পাঠকের প্রশ্ন, সম্পাদকের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ মোবারক। আপনারা সবাই আমাদের ঈদের শুভেচ্ছা নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।প্রশ্ন: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সেশনজট’ একটি ভয়াবহ সমস্যা। কেবল ছাত্র ও শিক্ষক রাজনীতির কারণে এ সমস্যা দেখা দেয়। অথচ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে দেখুন। রাজনীতি না থাকার কারণে সেখানে সেশনজট নেই, ছাত্ররাও তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে বেরিয়ে যাচ্ছে। আমরা যারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি করি না, তাদের শিক্ষাজীবনই শুধু নয়, শিক্ষা-পরবর্তী পেশাদারি জীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে সেশনজটের কারণে। আপনারা দেশের সর্বাধিক প্রচারিত পত্রিকা প্রথম আলোতে যদি সেশনজট নিয়ে ধারাবাহিক কিছু প্রতিবেদন ছাপাতেন, তাহলে খুব ভালো হতো। ব্যাপারটি একটু ভেবে দেখবেন কি?মো. মাহবুব হাসান[email protected]সম্পাদক: বিশ্ববিদ্যালয়ে সেশনজটের কারণে অসংখ্য ছাত্র ও তাঁদের পরিবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সমগ্র দেশও এ কারণে আর্থিকভাবে এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ সবই হচ্ছে তথাকথিত ছাত্ররাজনীতির কারণে। শিক্ষকেরাও এর দায় এড়াতে পারেন না। শিক্ষক, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকার— কেউই এ সমস্যা সমাধানে এগিয়ে আসছে না। সেশনজট নিয়ে আমরা মাঝেমধ্যে প্রতিবেদন করে থাকি। এ সমস্যা নিয়ে আরও লেখালেখি করা উচিত বলে মনে করি।প্রশ্ন: অনেকে বলেন, ধর্ম আর রাজনীতি নাকি আলাদা। তার মানে কি যারা রাজনীতি করেন, তাদের ধর্ম পালনে মানা আছে? এ দেশের ৮৮ শতাংশ মানুষের যে ধর্ম, তাকে কি রাজনীতি থেকে আলাদা করে ফেলা সম্ভব? ব্যাপারটি আপনার দৃষ্টিকোণ থেকে একটু ব্যাখ্যা করবেন কি?মোহাম্মদ, [email protected]সম্পাদক: রাষ্ট্র ও রাজনীতি বিজ্ঞানের অন্য কিছু বিষয়ের মতো এ দুটি বিষয়কেও নিরঙ্কুশভাবে আলাদা করে চলে না। তবে ধর্ম ও রাজনীতিকে আলাদা করার প্রশ্নটি বাংলাদেশে কী প্রেক্ষাপটে আলোচিত হয়, সেটি সামগ্রিকভাবে বিবেচনায় নিতে হবে। ১৯৭১ সালে বাংলাদেশের অভ্যুদয়-পূববর্তী ২৩ বছর আমরা ধর্মের নামে অনাচার ও জুলুম দেখেছি। বাঙালি না মুসলমান—সেই পরিচয় তুলেও আমাদের ওপর নিপীড়ন চালানো হয়েছিল। সর্বোপরি ধর্মের অপব্যবহার কত ভয়ংকর হতে পারে, পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযুদ্ধের সাড়ে নয় মাসে তা হাড়ে হাড়ে উপলব্ধি করিয়েছে। এ পটভূমিতে বাহাত্তরের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের অন্যতম মূলনীতি করা হয়েছিল। ধর্মনিরপেক্ষতা পুনরুজ্জীবিত করতে সুপ্রিম কোর্ট সম্প্রতি রায় দিয়েছেন। আমরা তাকে স্বাগত জানিয়েছি। কিন্তু আমরা অবশ্যই মনে রাখব যে ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। সব ধর্মের সমমর্যাদা ও সাম্প্রদায়িক সম্প্রীতি সংহত রাখা আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম মৌলিক উপাদান।প্রশ্ন: সরকার দেশের ৫৬টি আবাসন প্রকল্প বন্ধের নির্দেশ দিয়েছে। এগুলো নাকি অননুমোদিত। আমার প্রশ্ন হচ্ছে, এসব আবাসন প্রকল্প যখন শুরু হলো, তখন সরকার, রাজউক এরা কোথায় ছিল? অননুমোদিত হলে এরা কীভাবে পত্রিকায় ও রেডিও-টিভিতে বিজ্ঞাপন দেওয়ার সুযোগ পেল? এসব প্রকল্পের বেশির ভাগ ক্রেতাই মধ্যবিত্ত। জীবনের সব সম্বল এক করে তাঁরা একটি প্লটের মালিক হওয়ার অভিপ্রায়ে এসব প্রকল্পে বিনিয়োগ করেন। বন্ধের নির্দেশ দেওয়া এসব আবাসন প্রকল্পে যাঁরা ইতিমধ্যেই বিনিয়োগ শুরু করেছেন, বা প্লট কিনে ফেলেছেন, তাঁদের এখন কী হবে? তাঁরা কি ক্ষতিপূরণ পাবেন? ভুক্তভোগীদের ব্যাপারে আপনাদের কি কোনো উদ্যোগ রয়েছে? এ ব্যাপারে সরকারকে সচেতন করতে আপনাদের ভূমিকা কী?মো. আবুল হাসান, [email protected]সম্পাদক: ৫৬টি আবাসন প্রকল্পকে বন্ধ করা নয়, তাদের প্রতি কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে রাজউক। সরকার বা রাজউকের কাজে সীমাবদ্ধতা থাকতে পারে, তার পরও অননুমোদিত আবাসন প্রকল্পের বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থান নেওয়া উচিত। পত্রিকা, রেডিও-টিভিতে একই বিজ্ঞাপন দিয়ে থাকে। তবে আমাদের পত্রিকায় আমরা রাজউক অননুমোদিত কোনো প্রকল্পের বিজ্ঞাপন ছাপি না। প্লট বা ফ্ল্যাট নিয়ে অসাধু তত্পরতা শুধু এখন নয়, অতীতেও ছিল। বিনিয়োগকারীদের এ ব্যাপারে সতর্ক হওয়া উচিত। তাঁদের উচিত জেনে-বুঝে প্লট ও ফ্ল্যাট কেনা।প্রশ্ন: ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা—এই শহরে মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত গণপরিবহন নেই। যাঁদের গাড়ি আছে, তাঁরা তো বেঁচেই গেছেন। কিন্তু যাঁদের গাড়ি নেই কিন্তু দূরের গন্তব্যে যেতে হয়, তাঁরা রাস্তায় নেমে কী ভয়াবহ দুর্ভোগ পোহান, তা একমাত্র ভুক্তভোগীই জানে। ‘সিএনজি অটোরিকশা’ নামের একটি বাহনে ঢাকা শহর গিজগিজ করে। যানজটেরও অন্যতম কারণ এই সিএনজি অটোরিকশাগুলো। কিন্তু অটোরিকশা ঢাকার রাস্তায় চলতে দিয়ে মানুষের কি লাভ হচ্ছে? গুলশান থেকে লালমাটিয়ার দূরত্বে এরা হেঁকে বসে ১৫০ টাকা। পর্যাপ্ত ভদ্রোচিত বাস নেই এ শহরে। রাস্তাজুড়ে চলে ‘মুড়ির টিন’ বাস। এ দেশে কোনো সরকার কি আছে? এরা কি মানুষের কষ্ট বোঝে? সরকার ইচ্ছা করলেই বিআরটিসির অধীনে এক হাজার বড় ভালো বাস নামিয়ে ঢাকা শহরের মানুষের দুর্ভোগ লাঘব করতে পারে। কিন্তু তারা তা করছে না। আমরা শুনেছি, এসব মুড়ির টিন বাসগুলোর মালিক নাকি সরকারপক্ষীয় লোকজন। তাই তাদের ব্যবসার সুবিধা করে দিতে ঢাকায় ভালো বাস নামানো হচ্ছে না বা গণপরিবহন-ব্যবস্থাকে নিয়মতান্ত্রিক করা হচ্ছে না। প্রথম আলোয় এ বিষয়টি নিয়ে আরও অনেক বেশি লেখা দেখতে চাই, দেখতে চাই বিশেষ সংখ্যা। আপনাকে ধন্যবাদ।জো, nafi. [email protected]সম্পাদক: এ বিষয়ে প্রায় প্রতিদিনই আমাদের কাগজে প্রতিবেদন বা মতামত থাকছে। ভবিষ্যতে আরও থাকবে। আপনি প্রথম আলোর ২৮ আগস্ট ২০১০ তারিখের ১৫-র পাতায় ‘মহাসড়ক’ এবং ৪ সেপ্টেম্বর ২০১০ তারিখের ১৩-র পাতায় ‘রাজধানীর পরিবহন’ নিয়ে পূর্ণপৃষ্ঠার বিশেষ আয়োজন দেখুন।প্রশ্ন: প্রথম আলো আমার প্রিয় পত্রিকা। এর জন্মলগ্ন থেকেই প্রতিদিন আমি এই পত্রিকাটি পড়ছি। আপনিও আমার প্রিয় সাংবাদিকদের একজন। বর্তমানে কয়েকটি পত্রিকায় আপনাকে ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে জড়িয়ে ন্যক্কারজনক সংবাদ পরিবেশিত হচ্ছে। আমরা কেউই এসব সংবাদ বিশ্বাস করি না। এ ধরনের সংবাদ নিশ্চয়ই আপনার দৃষ্টিগোচর হয়েছে। এ ব্যাপারে আপনার বক্তব্য জানতে চাচ্ছি। তুষার ঘোষ, [email protected]সম্পাদক: আপনি যেমন বলেছেন, আমরাও মনে