পাঠকের প্রশ্ন, সম্পাদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্ন: মাননীয় সম্পাদক সাহেব, আমরা প্রতিদিন পত্রিকা খুললেই দেখতে পাই, ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বা উপজেলা চেয়ারম্যান এবং দলীয় নেতা-কর্মীদের হাতে প্রায়ই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছেন। এসব বোধহয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয় না। এ ব্যাপারে আপনার অভিমত কী? এইচ রহমান, [email protected] সম্পাদক: আমরা সব সময়ই এ ধরনের সংবাদ গুরুত্বের সঙ্গে ছেপে থাকি। আমাদের কাজ সংবাদ ছাপানো। সরকারের কাজ পদক্ষেপ নেওয়া। তারা মাঝে মাঝে এসব সংবাদের ভিত্তিতে পদক্ষেপ নিয়ে থাকে। কখনো আবার নেয় না। সরকার পদক্ষেপ না নিলে আমাদের কিছু করার নেই। তবে আমরা সব সময় এসব বিষয়ে সংবাদ ছেপে সব মহলকে সচেতন করব।প্রশ্ন: প্রথম আলোর ‘সম্পাদকীয়’ পাতায় লেখা পাঠানোর জন্য কি বিশেষ কোনো শর্ত আছে? এই পাতায় লেখা বা অন্যান্য মতামত জানানোর জন্য একটি মেইল ঠিকানা রয়েছে ([email protected])। আমার প্রশ্ন, এই মেইলটি কি কখনো খুলে দেখা হয়?শান্ত ইসলাম, [email protected]সম্পাদক: কোনো শর্ত নেই। কী বিষয়ে লিখছেন এবং তা ছাপার উপযোগী কি না, সেটাই বিবেচ্য। অবশ্যই সব মেইল খুলে দেখা হয়। সেখান থেকে ছাপার উপযোগী লেখা মাঝেমধ্যেই প্রকাশ করা হয়।প্রশ্ন: হঠাৎ করেই আওয়ামী লীগ নেতা ইব্রাহিম নিহত হওয়ার ব্যাপারে প্রথম আলো নীরব হয়ে গেছে। এ ব্যাপারে কোনো ফলোআপ প্রতিবেদন আমাদের চোখে পড়ছে না। এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য রয়েছে কি? মামুন আহমেদ, [email protected]সম্পাদক: এরপর আরও অনেক নতুন বিষয় এসে গেছে, তাই কিছুদিন ফলোআপ করা হয়নি। তবে শিগগিরই আমরা এ বিষয়ে ফলোআপ প্রতিবেদন করব। সব সময়েই এ ধরনের বিষয়গুলোতে জোর দেব আমরা।প্রশ্ন: জনসংখ্যা বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। একসময় জনসংখ্যা নিয়ন্ত্রণে আমরা সরকারের তরফ থেকে অনেক ভূমিকা লক্ষ করেছিলাম। বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে জনসংখ্যা বৃদ্ধির হারও কমে এসেছিল। কিন্তু সেসব কর্মসূচি শিথিল হয়ে পড়ায় দেশ আজ আবার জনসংখ্যা বিস্ফোরণের দোরগোড়ায় দাঁড়িয়ে। প্রথম আলো তাঁর প্রচারসংখ্যার শক্তি নিয়ে কি এ ব্যাপারে কোনো ভূমিকা নিতে পারে না? আপনারা তো অনেক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। আপনারা এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করছেন। জনসংখ্যা বৃদ্ধি রোধ ও একটি অথবা দুটি সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনারা কি জনগণকে সচেতন করতে পারেন না?সুজন আহমেদ, [email protected]সম্পাদক: জনসংখ্যা সমস্যা নিয়ে আমরা বিশেষভাবে নজর রাখছি। এর আগে এ বিষয়ে আমরা বেশ কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করেছি। আরও অনেক বিস্তারিত প্রতিবেদন করার মধ্য দিয়ে জনসচেতনতা বৃদ্ধির পরিকল্পনা আমাদের রয়েছে। তবে সমাজসচেতনতা বাড়ানোর জন্য কাজও করবো।প্রশ্ন: আমি প্রথম আলোর ‘কম্পিউটার প্রতিদিন’ পাতার একজন নিয়মিত পাঠক। পাতাটি আমার সবচেয়ে বেশি কাজে লাগে। এখান থেকে অনেক টিপস জানতে পারি, নিজেও মাঝে মাঝে টিপস লিখি। কিন্তু আমার দুঃখ, প্রথম আলো এ পাতার জন্য খুব কম জায়গা বরাদ্দ দেয়। আইটি পাতার জন্য প্রথম আলোর বরাদ্দ এত কম কেন? অন্যান্য সংবাদের চেয়ে আইটি-বিষয়ক সংবাদের গুরুত্ব কি কোনো অংশে কম? খালেদ মাহমুদ খান, [email protected]সম্পাদক: আপনাকে অনেক ধন্যবাদ। কম্পিউটার প্রতিদিন ছাড়াও তথ্যপ্রযুক্তিবিষয়ক আমাদের সাপ্তাহিক ফিচার পাতা ‘প্রজন্ম ডট কম’ রয়েছে। প্রতি শুক্রবার প্রকাশিত এ পাতাও সব ধরনের কম্পিউটার ব্যবহারকারীর জন্য। এ মুহূর্তে কম্পিউটার প্রতিদিনের জন্য জায়গা বাড়ানো কঠিন। তবে আপনার প্রস্তাব বিবেচনায় রাখব। এই পরিসরেও যাতে আপনাদের জন্য কাজে লাগে—এমন সংবাদ, টিপস বেশি থাকে, সে চেষ্টা আমাদের থাকবে।প্রশ্ন: মাননীয় সম্পাদক, ‘ইভ টিজিং’ বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। গত কয়েক দিনে ইভ টিজিংয়ের প্রতিবাদ করতে গিয়ে একজন শিক্ষক ও একজন মায়ের মৃত্যু দেখলাম। প্রথম আলো দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক হিসেবে ইভ টিজিংয়ের বিরুদ্ধে কি কোনো সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারে না? যেমনটা এসিড-সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে প্রথম আলো? উৎপল চক্রবর্তী, [email protected]সম্পাদক: হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ইভ টিজিং বর্তমানে একটি ভয়াবহ সামাজিক সমস্যায় পরিণত হয়েছে। এ বিষয়ে আমরা সংবাদ, সম্পাদকীয় ও উপ-সম্পাদকীয় বিশেষজ্ঞের মত ইত্যাদি অত্যন্ত গুরুত্ব দিয়ে ছেপেছি। ভবিষ্যতে আরও গুরুত্ব দিয়ে কাজ করার ইচ্ছা আমাদের রয়েছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। কয়েক দিনের মধ্যে বড় ধরনের একটি গোলটেবিল করছি। তবে সমাজের সব স্তরের মানুষকেই এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমাদের মেয়েদেরও আত্মবিশ্বাস নিয়ে দাঁড়াতে হবে। তাদের জন্য অনেক বড় চিন্তা এবং কাজের পরিসর সৃষ্টি করার দায়িত্ব আমাদের রয়েছে।প্রশ্ন: আমাদের দেশের সংবিধানে জনগণের অধিকারের কথা বলা রয়েছে। এ দেশে সংবিধান নিয়ে যত কথা হয়, অন্যান্য দেশে তা হয় কি না সন্দেহ। এ দেশের আইনজ্ঞ, রাজনীতিবিদদের কথা শুনলে মনে হয়, বিশেষ একটি সালের সংবিধানে ফেরত গেলে এবং বিশেষ কিছু সংশোধনী বাতিল হলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু এরা একবারও মুখ দিয়ে উচ্চারণ করে না যে সংবিধানে সব নাগরিকের অন্ন, বস্ত্র ও বাসস্থানের কথা বলা হয়েছে। বলা হয়েছে সামাজিক নিরাপত্তার কথা। প্রতিনিয়ত এ দেশের মানুষের মৌলিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলা হয়, মানুষ আদালতে গিয়ে বিচার পায় না। এসব কি সংবিধান পরিপন্থী নয়? এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি।সম্পাদক: আপনার কথা সত্যি, আমরা অনেক সময়েই অনেক আইন প্রণয়ন নিয়ে, সংবিধান নিয়ে বড় সব আলোচনা করি। কিন্তু আমাদের কথাবার্তা প্রায়ই কাজে পরিণত হয় না। অনেক সময় ভালো আলোচনাও সাধারণ মানুষের কাজে আসে না। আমাদের দেশের মানুষ কখনো বিচার পান, কখনো পান না। আমাদের সংবিধানে উল্লিখিত অন্ন, বস্ত্র, বাসস্থানের বিষয়গুলো মূলনীতি হিসেবে স্বীকৃত। রাষ্ট্র তার আর্থিক সামর্থ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনগণের এসব চাহিদা পূরণ করবে।প্রশ্ন: প্রথম আলোর ট্যাগলাইন ‘বদলে যাও বদলে দাও’। একটি পত্রিকার পক্ষে কি দেশের খারাপ সবকিছু বদলে দেওয়া সম্ভব? আপনাকে এক যুগ পূর্তির অভিনন্দন জানাচ্ছি।এ কে এম মনজুর মুর্শেদ, [email protected]সম্পাদক: আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের শুভেচ্ছা নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা সবকিছু বদলাতে চাই, এমন নয়। যা কিছু খারাপ, ভুল, অন্যায়—সেসব কিছুকে বদলাতে চাই। প্রথম আলোর ১০ বছর পূর্তিতে আমরা ‘বদলে যাও বদলে দাও’ স্লোগানটি নিয়েছি। আমরা মনে করেছি, ব্যক্তি যদি নিজের ইতিবাচক পরিবর্তন ঘটাতে পারে, তাহলে চারপাশের অনেক পরিবর্তনও সে করতে পারে। এবার যুগপূর্তিতে আমাদের স্লোগান হলো, ‘আসুন, দেশকে মায়ের মতো ভালোবাসি’। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনতে হবে।