পাঠদান বন্ধ রেখে উন্নয়ন সভায় শিক্ষকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উন্নয়ন নিয়ে বিশেষ সভা হবে। সভায় উপস্থিত থাকবেন মন্ত্রী। তাই শিক্ষকদেরও উপস্থিত থাকতে হবে। এই আদেশ পেয়ে প্রায় ৪০টি বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে ‘উন্নয়ন’ সভায় যোগ দিলেন শিক্ষকেরা। আজ শনিবার দুপুরে সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরের বালুর মাঠে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের উপস্থিতিতে এ উন্নয়ন সভা হয়। শিক্ষকদের দাবি, সভায় বাধ্যতামূলক উপস্থিতির জন্য সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তাঁদের চিঠি দিয়েছেন। এ জন্য তাঁরা বিদ্যালয়ের খাতায় স্বাক্ষর দিয়ে সভায় উপস্থিত হন। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই উন্নয়ন সভার আয়োজন করা হলেও পরে এটি রাজনৈতিক সমাবেশে রূপ নেয়। যেসব বিদ্যালয়ের শিক্ষকেরা সভায় যোগ দেন সেসব বিদ্যালয়ে কোনো পাঠদান হয় নি বলে জানা গেছে।সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই-শাল্লার সাংসদ ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. ওহিদুর রহমান। সভায় যোগ দেওয়া শিক্ষকেরা জানান, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী তামজিদ সরওয়ার উন্নয়ন সভায় উপস্থিত থাকার জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তার মাধ্যমে তাঁদের চিঠি দিয়েছেন। আবার মুখেও বলে দেওয়া হয়েছে যাতে কেউ অনুপস্থিত না থাকেন। এ কারণেই দিরাই সদর ও আশপাশের এলাকার সরকারি-বেসরকারি ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুইশ শিক্ষক কেবল হাজিরা খাতায় সই দিয়েই উন্নয়ন সভায় উপস্থিত হন।নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক প্রথম আলো ডটকমকে বলেন, ‘আসলে উন্নয়ন সভার নামে এটা মন্ত্রীর সমাবেশ ছিল। না গেলে পরে সমস্যা হতে পারে এই ভেবেই আমরা গিয়েছি।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ বলেছেন, ‘আশপাশের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিত থাকতে এলজিইডির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। তবে ৪০ টি শিক্ষাপ্রতিষ্ঠান হবে না।’প্রকৌশলী তামজিদ সরওয়ার জানান, তার কাছ থেকে সভার কিছু আমন্ত্রণপত্র বিলি করার জন্য নেওয়া হয়েছিল। পাঠদান বন্ধ রেখে উন্নয়ন সভায় আসার কথা তিনি কাউকে বলেননি।