পাঠকের প্রশ্ন আইনি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃদ্ধ মা-বাবা, স্ত্রী-পুত্র নিয়ে আটজনের সংসার। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। চার মাস আগে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে। সংসারের সচ্ছলতা ফেরাতে আমি একটি এনজিও থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিই। চাকরি চলে যাওয়ার পর থেকে সংসারে কষ্ট শুরু হয়। ওদিকে আছে ঋণের কিস্তি। এরপর দ্রব্যমূল্যসহ যাবতীয় জিনিসের দাম বৃদ্ধি পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছি।এনজিওর কিস্তি ঠিকমতো দিতে না পারায় তাদের ব্যবহারে মানসম্মান থাকছে না। আমার পরিবারের সবাই মানসিকভাবে বিপর্যস্ত। আমিও মানসিকভাবে ভেঙে পড়েছি। এমনকি কয়েকবার আত্মহত্যার চিন্তাও করেছি। এরপর চিন্তা করলাম, একটি কিডনি বিক্রি করে দেনার দায় শোধ করব। তিন-চারবার আমি ঢাকায় যাই। বিভিন্ন হাসপাতালে যাই। কিন্তু নানা বিড়ম্বনার কারণে এবং টাকা-পয়সার স্বল্পতার কারণে বাড়ি ফিরে আসি। এর মধ্যে ঈদের আগের দিন প্রথম আলোয় দেখলাম কিডনি বেচা-কেনার খবর। জয়পুরহাটের বিভিন্ন গ্রামের ২০০ লোকের কিডনি বিক্রির খবর। এরপর দেখলাম, দালাল গ্রেপ্তারের খবর। পরে জয়পুরহাটের পুলিশ এসে ঢাকার বিভিন্ন হাসপাতালের ডাক্তার ও কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে। শেষের দিকে হাইকোর্টের নির্দেশ, ডাক্তারদের লাইসেন্স বাতিল, যারা বেচাকেনায় জড়িত। সম্পাদকীয় ও উপসম্পাদকীয় বিভিন্ন কলামে বিস্তারিত লেখা হয়েছে।গত ১৮ সেপ্টেম্বর আইন অধিকার পাতায় পাঠকের প্রশ্ন বিভাগে একজন পাঠকের প্রশ্ন, ‘অবৈধভাবে কিডনি বিক্রির শাস্তি কী?’ প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তাতে বিভিন্ন মেয়াদে শাস্তি জেল-জরিমানার উল্লেখ রয়েছে। এ অবস্থায় আমি শঙ্কিত হয়ে পড়েছি। তাহলে আমি কি ঋণ থেকে মুক্তি পেতে এবং মানসম্মানের হাত থেকে বাঁচতে আত্মহত্যাই বেছে নেব? মানসম্মান নিয়ে সুষ্ঠুভাবে বেঁচে থাকার আমার অন্য কোনো উপায় নেই। বিস্তারিত জানালে উপকৃত হব।ইদ্রিস আলী, যশোর পরামর্শ: মানসম্মান নিয়ে বেঁচে থাকার জন্য আপনি কিডনি বিক্রি করতে পারেন না। আপনার জন্য সম্মানজনক আরও অনেক কাজের সুযোগ আছে, সে জন্য আপনাকে ধৈর্যসহকারে কাজের জন্য চেষ্টা করতে হবে। মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপন আইনে স্পষ্টভাবে লেখা আছে, নিকটাত্মীয় ছাড়া কাউকে কিডনি দেওয়া যাবে না। এবং তা দিতে হবে চিকিৎসকের অনুমতি নিয়ে। এ বিধান অমান্য করলে অবশ্যই শাস্তি পেতে হবে। আইন করা হয়েছে মানুষের কল্যাণে। তাই কোনো দেশে বসবাস করতে হলে সেই দেশের আইনকানুন মানতে হবে। অজ্ঞতার কারণে একশ্রেণীর সুবিধাভোগী আপনার মতো সহজসরল মানুষগুলোর দুর্বলতার সুযোগ নিচ্ছে। আত্মহত্যার চেষ্টা করা একটি অপরাধ। এর জন্য দণ্ডবিধিতে শাস্তির ব্যবস্থা আছে। এ জন্য আপনি বলতে পারেন না যে আমার জান আমি নেব কার কী? আপনার মতো যাঁরা এ রকম চিন্তা করছেন তাঁদের কাছে একটা অনুরোধ, নিজের ওপর আত্মঘাতী হওয়ার আগে নিজের জীবনের মূল্য উপলব্ধি করুন। আপনার জীবনের সঙ্গে জড়িত আছে আপনার বাবা-মা কিংবা সন্তানের জীবনও। সামান্য ঋণ থেকে মুক্তি পেতে এভাবে কিডনি বিক্রির চিন্তা থেকে সরে আসুন। আপনি কি ভেবে দেখেছেন আপনার একটি কিডনি নিয়ে পাচারকারী দল দেশের কত বড় সর্বনাশ করছে? এমনও হতে পারে আপনার নিকটাত্মীয়কে বাঁচাতে একটি কিডনি দেওয়ার প্রয়োজন হবে, তখন আর দিতে পারছেন না। কিডনি বিক্রির নামে আইন নিজের হাতে তুলে নিলে শাস্তি পেতে হবে। সম্প্রতি আমাদের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতও কিডনি বিক্রি বন্ধে নির্দেশনা দিয়েছেন।পরামর্শ দিয়েছেনসারা তানজিনাআইনজীবী এবং প্রধান আইন সেল, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা