পাঠকের প্রশ্ন, সম্পাদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: ২১ সেপ্টেম্বর সংসদ অধিবেশনে স্পিকারসহ একাধিক সাংসদ যেভাবে সাংবাদিক এবং সম্পাদকদের সমালোচনা করলেন, তা কি বাক-স্বাধীনতার ওপর হস্তক্ষেপের শামিল মনে করেন? সংসদ বা সাংসদ অবমাননা আইন প্রসঙ্গে বলেছেন এক মন্ত্রী, এ রকম আইন করা কি সম্ভব?নিয়াজ মাহমুদ, [email protected] প্রশ্ন: কিছুদিন আগে সংসদে আপনার বিরুদ্ধে সাংসদদের বিষোদগার দেখলাম। তাঁরা আপনাকে একটি বিশেষ মামলায় জড়ানোর চেষ্টা চালালেন। কেউ কেউ বললেন, আপনাকে সংসদ ও সাংসদদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার জন্য সংসদে তলব করা হোক। সাংসদেরা কি এভাবে যে কাউকে তলব করতে পারেন? আর আপনাকে যদি তলব করা হয়, তাহলে কি আপনি সেখানে যাবেন? আর পুরো ব্যাপারটিই বা আপনি কীভাবে দেখছেন? আবদুল মজিদ কাজী, [email protected]সম্পাদক: এ বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ মতামত ছাপা হয়েছে ৪ অক্টোবর, সোমবার। প্রথম পাতায় ‘প্রথম আলো সত্য প্রকাশে অবিচল থাকবে’ শিরোনামে প্রকাশিত মন্তব্য প্রতিবেদন পড়ুন, আমাদের অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। প্রশ্ন: আমি প্রথম আলো পত্রিকার নিয়মিত একজন পাঠক। অনেক আগে থেকেই আমি আপনার লেখার সঙ্গে, সাংবাদিকতার সঙ্গে পরিচিত। আপনি যখন একতার সম্পাদক ছিলেন, তখনো আমি তা পড়তাম। আপনার সাড়া জাগানো ‘ধনিক গোষ্ঠীর লুটপাটের কাহিনী’ আমি খুবই মনোযোগের সঙ্গে পড়েছি। রাজনৈতিকভাবে আমি কমিউনিস্ট পার্টি করতাম না, করতাম জাসদ। আমি জাসদ করলেও আপনাকে বরাবরই শ্রদ্ধা করি। প্রথম আলো সংবাদের পাশাপাশি আর যা কিছু করেছে, তার সঙ্গে বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক কার্যক্রমের অনেক মিল রয়েছে। কিন্তু গত প্রায় এক যুগে প্রথম আলোর ব্যাপারে আমার একটি পর্যবেক্ষণ রয়েছে। আমি লক্ষ করেছি, প্রথম আলো সংবাদ দেওয়ার ক্ষেত্রে বামপন্থীদের প্রতি খুবই বিমাতাসুলভ। জাসদ তো দূরের কথা, কমিউনিস্ট পার্টির সংবাদও প্রথম আলোতে খুব একটা পাই না। আপনি আমার এই পর্যবেক্ষণের ব্যাখ্যা দেবেন কী? আবদুল্লাহিল কাইয়ূম, [email protected]সম্পাদক: আপনি একতা পত্রিকা পড়তেন, আমাদের অতীত কার্যক্রম সম্পর্কে জানেন, আমাদের ভালোবাসেন, সে জন্য অত্যন্ত আনন্দিত হলাম। আপনার কিছু পর্যবেক্ষণ আমরা মেনে নিচ্ছি। তবে বামপন্থী দলগুলোর কার্যক্রম সংকোচনের কারণেই এ সম্পর্কে সংবাদ পরিবেশন কমে গেছে। যেসব বিষয়ে মানুষের অংশগ্রহণ ও আগ্রহ বেশি, দৈনিক পত্রিকাকে সে বিষয়েই বেশি গুরুত্ব দিতে হয়। তার পরও আমরা বামপন্থী সংগঠনের সংবাদ ছাপি। এ ধরনের সংবাদ ছাপানো দরকার। কারণ, অনেক বিষয়ে তাদের অবস্থান মানুষ জানতে চায়। বিকল্প চিন্তা-ভাবনাগুলো মানুষকে জানানো দরকার। প্রশ্ন: আমি নিয়মিত লিখছি, কিন্তু ইন্টারনেটে ছাপাচ্ছে না। আবার জানাচ্ছেও না, কারণ কী? দয়া করে জানাবেন কি?