পাঠকের প্রশ্নআইনজীবীর উত্তর
স্ত্রীকে ফেরত পাওয়ার জন্য কী করণীয়?প্রশ্ন: আমি ২০০৯ সালের ১ জুলাই আমার মা-বাবা ও ভাইবোনের পছন্দে বিয়ে করি। বিয়ের শুরুতে আমাদের সংসার ভালোই চলছিল। আমার বউয়ের কথাবার্তা, আচার-আচরণ সবই ভালো ছিল। যাকে বিয়ে করি, তার লেখাপড়া মাত্র পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমার এক ছেলে; ১৬ মাস বয়স। বর্তমানে সে আমার কথা ঠিকমতো শোনে না। এমনকি মা-বাবার কথা এবং বাচ্চার প্রতি তার দায়িত্ব ঠিকমতো পালন করছে না। আমি তার ভুল উল্লেখ করে এমনকি সরাসরি অনেক বুঝিয়েছি ভালো হওয়ার জন্য এবং তার পরিবারের লোকজন দিয়েও বুঝিয়েছি, কোনো লাভ হচ্ছে না। সে শুধু আমাকে কথায় কথায় ধোঁকা দেয়।বর্তমানে সে আমাকে ভালো চোখে দেখে না। ৪ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলেকে রেখে সে স্বেচ্ছায় তার এক আত্মীয়ের সঙ্গে বাবার বাড়ি চলে যায়। ওই বাড়িতে যাওয়ার পর আমি ও আমার পরিবারের সদস্যরা যোগাযোগ করলে সে আসবে না এবং আমার সংসার করবে না বলে জানায়। আমি তাকে ভালোভাবে বুঝিয়েছি এবং বলেছি, আমি সংসার করার জন্য তোমাকে বিয়ে করেছি, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য নয়। তাকে ছাড়ার ইচ্ছা আমার নেই। বর্তমানে তার পরিবারের লোকেরা আমার পরিবারের সবাইকে এমনকি আমাকেও হুমকি দিচ্ছে মামলা করবে বলে। আমার বিয়েতে একতরফা কাবিন ছিল দুই লাখ টাকা। এখন আমার প্রশ্ন—আমি যেহেতু আমার বউকে ছাড়তে রাজি না। সে ক্ষেত্রে তারা কি আমার কোনো ক্ষতি করতে পারবে? আর আমার বউ যদি আমাকে তালাক দেয়, তাহলে আমাকে কি কাবিনের উল্লিখিত টাকা পরিশোধ করতে হবে? আমার বাচ্চার জন্ম শহরে। আর আমার শ্বশুরবাড়ি গ্রামে। গ্রামে বিদ্যুৎ নেই। বাচ্চার বয়স ১৬ মাস। বাচ্চার শারীরিক উন্নতির জন্য আমি চাই ছেলেকে আমার কাছে রাখতে। বাচ্চাকে কি আমার কাছে রাখতে পারব? এমন কী যুক্তি আছে? উল্লেখ্য, ছেলেকে ৪ আগস্ট আমার কাছে রেখে চলে যায় সে। ছেলেকে আমার মা-বোন লালন-পালন করছেন। ছেলেকে কত বছর আমার কাছে রাখতে পারব? আর যদি মা ছেলেকে নিয়ে নেয়, তাহলে বাবা হিসেবে আমার ছেলেকে কোনো সময় কি পাব না?শ্বশুরবাড়ির লোকেরা আমার বউকে আটকে রেখেছে। আমি আশায় আছি, ও নিজের ভুল বুঝতে পেরে আবার ফিরে আসবে, যদি একান্তই না আসে, তাহলে আমি কী পদক্ষেপ নিতে পারি।শ্বশুরবাড়ির লোকেরা আমার চেয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল, তাই তারা আমার বউকে আটকে রেখেছে। এমনকি মামলা করতে পারে আমার পরিবারের বিরুদ্ধে, এমনকি আমার বিরুদ্ধে।নাম প্রকাশে অনিচ্ছুকউত্তর: আপনি ঢালাওভাবে আপনার স্ত্রীর আচরণ বলেছেন; কিন্তু এর পূর্বাপর বিস্তারিত কিছু বলেননি। আপনার বিরুদ্ধে মিথ্যা মামলার সম্ভাবনার ক্ষেত্রে আপনি সাধারণ ডায়েরি করতে পারেন। দাম্পত্য পুনরুদ্ধারের জন্য পারিবারিক আইনে মামলা করতে পারেন। এ ক্ষেত্রে মনে রাখা জরুরি যে সংসার করতে কাউকে বাধ্য করা সম্ভব নয়। তালাক হলেও দেনমোহর স্ত্রীর সর্বাবস্থায় প্রাপ্য অধিকার। দেনমোহরের টাকা দিতেই হবে। আইন অনুসারে ছেলে সাত বছর বয়স পর্যন্ত মায়ের কাছে থাকার কথা। তবে শিশুর কল্যাণের ক্ষেত্রে প্রাধান্য পাবে। প্রয়োজনে আপনি অভিভাবকত্বের জন্য আদালতের সাহায্য নিতে পারেন।ভূমি জরিপের ক্ষেত্রে ৩০ ও ৩১ ধারা বলতে কী বোঝায়?প্রশ্ন: ভূমি জরিপের ক্ষেত্রে ৩০ ও ৩১ ধারা বলতে কী বোঝায়? ৩০ ও ৩১ ধারার মাধ্যমে কী কী বিষয় অন্তর্ভুক্ত বা সংশোধন করা হয় বা ৩০ ও ৩১ ধারার কাজ কী, বিস্তারিত পত্রিকার মাধ্যমে প্রকাশ করলে আমরা উপকৃত হব।মোসাম্মৎ রুনা লায়লা, দিনাজপুর।উত্তর: কোনো ভূমির জরিপ চলাকালে কারও কোনো অভিযোগ থাকলে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে। প্রজাস্বত্ব বিধিমালার ৩০ ও ৩১ বিধিতে আপত্তি ও আপিলের সুযোগ রয়েছে।কোনো ভূমি জরিপের প্রকাশিত খসড়া খতিয়ান সম্পর্কে কারও কোনো আপত্তি বা দাবি থাকলে সরকার নির্ধারিত ১০ টাকার কোর্ট ফি দিয়ে আপত্তি দায়ের করা যাবে। এটিই ৩০ বিধির আপত্তি। এই স্তরে সরকারি সেবা প্রদানে নিয়োজিত কর্মকর্তা হলেন সংশ্লিষ্ট আপত্তি অফিসার বা সহকারী সেটেলমেন্ট অফিসার বা উপজেলা সেটেলমেন্ট অফিসার। দেওয়ানি কার্যবিধি অনুসরণে এটি একটি বিচারিক কার্যক্রম। পক্ষগণ নিজে অথবা প্রয়োজনে মনোনীত প্রতিনিধির মাধ্যমে নিজ নিজ দাবি ‘আপত্তি অফিসারের’ কাছে উপস্থাপন করতে পারেন। এই স্তরে দাখিলকৃত আপত্তি কেসসমূহ নিষ্পত্তির জন্য সেটেলমেন্ট অফিসারের অধস্তন সহকারী সেটেলমেন্ট অফিসারের কাছে পাঠাবেন এবং দায়িত্বপ্রাপ্ত অফিসার নোটিশের মাধ্যমে বাদী-বিবাদীপক্ষকে হাজির করে পক্ষ-বিপক্ষের বক্তব্য শুনবেন ও বিশ্লেষণপূর্বক রায় প্রদান করবেন এবং অবশ্যই রায় মোতাবেক রেকর্ড সংশোধন করবেন। আপত্তি কেসের রায় দ্বারা কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে, তিনি রায় প্রদানের ৩০ দিনের মধ্যে নির্ধারিত ফরমে ও নির্ধারিত ফি প্রদান করে সিনিয়র সহকারী সেটেলমেন্ট অফিসারের কাছে ৩১ বিধিতে আপিল দায়ের করতে পারেন। আপিল অফিসার সংশ্লিষ্ট পক্ষগণকে নোটিশ প্রদান করে এবং ব্যক্তিগতভাবে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে শুনানির সুযোগ প্রদান করে আপিল নিষ্পত্তি করবেন। আপিল রায় মোতাবেক প্রয়োজনে খতিয়ান সংশোধন করা হয়।মৃত বাবার সম্পত্তিতে চাচারা কি অংশ পান?প্রশ্ন: আমরা চার ভাইবোন। বাবা ১৯৮১ সালে দাদা জীবিত অবস্থায় মারা যান। প্রশ্ন হলো, বাবার কেনা সম্পত্তির ভাগ আমার চাচারা পাবেন কি না? যেহেতু দাদার আগে বাবা মারা গেছেন; আর যদি ভাগ পান কে কতটুকু পাবেন, জানালে উপকৃত হব।হাসিনা সুলতানা, ঢাকাউত্তর: যেহেতু আপনার দাদার আগে আপনার বাবা মারা গেছেন, তাই আপনার বাবার কেনা নিজের সম্পত্তির ১/৬ অংশ আপনার দাদার ওপর বর্তাবে। অর্থাৎ আপনার দাদা আপনার বাবার সম্পত্তির মোট ১/৬ অংশের মালিক হয়েছিলেন। বাবার বাকি সম্পত্তি আপনারা ভাইবোনেরা পাবেন। আপনার দাদা যেহেতু বেঁচে নেই, তাই সেই প্রাপ্য ১/৬ অংশের মধ্যে আপনার চাচারা ভাগ পাবেন, আবার আপনারাও পাবেন। কিন্তু আপনারা যে বাবার সম্পত্তি পেয়েছেন, তাতে আপনার চাচারা ভাগ পাবেন না। শুধু দাদার সম্পত্তির ভাগ তাঁরা পাবেন।পরামর্শ দিয়েছেনকাজী জাহেদ ইকবাল, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট