পাঠকের প্রশ্ন, সম্পাদকের জবাব
প্রশ্ন. রেলওয়ে সারা পৃথিবীতে স্বীকৃত একটি সহজলভ্য, দ্রুত ও সহজ যোগাযোগ-মাধ্যম। কিন্তু বাংলাদেশে আমরা দেখছি, রেলওয়ে দিনে দিনে ধুঁকে শেষ হয়ে যাচ্ছে। এই দেশে রেলওয়েকে ‘অসুস্থ’ দেখিয়ে সড়ক পরিবহন ব্যবসায়ের উন্নতি ঘটানো হয়েছে। কিন্তু সেই উন্নতির ছোঁয়া কখনোই সাধারণ মানুষের গায়ে লাগেনি। রেলওয়েকে দুর্বল করে প্রচুর বাস নামানো হয়েছে, তাতে লাভের মধ্যে লাভ হয়েছে, সড়ক দুর্ঘটনা চরম আকার ধারণ করেছে। মহাসড়কে যানজট বেড়েছে, মহাসড়ক অনিরাপদ হয়েছে। অথচ শক্তিশালী রেলওয়ে থাকলে মানুষ রেল যোগাযোগের দিকে ঝুঁকত। সড়ক দুর্ঘটনা অনেক কমে যেত। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলুন, কেন, কী কারণে, কার স্বার্থে বাংলাদেশে রেলওয়েকে দুর্বল করে ফেলা হয়েছে? বর্তমান সরকার রেলওয়েকে শক্তিশালী করার যে কথা বলছে, তাতে আপনি আশাবাদী কি না?কামরুল হাসান, [email protected]সম্পাদক: সরকারি হিসাবে স্বাধীনতার পর ১৯৭৩-৭৪ অর্থবছরে সড়ক, রেলওয়ে, জল ও আকাশপথে সরকার মোট বরাদ্দ দেয় প্রায় ৫২৮ কোটি টাকা। এর মধ্যে সড়ক খাতে বরাদ্দ ছিল ২৮ ভাগ, রেলওয়ে খাতে ২৪ ভাগ, নৌ ও বিমানপথের জন্য বরাদ্দ ছিল বাকি টাকা। ১৯৮০-৮৫ সাল পর্যন্ত রেলওয়ে ও সড়কপথের জন্য বরাদ্দ সমান হয়ে ৩২ ভাগে দাঁড়ায়। নব্বইয়ের দশকের প্রথম পাঁচ বছরে সড়ক খাতে মোট বরাদ্দের ৬৬ ভাগ দেওয়া হয়। এ সময় রেলওয়ের বরাদ্দ কমে দাঁড়ায় মাত্র ১৭ ভাগে। ১৯৯৫-৯৭ এই দুই বছরে সড়কপথে বরাদ্দ দেওয়া হয় ৭৫ ভাগ আর রেল খাতে বরাদ্দ দেওয়া হয় ১৬ ভাগ। ১৯৯৭-২০০২ পর্যন্ত সড়ক খাতে বরাদ্দ দেওয়া হয় ৫৯ ভাগ এবং রেল খাতে বরাদ্দ হয় ২২ ভাগ। ২০০২-০৫ সাল পর্যন্ত রেলওয়েতে বিনিয়োগ একেবারেই কমে যায়। এ সময় রেলওয়েতে ১২ ভাগের বিপরীতে সড়কপথে সরকার বরাদ্দ দেয় ৮৬ ভাগ। এই হিসাবেই স্পষ্ট, সরকার রেলওয়ে খাতকে কতটা অবহেলা করেছে। বলা হয়ে থাকে, দেশের সড়ক পরিবহন খাত নিয়ন্ত্রণ করে থাকেন মন্ত্রী, সাংসদ ও আমলারা। এ জন্যই তাঁরা রেলওয়ের তুলনায় সড়কপথের প্রতি বেশি সংবেদনশীল। এ ছাড়া ৯০-এর দশকের পর বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিদেশি বিভিন্ন সংস্থার পরামর্শে প্রায় পৌনে তিন শ কিলোমিটার রেলপথ বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে রেলওয়ে ইঞ্জিন ও বগির সংকট প্রকট। লোকবলও কমে গেছে। লোকসান বছরে ৫০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। এ অবস্থায় ভারতীয় ১০০ কোটি টাকা ঋণে রেলওয়ের উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। সেটাও যথেষ্ট নয় এবং সুফল পেতেও দেরি হবে। রেলওয়ের সংস্কারের শর্তে বিদেশি বিভিন্ন সংস্থা চার হাজার কোটি টাকা ঋণ দেওয়ার কথা ছিল। কিন্তু সেটাও ঝুলে আছে। ইঞ্জিন-বগিও আগামী দুই-এক বছরের মধ্যে আসছে না। এ অবস্থায় সহসা রেলওয়ের চোখে পড়ার মতো পরিবর্তন আসবে বলে মনে হয় না।প্রশ্ন. নাটোরে একজন উপজেলা চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা করা হলো। যেকোনো সভ্য দেশে এ ধরনের ঘটনা অকল্পনীয়। এমন একটি ঘটনা যখন ঘটেই গেছে, কোথায় সরকার আন্তরিক হবে, অপরাধীদের খুঁজে বের করবে, তা না, সরকার এখন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী থেকে সরকারের নেতৃস্থানীয় অনেকেই এটা বিএনপির অভ্যন্তরীণ কলহের পরিণতি হিসেবে প্রমাণের চেষ্টা চালাচ্ছেন। আমার প্রশ্ন, এমন নৃশংস ঘটনা কি নিছক রাজনীতির দৃষ্টিকোণ থেকে না দেখে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা যায় না? ইকবালুর রহিম, [email protected]সম্পাদক: নাটোরের ঘটনা খুবই দুঃখজনক। প্রকাশ্য দিবালোকে এই হত্যাকাণ্ড হয়েছে, মানুষ দেখেছে। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, লাঠি হাতে মারধরের দৃশ্যসহ তাদের ছবি পত্রিকা, টেলিভিশনে মানুষ দেখেছে। এখানে বিভ্রান্তির কোনো সুযোগ নেই। আমাদের দেশে যেকোনো সাধারণ ঘটনাকেও সরকার ও বিরোধী দল দুভাবে চিত্রায়িত করে—এটা খুবই দুঃখজনক। অধিকাংশ সময়ে ঘটনাগুলো দ্রুত তদন্ত ও সঠিক বিচারের দিকে যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ এবং সংশ্লিষ্ট সবার উচিত দ্রুত তদন্ত ও বিচারের ব্যবস্থা নেওয়া। সঠিক তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া সম্পন্ন ছাড়া এ বিষয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা অন্য কারোরই আগে থেকে নানা কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করা উচিত নয়। এতে করে পরিস্থিতি আরও জটিল হয়। মানুষের মধ্যে প্রশ্ন দেখা দেয়। মানুষ হতাশায় ভোগে।প্রশ্ন. প্রথম আলো একটি জনপ্রিয় সংবাদপত্র। আমি দীর্ঘ ১২ বছর ধরেই এর নিয়মিত পাঠক। প্রথম আলোর প্রচারসংখ্যা বর্তমানে এমন একটা পর্যায়ে চলে গেছে, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ প্রচারিত পত্রিকার সঙ্গে প্রথম আলোর সংখ্যাতাত্ত্বিক ব্যবধান অনেক বেশি। এ রকম একটা নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অবস্থানে থেকে বাজারে নতুন কোনো পত্রিকার আগমনকে আপনি কীভাবে দেখেন? যেমন, সম্প্রতি কালের কণ্ঠ পত্রিকাটি যথেষ্ট পাঠকপ্রিয়তা অর্জন করেছে। এই পত্রিকার আগমনকে আপনি কীভাবে দেখেন?আসিফ পারভেজ খান, [email protected]সম্পাদক: যেকোনো পত্রিকার আগমন বা নতুন প্রতিদ্বন্দ্বীকে সব সময় আমরা স্বাগত জানাই। নতুন যেকোনো পত্রিকার ক্ষেত্রেও আমাদের দৃষ্টিভঙ্গি একই রকম। যদিও বাংলাদেশের সামাজিক, অর্থনৈতিক বাস্তবতায় একসঙ্গে অনেক পত্রিকার পক্ষে টিকে থাকা কঠিন। কারণ, বিজ্ঞাপনের বাজার সীমিত। তবুও অনেক পত্রিকা এসেছে, আরও আসবে বলে শোনা যাচ্ছে—সেগুলোকে আমরা স্বাগত জানাই। তবে আমরা মনে করি কোনো পত্রিকা কোনো বিশেষ উদ্দেশ্যে পরিচালিত হওয়া উচিত নয়। কোনো বিশেষ উদ্দেশ্য নিয়ে পরিচালিত হলে সংবাদপত্র বস্তুনিষ্ঠতা ধরে রাখতে ব্যর্থ হয়। প্রশ্ন. প্রথম আলোর প্রতিটি প্রতিবেদনে সংসদ সদস্যদের ‘সাংসদ’ লেখা হয়। অথচ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঞ্চম ভাগে আইনসভা বিভাগের ৬৫(২) অনুচ্ছেদে বলা হয়েছে, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ‘সংসদ সদস্য’ হিসেবে পরিচিত হবেন। বিষয়টি একটু বিস্তারিত জানাবেন কি?খোকন, [email protected]সম্পাদক: বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান; পৃষ্ঠা নম্বর-১১০৩-এ বলা হয়েছে, ‘সংসদ সদস্য’ এবং ‘সাংসদ’ শব্দ দুটি সমার্থক, যার অর্থ হলো—পার্লামেন্ট বা আইন পরিষদের সদস্য। সংক্ষেপে লেখার স্বার্থে ‘সংসদ সদস্য’ কথাটির পরিবর্তে আমরা ‘সাংসদ’ কথাটি লিখি। পত্রিকায় লেখার জন্য আমরা সব সময় সহজ এবং সংক্ষিপ্ত ভাষা ব্যবহার করার চেষ্টা করি। এ প্রসঙ্গে বলা যায়, প্রথম আলোর পক্ষ থেকে ব্যাকরণ বিশেষজ্ঞদের সাহায্য নিয়ে প্রথম আলো ভাষারীতি নামের একটি বই প্রকাশ করা হয়েছে। বইটি বাজারেও কিনতে পাওয়া যায়। সেটা আমরা অনুসরণ করি।প্রশ্ন. দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকার সম্পাদক হিসেবে আপনি কি চাপ অনুভব করেন? আপনার সাংবাদিক সহকর্মীরা কী সত্যের অনুসন্ধানে সব সময় সাহসী? কখনো এমন কি হয়েছে যে চাপের কারণে আপনি সত্যি ঘটনা প্রকাশ করতে পারেননি?ডা. জাভেদ হোসেন, [email protected]সম্পাদক: সংবাদপত্রের কাজ সব সময় চাপের। আমাদের জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি, সব সরকারের আমলেই পত্রিকাকে একটা চাপের মধ্যে থাকতে হয়েছে। কারণ, আমাদের দেশে সরকার সংবাদপত্রকে তাদের সমর্থকের ভূমিকায় আশা করে। সে জন্য পত্রিকার ওপর তারা অনেক সময় অসন্তুষ্ট থাকে। কখনো কখনো বিজ্ঞাপনও বন্ধ করে দেয়। অন্যভাবেও চাপ প্রয়োগ করে। এ বিষয়ে শুধু সরকার নয়, রাজনৈতিক সংগঠন, ধর্মীয় উগ্র গোষ্ঠী ও বড় ব্যবসায়ী সবার পক্ষ থেকেই চাপ থাকে। তার পরও বাংলাদেশের সংবাদপত্র অনেক অগ্রসর হচ্ছে সত্য প্রকাশের ক্ষেত্রে। অবশ্য এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক সাখাওয়াত আলীর মত, সরকারের সঙ্গে সংবাদপত্রের সম্পর্ক কিছুটা সাংঘর্ষিক হওয়া উচিত। আমরা মনে করি, আমাদের সাংবাদিকতার নীতি মেনে চলা উচিত। পাঠকই আমাদের লক্ষ্য। তাঁদের আমরা সত্য জানাতে চাই।প্রশ্ন. পুলিশ বাহিনীর সংস্কার নিয়ে প্রথম আলোতে বেশ কিছু প্রতিবেদন ছাপা হয়েছে। এই মুহূর্তে পুলিশ বাহিনীর সংস্কার ছাড়া অনেক সমস্যারই সমাধান সম্ভব নয় বলে আমি মনে করি। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার দৃষ্টিতে পুলিশের কোন কোন ক্ষেত্রে সংস্কার প্রয়োজন। এ দেশের রাজনীতিবিদেরা কি সত্যিই পুলিশের সংস্কারের ব্যাপারে আন্তরিক?জিয়া, [email protected]সম্পাদক: বাংলাদেশের পুলিশের সদস্যরা যে অবস্থায়, যে বেতন-ভাতা নিয়ে অক্লান্ত পরিশ্রম করেন তা এক কথায় অমানবিক। দুই দশক ধরে পুলিশ প্রশাসনে সংস্কারের জন্য অনেক আলোচনা হয়েছে, কিন্তু কাজ হয়নি। একাধিক কমিশনও কাজ করেছে। বিগত তত্ত্বাবধায়ক সরকার এ ব্যাপারে বড় ধরনের উদ্যোগ নিয়েও প্রশাসনিক কর্মকর্তাদের চাপে শেষ পর্যন্ত সফল হয়নি, এটা দুঃখজনক। এসব কারণে পুলিশের মধ্যে হতাশা রয়েছে। সব সরকারের সময়ই এ আলোচনা শুরু হয়। আবার থেমে যায়। আমরা মনে করি, পুলিশে সংস্কার খুবই জরুরি। প্রশ্ন. নিষ্ঠুরতা, হাহাকার আর দুর্ভোগ এ দেশের মানুষের সঙ্গী। আপনি দেশের সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক প্রচারিত পত্রিকার সম্পাদক। এসবের বিরুদ্ধে প্রথম আলো যুদ্ধ ঘোষণা করুক, এটা আমরা সবাই চাই। এ ব্যাপারে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী? এই মুহূর্তে ঢাকা নগরে বসবাসকারী মানুষেরা গণপরিবহন সমস্যায় আক্রান্ত। মানুষের জন্য রাস্তায় বের হওয়া আতঙ্কে পরিণত হয়েছে। বাস নেই, সিএনজিচালিত অটোরিকশা যেতে চায় না। সরকারের তরফ থেকেও কোনো উদ্যোগ নেই। প্রকাশ্যে পিটিয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে। সরকার চুপ। বাস ড্রাইভারের গোঁয়ার্তুমিতে বাস নদীতে পড়ে মানুষ মরছে, সরকারের কোনো মাথাব্যথা নেই। আপনারা কি পারবেন এসবের বিপক্ষে বলিষ্ঠ ভূমিকা নিতে?ইদ্রিস হোসেন, [email protected]সম্পাদক: আপনি এই সমাজের একজন বিবেকবান মানুষের মতোই প্রশ্ন করেছেন। আমাদের সমাজে এ রকম মানুষ এখন কমে গেলেও এখনো অনেক রয়েছেন। সমাজের অনিয়ম, নিষ্ঠুরতা, দুর্ভোগ—এসব এক দিনে সৃষ্টি হয়নি, আর এক দিনে দূর করাও যাবে না। এসব সমস্যা ধীরে ধীরে কমিয়ে সুস্থ সমাজ গড়ার জন্য প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতৃত্ব দরকার। সেই সঙ্গে সারা দেশের মানুষের মধ্যে দেশাত্মবোধ গড়ে তোলা এবং সুস্থ সামাজিক পরিবেশ গড়ে তোলার প্রেরণা দরকার। আপনারা জানেন, প্রথম আলো সব সময় সমাজের প্রতি তার দায়বদ্ধতাকে গভীরভাবে উপলব্ধি করে এবং সেভাবেই নিজেদের সোচ্চার রাখে। আপনাদের প্রত্যাশা আমাদের কাছে প্রেরণা হয়ে কাজ করে। আর, প্রথম আলো যেকোনো অন্যায় ও নিষ্ঠুরতার বিরুদ্ধে সত্য প্রকাশ করতে সচেষ্ট থাকি। এ থেকে পিছিয়ে যাওয়ার সুযোগ নেই।