পাঠদান-পদ্ধতি আনন্দময় ও শিশুবান্ধব করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শতভাগ শিশুকে স্কুলমুখী করতে ও ঝরে পড়া রোধে পাঠদান-পদ্ধতি আরও আনন্দময় ও শিশুবান্ধব করতে হবে। শিশুদের সঙ্গে নেতিবাচক আচরণ করা যাবে না। কথাগুলো বলছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা সৈয়দা মাহফুজা বেগম। গতকাল মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। গতকাল সারা দেশের ৫০২টি উপজেলার ৬১ হাজার ৪০০ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা। এসব সভায় সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সদস্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় বলা হয়, শিশুদের স্কুলমুখী করতে সরকার, প্রধান শিক্ষক, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের দায়িত্ব নিতে হবে। সভায় প্রাক-প্রাথমিক শিক্ষা চালুকরণ, উপবৃত্তি, বিনা মূল্যের বই বিতরণ কার্যক্রম, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদ, অভিভাবক-শিক্ষক সমিতি গঠনসহ ১০টি বিষয়ে আলোচনা হয়। গোদাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক মমিনুল হক বলেন, শিশু স্কুলে আসছে না, শিক্ষকেরা এমন তথ্য দিলে তাঁরা সেই শিশুর বাড়িতে গিয়ে শিক্ষার সুফল ও কুফল নিয়ে আলোচনা করবেন। রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বলেন, দরিদ্র শিশুদের জন্য স্কুল লেভেল ইমপ্লিমেন্টেশন প্ল্যান (স্লিপ) তহবিল রয়েছে। এ তহবিল থেকে দরিদ্র শিশুদের জন্য শিক্ষা উপকরণ, পোশাক ও প্রয়োজনে খাওয়ার ব্যবস্থা করতে প্রধান শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। কুমিল্লার আদর্শ সদর উপজেলায় মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয়, শতভাগ শিশুকে বিদ্যালয়মুখী করতে শিক্ষকদের বাড়ি বাড়ি যেতে হবে। এ জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের মহল্লা ভাগ করে দিয়ে শিশুদের বিদ্যালয়ে আনার কর্মকৌশল নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে প্রধান শিক্ষক, এসএমসির সভাপতি, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সম্পৃক্ত করা হবে।নোয়াখালী সদর উপজেলার পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভায় শিক্ষকেরা শতভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি বা টিফিনের ব্যবস্থা, কিন্ডারগার্টেনগুলোকে সরকারি নীতিমালার মধ্যে আনার ওপর গুরুত্বারোপ করেন। ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুজ্জামান বলেন, ‘শতভাগ শিশু ভর্তি নিশ্চিত করতে হলে অভিভাবকদের সচেতন করতে হবে। শিক্ষার প্রতি তাদের আগ্রহ সৃষ্টি করতে হবে।’ প্রতিটি ওয়ার্ডে ‘মা সমাবেশ’ করার কথা বলেন ফেঞ্চুগঞ্জের পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিতেন্দ্র চন্দ্র চন্দ। নীলফামারীর সৈয়দপুর উপজেলা মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মান্নান বলেন, শিশুরা কেন স্কুলে যায় না? কী তাদের অভাব-অভিযোগ, তা চিহ্নিত করতে হবে। শুধু তাই নয়, ২০১১ সালের মধ্যে সব শিশুকে স্কুলে আনতেই হবে। নইলে প্রধান শিক্ষকদের কঠোর জবাবদিহি করতে হবে। বরগুনা জিলা স্কুলসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, শতভাগ শিশুকে বিদ্যালয়ে আনতে হলে শিক্ষকদের আন্তরিকতা বাড়াতে হবে। শিশুদের শ্রেণীকক্ষে পাঠদানে তাঁদের আরও মনোযোগী হতে হবে। সভায় প্রধান শিক্ষক দিলীপ কুমার নাথ বলেন, প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সময়সূচি সাড়ে নয়টা থেকে সোয়া চারটা। অথচ মাধ্যমিক বিদ্যালয়গুলো দুইটার মধ্যে ছুটি হয়ে যায়। শিশুদের ক্ষেত্রে এই সময়সূচি অমানবিক। তাই এই সময়সূচি পরিবর্তন করা প্রয়োজন। তালিকা তৈরি: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সিলেটের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জল হোসেন খান বলেন, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয় এলাকার স্কুলে না যাওয়া শিশুদের তালিকা তৈরি করতে হবে। এরপর এ তালিকা কপি করে বিদ্যালয়ে রাখতে হবে এবং স্থানীয় ইউপি সদস্য, চেয়ারম্যান ও শিক্ষা অফিসকে দিতে হবে। যেসব শিশু এখনো বিদ্যালয়ে ভর্তি হয়নি, তাদের তালিকা তৈরি করে ২০ আগস্টের মধ্যে সিলেটের বালাগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিতে প্রধান শিক্ষকদের বলা হয়েছে। উপজেলার তাজপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় জানানো হয়, উপজেলার প্রায় এক হাজার ২০০ শিশু এখনো বিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। শিক্ষকদের দাবি: বরগুনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আলীম বলেন, ‘প্রাথমিক শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামো না করলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা দুরূহ। ভালো কাজের জন্য ভালো পারিশ্রমিক দিতে হবে। নইলে ভালো আদায় করার প্রক্রিয়াটাও অমানবিক হয়ে যাবে।’ এ ছাড়া বরগুনার শিক্ষকেরা শিক্ষকস্বল্পতা দূর, শ্রেণীকক্ষ বাড়ানো, বিদ্যালয় ভবন সংকট নিরসনসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। নোয়াখালী সদর উপজেলার মেজর মান্নান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলম বলেন, শতভাগ শিশুকে স্কুলমুখী করা ও ঝরে পড়া রোধে সরকারি, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যকার বিদ্যমান বৈষম্য দূর করতে হবে। [প্রতিবেদন তৈরিতে সহায়তা করেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী, কুমিল্লা ও বরগুনা, নোয়াখালী অফিস, সৈয়দপুর (নীলফামারী), আমতলী (বরগুনা), সিলেটের ফেঞ্চুগঞ্জ, বিশ্বনাথ ও বালাগঞ্জ প্রতিনিধি]।