মো. রমজান আলী, [email protected] সম্পাদক: আমাদের অনলাইনে মন্তব্য করার বা লেখার জন্য একটি নির্দিষ্ট নীতিমালা আছে। আপনি ওই নীতিমালা মেনে লিখছেন কি না খেয়াল করুন। অবশ্যই ছাপা হবে।প্রশ্ন: বাংলাদেশে কবে উচ্চশিক্ষা কেবল সুযোগ না হয়ে অধিকারে পরিণত হবে? উচ্চশিক্ষাকে জনগণের অধিকারে পরিণত করা কি সরকারের কর্তব্য নয়? গণমাধ্যমের কি এ ব্যাপারে কিছুই করার নেই?মোহাইমিনুল ইসলাম, [email protected]সম্পাদক: বাংলাদেশের সংবিধানে শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি, এটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র আর্থিক সামর্থ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে এগুলো জনগণকে দিতে চেষ্টা করে, তবে এই সুযোগ দিতে সরকার বাধ্য নয়। বাংলাদেশের সরকার স্কুল পর্যন্ত কিছু কিছু অবৈতনিক শিক্ষার সুযোগ তৈরি করেছে। উচ্চশিক্ষাকে অধিকারের পর্যায়ে নিয়ে যেতে দেশকে আরও অনেক দূরে এগিয়ে যেতে হবে। এ বিষয়ে গণমাধ্যমেরও দায়িত্ব রয়েছে সরকারকে উদ্বুদ্ধ করা এবং সহযোগিতা দেওয়া। আমরা এ বিষয়ে ফিচার, প্রতিবেদন ও সংবাদ পরিবেশন করে থাকি। ভবিষ্যতে আরও করব।প্রশ্ন: বর্তমান সরকারের ভাষ্যমতে, দেশের গণমাধ্যমগুলো এই সরকারের আমলে সবচেয়ে বেশে স্বাধীনতা ভোগ করছে। আপনি এ কথাটিকে কতটুকু সঠিক মনে করেন? মোহাম্মদ মুশফিকুর রহমান খান, [email protected]সম্পাদক: স্বাধীনতার তো নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, সে জন্য গণমাধ্যম কোনো বিশেষ আমলে সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে, সেটা বলা যাবে না। সাধারণভাবে দুই দশক ধরে সংবাদপত্র মোটামুটিভাবে স্বাধীনতা ভোগ করছে। তবে বিভিন্ন সরকারের আমলে নানাভাবে সাংবাদিকেরা চাপ অনুভব করেছেন। কখনো কখনো আক্রমণের শিকারও হতে হয় গণমাধ্যমকে। গণমাধ্যমের স্বাধীনতা গণতান্ত্রিক বিকাশের সহায়ক শক্তি হিসেবে কাজ করে। এটা গণমাধ্যমের জন্য বিশেষ কোনো সুযোগ নয়। তবে গত কয়েক দশকে বাংলাদেশের গণমাধ্যম তাদের কাজের মধ্য দিয়ে নিজেদের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।প্রশ্ন: আমরা জানি, প্রথম আলো দেশের অন্যতম গ্রহণযোগ্য সংবাদপত্র। কিন্তু আমি জানতে চাই জেলা শহরগুলোর সংবাদ দেওয়ার ক্ষেত্রে প্রথম আলো কি পক্ষপাতদুষ্ট? এখানে কেবল ঢাকারই সংবাদ বেশি করে প্রকাশিত হয়। খেলার পাতায় জেলা শহরের ক্রীড়া কার্যক্রমের তেমন কোনো সংবাদ আমরা পাই না। প্রেস বিজ্ঞপ্তি আকারে পাঠালেও প্রকাশ করা হয় না। জাতীয় সংবাদপত্র হিসেবে প্রথম আলোয় ঢাকার বাইরের জেলা শহরগুলোর সংবাদও থাকবে, এমনটাই আমরা আশা করি। এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। মো. মিজানুর রহমান, [email protected] সম্পাদক: শুরু থেকেই প্রথম আলো সব শ্রেণীর পাঠকের পত্রিকা হতে চেয়েছে, সে কারণে পক্ষপাতের কোনো প্রশ্নই ওঠে না। যেকোনো সংবাদ ছাপা হয় তার সংবাদমূল্যের ওপর ভিত্তি করে। জেলা শহর বা ঢাকাকে কম বা বেশি মূল্য দেওয়ার কোনো কারণ নেই। সংবাদের গুরুত্ব হিসেবে সংবাদ ছাপা হয়ে থাকে। ঢাকা রাজধানী—ঘটনাবহুল শহর বলে এখানে উল্লেখযোগ্য ঘটনা বেশি। আপনি লক্ষ করে থাকবেন, আমাদের মূল কাগজে আঞ্চলিক সংবাদের জন্য ‘সারা দেশ’, ‘বিশাল বাংলা’ বলে আলাদা পাতা রয়েছে। তা ছাড়া ‘আলোকিত উত্তর’, ‘আলোকিত দক্ষিণ’, ‘আলোকিত সিলেট’ ও ‘আলোকিত চট্টগ্রাম’ বলে আমাদের আলাদা ক্রোড়পত্র রয়েছে। যদিও এগুলো ওই এলাকাগুলোয় প্রচারিত হয়। এগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলের অনেক জরুরি সংবাদ ছাপা হয়। প্রশ্ন: ঢাকা শহরের কী অবস্থা, তা এই শহরের বাসিন্দামাত্রই জানেন, বোঝেন। এটা মনে হয় পৃথিবীর একমাত্র শহর, যেখানে নিয়মকানুন ও আইনের কোনো বালাই নেই। সারা বাংলাদেশ থেকে লাখ লাখ মানুষ এই শহরে এসে ভিড় করছে। এমন সব লোক এই শহরে এসে ভিড় করে, যাদের এখানে থাকার পর্যন্ত জায়গা নেই। এই শহরে পর্যাপ্ত গণপরিবহন নেই, মূল রাস্তার পাশেই ডাস্টবিনে ময়লা পড়ে থাকে, দেখারও কেউ নেই। অথচ আজ থেকে ১০-১২ বছর আগেও কিন্তু ঢাকার অবস্থা এতটা খারাপ ছিল না। একটি রাজধানী শহরে বিদেশ থেকে অনেক অতিথি আসে। রাজধানী শহর দেখে তাদের কোনো দেশ সম্পর্কে প্রাথমিক ধারণা জন্মায়। আমাদের এই নোংরা, নিয়মশৃঙ্খলাবিহীন ঘিঞ্জি ঢাকা শহর দেখে বাংলাদেশ সম্পর্কে বিদেশিরা কী ধারণা পাচ্ছে? পরিশেষে বলি, প্রথম আলো আমার বরাবরের প্রিয় পত্রিকা এবং আমি আপনার একজন ভক্ত। সৈয়দ মাজিদুল, [email protected] সম্পাদক: আপনি আমাদের পত্রিকা পছন্দ করেন, সে জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঢাকা শহরের অব্যবস্থাপনা বিষয়ে বিদেশিদের নিশ্চয়ই অনেক খারাপ ধারণা জন্মায়। তার চেয়েও বেশি হলো, এ শহরে সুন্দরভাবে বসবাস আমাদের জন্য কঠিন হয়ে পড়ছে। এ বিষয়ে আমরা আগেও বলেছি, দীর্ঘমেয়াদি ও বিস্তৃত পরিকল্পনা, বিশেষ করে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছাড়া এ শহরকে বাসযোগ্য করা সম্ভব নয়।