প্রশ্ন. রাজনীতিবিদেরা আমাদের নতুন প্রজন্মের সামনে কোনো ভালো উদাহরণ রাখছেন না। রাজনীতিবিদদের প্রতিদিনকার মিথ্যা ভাষণ, হানাহানি ইত্যাদি নতুন প্রজন্মকে রাজনীতিবিমুখ করে তুলছে। এমন একটা ব্যাপার ঘটছে যে ভালো ঘরের, মেধাবী কোনো ছেলেমেয়েরা রাজনীতিতে আসছে না। এতে করে দেশে ভবিষ্যতে মেধাভিত্তিক রাজনীতিতে শূন্যতার সৃষ্টি হবে। এ ব্যাপারে আপনার অভিমত কী?সিরাজুল হোসেন, sirajulbangla@ yahoo.comসম্পাদক: আপনার কথা অনেকটাই সত্য। রাজনীতিতে মেধাশূন্যতা ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে, বিশেষ করে দুর্নীতিতে ছেয়ে গেছে রাজনীতি। তবে এ রাজনৈতিক পরিবর্তনের জন্য জনগণকেও বদলাতে হবে। জনগণ প্রচলিত রাজনীতিকে প্রত্যাখ্যান করলে রাজনীতিবিদদের ওপর যে চাপ তৈরি হয়, তা থেকে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের চাহিদা অনুযায়ীই তাদের নেতা নির্বাচিত হন। কারণ, আমরাই ভোট দিয়ে নেতা ও সরকার নির্বাচিত করি। সুষ্ঠু ও গণতান্ত্রিক রাজনীতির জন্য আমাদের সব সময় সরব থাকতে হবে।প্রশ্ন. এই উপমহাদেশে সংবাদপত্রের স্বাধীনতার দিক দিয়ে বাংলাদেশের অবস্থা কী? একজন সাংবাদিক হিসেবে আপনি কি মনে করেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের সংবাদপত্র বেশি স্বাধীনতা ভোগ করে?মিজানুর মল্লিক, [email protected]সম্পাদক: সংবাদপত্রের স্বাধীনতার দিক দিয়ে বাংলাদেশ মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। নানা ধরনের চাপ ও রাজনীতি থাকলেও আমরা সত্য প্রকাশের চেষ্টায় অবিচল রয়েছি। এবং এই চেষ্টার মধ্য দিয়ে গত কয়েক দশকে বাংলাদেশের সংবাদপত্রের শক্তিও বেড়েছে। দেশে-বিদেশে এর স্বীকৃতিও রয়েছে। উপমহাদেশের দেশগুলোর মধ্যে ভারত, পাকিস্তান ও নেপালে সংবাদপত্র অনেক এগিয়ে আছে। তবে শ্রীলঙ্কার সংবাদপত্র ভীষণ চাপের মধ্যে রয়েছে। ভুটানেও সংবাদপত্র শুধু একটাই।প্রশ্ন. প্রথম আলোর ওয়েব সংস্করণে কি এমন কোনো পাতা করা যায় না, যেখানে পাঠকেরা নিজেদের চোখ দিয়ে দেখে সমাজের অসংগতিগুলো তুলে ধরবে? অর্থাৎ পাঠকেরাই প্রতিবেদকের কাজ করবেন, আপনারা কেবল তা খোঁজখবর করে পরিপূর্ণভাবে প্রকাশ করবেন।সারোয়ার হুসেন, [email protected]সম্পাদক: আপনার প্রস্তাবের জন্য অনেক ধন্যবাদ। প্রথম আলোর ওয়েব সংস্করণে প্রতিটা সংবাদে পাঠকের মতপ্রকাশের সুযোগ রয়েছে। এ ছাড়া প্রথম আলো ব্লগে আপনার মতামত তুলে ধরতে পারেন। তা ছাড়া পাঠকের জন্য আলাদা পাতা করার ব্যাপারে আপনার প্রস্তাবটি আমরা ভেবে দেখব।