ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা তাদের রয়েছে। এখন পর্যন্ত ৮৯ শতাংশ বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করা হয়। কারণ এখন সহজেই গ্যাস পাওয়া যাচ্ছে। তবে গত ১০ বছরে নতুন কোনো গ্যাসক্ষেত্র অনুসন্ধান করা হয়নি। এ জন্য ভবিষ্যতে গ্যাসের ঘাটতি হবে। এই সরকারের আমলে পুরোনো কয়েকটি গ্যাসকূপের সংস্কার করে ১০ কোটি ৮০ লাখ ঘনফুট নতুন গ্যাস জাতীয় গ্রিডে আনা হয়েছে। পাশাপাশি দেশের স্থলভাগে এবং সমুদ্রবক্ষে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের প্রক্রিয়া চলছে। কিন্তু বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সম্পূর্ণ গ্যাসনির্ভর হতে পারে না। শুধু বিদ্যুৎ উৎপাদনে এত বেশি গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। আমাদের দ্বিতীয় বিকল্প জ্বালানি হতে পারে কয়লা। কয়লা এ দেশে প্রচুর আছে। গুণগত মানও ভালো আমাদের কয়লার। কিন্তু উত্তোলনের বিষয়ে সরকার স্পষ্ট কোনো সিদ্ধান্তে আসেনি। এ ছাড়া আমদানি করা তেল—ডিজেল ও ফার্নেস অয়েল দিয়েও বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বাংলাদেশ সরকার একটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সঙ্গে আলোচনা করছে। এটা অত্যন্ত সময় ও ব্যয়সাপেক্ষ প্রক্রিয়া। আগামী ১০ বছরেও এটা হবে কি না, বলা যায় না। তবে এই প্রযুক্তির জন্য আমাদের রাশিয়া, আমেরিকা বা ফ্রান্সের মতো পরমাণু প্রযুক্তি আছে, এমন কোনো দেশের ওপর নির্ভর করতে হবে। তবে এ ব্যাপারে ভিন্নমতও রয়েছে।প্রশ্ন: যুবলীগ নেতা ইব্রাহীম হত্যার ঘটনায় সম্ভাব্য খুনীর তালিকায় প্রথমেই নাম আসা উচিত ভোলার সরকারদলীয় সাংসদ নূরুন্নবী চৌধুরী শাওনের। অথচ সরকার ও পুলিশের ভূমিকায় এটাই স্পষ্ট হয়ে উঠেছে যে উপরের মহল থেকে শাওনকে বাঁচানোর সব ধরনের চেষ্টা করা হচ্ছে। খুনের মামলায় শাস্তির পরিবর্তে আইন প্রতিমন্ত্রীর প্রস্তাবিত ‘অস্ত্র মামলায়’ সাজার বিষয়টি সম্ভবত সাংসদ শাওনের পছন্দ হয়নি বলে ‘অস্ত্রের লাইসেন্স’ বাতিলের ঘোষণা দিলেন ডিএমপি কমিশনার। সরকার দলীয় সাংসদ মানেতো সাত খুন মাফ- ২০০১ সালের মালিবাগ হত্যাকাণ্ড আর ২০১০ সালের ইব্রাহীম হত্যাকাণ্ড মিলে শাওনের খুনতো মাত্র ৫টি। এ সম্পর্কে আপনি কিছু বলবেন কি?জাহিদ হাসান, [email protected] সম্পাদক: এই ঘটনা নিয়ে একাধিক প্রতিবেদন আমাদের পত্রিকায় ছাপা হয়েছে। এই মামলার তদন্তের একপর্যায়ে আমাদের মনে হয়েছে, তদন্ত সঠিকভাবে হচ্ছে না। পুলিশ কমিশনারের সর্বশেষ দেওয়া বক্তব্যের পর এ নিয়ে সন্দেহ আরও বেড়ে গেছে। এ নিয়ে আমাদের প্রতিবেদন প্রকাশের পর সরকার মামলাটির তদন্তের ভার সিআইডিকে দিয়েছে। আমরা আশা করব, সাংসদ হওয়ার কারণে যেন কাউকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া না হয়। আমরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার আশা করি।