করি দুটি পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে ২১ আগস্টের ঘটনার সঙ্গে আমাদেরকে জড়িয়ে অসত্য সংবাদ ছাপিয়ে চলেছে। যে দুটি পত্রিকার কথা আপনি লিখেছেন, তারা পত্রিকা শুরুর আগেও পোস্টার, লিফলেট ও পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে আমাদের বিরুদ্ধে বহু অপপ্রচার করেছে। ২১ আগস্টের গ্রেনেড হামলা, চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলা—এগুলো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। এগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। এ বিষয়ে সুষ্ঠু তদন্তের স্বার্থে ছয় বছর ধরে আমাদের পত্রিকায় সবচেয়ে বেশিসংখ্যক অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলেই ‘প্রথম আলো’ই এ বিষয়ে সত্য অনুসন্ধানে বহু তথ্য ও প্রতিবেদন প্রকাশ করেছে। বিএনপি আমলেও প্রতিবেদন ছাপিয়ে মুখোশ উন্মোচনের জন্য আমরা আক্রমণের সম্মুখীন হয়েছি। এখনো আমাদের বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করে উদ্দেশ্যমূলকভাবে সত্য উন্মোচনের প্রয়াসকে রুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। এ সবই তদন্তকে ভুল পথে পরিচালিত করে মামলাকে ক্ষতিগ্রস্ত করার প্রয়াস। তবে আমরা কখনোই সত্য অনুসন্ধান থেকে বিরত হব না।প্রশ্ন: আমি যুক্তরাজ্য প্রবাসী একজন বাংলাদেশি ছাত্র। বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বর্তমানে ছাত্ররাজনীতির নামে যা চলছে, তাতে খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। বাংলাদেশে যে ধারার ছাত্ররাজনীতি চলছে, তা জাতির ভবিষ্যতের জন্য খুবই বিপজ্জনক। এ রাজনীতির মধ্য দিয়ে যে নেতৃত্ব তৈরি হবে, তা দেশের কোনো মঙ্গল বয়ে আনবে না। একসময় বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্ররা রাজনীতি করত। আপনি নিজেও ছাত্ররাজনীতি করেছেন। আপনাদের মতো মানুষেরা হয়তো ছাত্ররাজনীতির বর্তমান অবস্থা দেখে পীড়িত হন। ছাত্ররাজনীতি সম্পর্কে আপনার অভিমত জানতে চাচ্ছি। এটা কী নিষিদ্ধ করা উচিত? নিষিদ্ধ না করলে ছাত্ররাজনীতির বর্তমান অবস্থা থেকে উত্তরণের উপায় কী?এটিএম, [email protected]সম্পাদক: আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষাটের দশকে ছাত্র ছিলাম। তখন আমরা প্রায় সার্বক্ষণিক ছাত্ররাজনীতির সঙ্গে জড়িতছিলাম। ’৬২ থেকে ’৭০— এ সময়ে এ দেশে পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে প্রবল ছাত্র আন্দোলন হয়েছে। তখন ছাত্ররা রাজনীতির সর্বত্রই ছিল। কিন্তু পড়াশোনাকে অবহেলা করে নয়। তখনো কিছু হরতাল, ধর্মঘট—এসব হতো, তবে এখনকার মতো পরীক্ষা পেছানো, সেশনজট তৈরি করা বা শিক্ষার পরিবেশকে রুদ্ধ করা হতো না। তখন এখনকার মতো বড় ধরনের সেশনজটও ছিল না। তখনকার ছাত্ররাজনীতি আর আজকের ছাত্ররাজনীতিতে বিরাট পার্থক্য রয়েছে। ষাটের দশকে পাকিস্তানের সামরিক শাসনবিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকার যৌক্তিকতা ছিল। সত্তর ও আশির দশকে বাংলাদেশে সামরিক শাসকবিরোধী ছাত্র আন্দোলনেরও যৌক্তিকতা রয়েছে।তবে গত দুই দশক ধরে ছাত্ররাজনীতির নামে যা হচ্ছে তা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার জন্য এ মুহূর্তে ছাত্ররাজনীতি সাময়িকভাবে হলেও বন্ধ করার কোনো বিকল্প দেখি না। ছাত্ররাজনীতির নামে এখন হচ্ছে সিট, ও হল দখল, চাঁদাবাজি, সন্ত্রাস ও নির্মম হত্যাকাণ্ড প্রভৃতি। আর সরকারের সমর্থক বিশ্ববিদ্যালয় প্রশাসনও এসবের বিরুদ্ধে শক্ত কোনো ব্যবস্থা নেয় না। সে কারণে স্বল্প সময়ের জন্য হলেও চলতি ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে আমরা মনে করি। এরপর নতুন করে ছাত্র সমস্যা ও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ছাত্ররাজনীতি করার সুযোগ দেওয়া যায়। তবে ছাত্ররা নিশ্চয়ই রাজনীতি করতে পারবে। সেটা হবে শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে।প্রশ্ন: গণপরিবহন ও যানজট নিয়ে আপনাদের ৪ সেপ্টেম্বরের বিশেষ আয়োজনটি দেখলাম, পড়লাম। আমার তো মনে হয় ঢাকা ও দেশের অন্যান্য বড় শহরে যানজট একটি বিরাট সমস্যা। আমার ১৫ মিনিটের পথ অতিক্রম করতে যদি দুই ঘণ্টা লাগে, তাকে তো দুর্যোগ বলতেই হয়। গাঁটের পয়সা খরচ করে বাসে চড়ে যদি দেখি তা অস্বাস্থ্যকর, দিনের পর দিন যদি আমাকে ঠাসাঠাসি করে তাতে যাতায়াত করতে হয়, তাকে আমি অবশ্যই আমার নাগরিক অধিকার হরণ হিসেবে অভিহিত করব। সিএনজি অটোরিকশাচালক যদি আইনানুযায়ী মিটারে না গিয়ে ১৫০ টাকা হেঁকে বলে, ‘গেলে যান না গেলে না যান, সিএনজির খেপ জঙ্গলেও পাওয়া যায়।’ তাকে আমি কোনো দ্বিধা ছাড়াই বলব, ‘সন্ত্রাস।’ এত সমস্যা ও দুর্ভোগের গণপরিবহন ও যাতায়াত নিয়ে আপনার মতো পত্রিকার আরও বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি। ১৯৯৮ সাল থেকে এ দেশের মানুষকে রাজনৈতিক দিক দিয়ে আপনারা অনেক সচেতন করেছেন। এবার পরিবহন, রাস্তায় আইন মেনে চলা ইত্যাদি বিষয়ে আপনাদের ভূমিকা আশা করছি।আজিজুল ইসলাম, [email protected]সম্পাদক: আমরা রাস্তায় চলাফেরা করার ব্যাপারে নিয়মকানুন নিয়ে লিখে এ বিষয়ে জনগণকে সচেতন করার চেষ্টা করে থাকি। দুবার রাজধানীবাসীকে আমরা সচেতন করার জন্য ঢাকা শহরে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। তবে এ শহরে পর্যাপ্ত ফুটপাত নেই, বাস বা গণপরিবহন নেই। দিনদিন লোকসংখ্যা এবং যানবাহনের সংকট বেড়েই চলেছে। দীর্ঘমেয়াদি ও বহুমুখী পরিকল্পনা নেওয়া ছাড়া এ সমস্যার সমাধান দ্রুত সম্ভব নয়। তবে আমাদের এ বিষয়ে কাজ করা উচিত বলে মনে করি।প্রশ্ন: সংবিধানের সপ্তম সংশোধনী বাতিল হয়ে গেল। এরশাদের সামরিক শাসনকে অবৈধ ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায় স্বাগত। কিন্তু সপ্তম সংশোধনী তো ১৯৮৬-র সংসদে পাস হয়েছে। প্রশ্ন উঠেছে গণতান্ত্রিক কাঠামোতে সংসদ ওপরে, নাকি আপিল বিভাগ। এ বিষয়টির মীমাংসা না হলে সংসদের সার্বভৌমত্ব ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে আপিল বিভাগ সংসদে পাস হওয়া অনেক বিষয় নিয়েই সিদ্ধান্ত দেবেন, যাতে নষ্ট হতে পারে রাষ্ট্রের সাংবিধানিক ধারাবাহিকতা। এ ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি।অরূপ হোসেন, [email protected] সম্পাদক: সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনীর বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে। এটা অনেক বড় বিষয়। এ বিষয়ে ৫ সেপ্টেম্বর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে প্রথম আলো একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছিল। আমাদের পত্রিকায় শিগগিরই এর পূর্ণ বিবরণ ছাপান হবে। সেদিকে লক্ষ্য রাখুন। সরকারের মন্ত্রী, বিশেষজ্ঞসহ নানা মহলের মতামত এবং আপনার প্রশ্নের বিস্তারিত উত্তর জানার সুযোগ পাবেন।