প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ১০ টন সোনা কিনেছে। একই সময়ে ইরাক থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের কথাও ঘোষিত হয়েছে। তার মানে, অচিরেই ইরাক যুদ্ধ শেষ হয়ে গেলে ডলারের মূল্য বেড়ে বিশ্ববাজারে সোনার দাম কমে যাবে। তখন বাংলাদেশের জন্য এই ১০ টন সোনা কি ক্ষতির কারণ হবে না? উপরন্তু, এই সোনা রিজার্ভ রাখা হচ্ছে ব্যাংক অব ইংল্যান্ডে। সেখানে বাংলাদেশকে অবশ্যই বৈদেশিক মুদ্রা গুনতে দিতে হবে। আমি জানতে চাই, এই সোনা কেনার ব্যাপারটি কি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত? এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই।হাসান মোহাম্মদ সালেহীন, [email protected] সম্পাদক: বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, তারা সব দিক বিবেচনা করে এই সোনা কিনেছে। বাংলাদেশ মোট রিজার্ভের মাত্র পাঁচ-ছয় শতাংশ অর্থ দিয়ে প্রথমবারের মতো এই সোনা কিনেছে। সারা বিশ্বেই ডলারসহ অন্যান্য মুদ্রার মান এবং সুদের হার ওঠানামা করে। যে দেশে বাংলাদেশ অর্থ রাখে, তাদের আর্থিকনীতি ও মুদ্রানীতির ওপর এটা নির্ভর করে, সেখানে বাংলাদেশের কোনো ভূমিকা থাকে না। সারা বিশ্বেই সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, সেই বিবেচনাই হয়তো বাংলাদেশ ব্যাংক এটা কিনেছে। ভবিষ্যতে এতে লাভ হবে না ক্ষতি হবে—সেটা পর্যবেক্ষণের বিষয়। তবে ডলারের চেয়ে সোনাকে বেশি নিরাপদ বিবেচনা করা হয়।প্রশ্ন: পাবনার ডিসি, এসপি, ইউএনওদের বদলি করে সরকার কী প্রমাণ করতে চাচ্ছে? শফিক আলম, [email protected] সম্পাদক: এ বিষয়ে আমাদের বিস্তারিত মতামত জানার জন্য গত ৩০ সেপ্টেম্বর প্রথম আলোতে প্রকাশিত সম্পাদকীয় দেখুন। এটা অবশ্যই জনপ্রশাসনের কর্মীদের নির্বিঘ্নে কাজ করার পথ সহজ করে না। এবং জনমনেও সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে, যে কারণে আপনি লিখেছেন।প্রশ্ন: সরকার ডিজিটাল দেশ গড়ার ঘোষণা দিয়েছে। কিন্তু আমার মনে হয়, এটা একটা ‘ফাঁকা’ আওয়াজ। এই সরকারকে দিয়ে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়া কি আদৌ সম্ভব?সৌমিত্র বিশ্বাস, [email protected]সম্পাদক: ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনাটি সময়োপযোগী। এটা বাংলাদেশকে সুশাসনের পথে অনেক দূর এগিয়ে দিতে পারে, একইসঙ্গে দেশের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনবে। তবে বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশে এ ধরনের কার্যক্রম বাস্তবায়ন করা বেশ কঠিন। এ বিষয়ে সরকারের আলাদা প্রকল্প আছে। বাংলাদেশের জেলাগুলোর তথ্য প্রোফাইল ইতিমধ্যে করা হয়েছে। এ রকম একটি দুরূহ বিষয়ে সরকারকে গভীর সদিচ্ছা নিয়ে এগিয়ে যেতে হবে।