পাঠাগার আছে বই নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠাগার আছে, অথচ বই নেই। চেয়ার, টেবিল, বইয়ের তাক—সবই আছে। কিন্তু দুটি সংবাদপত্র ছাড়া আর কোনো পত্রিকা নেই। সিলেটের গোয়াইনঘাট উপজেলার একমাত্র পাবলিক লাইব্রেরির এমনই দুরবস্থা। ছাত্র-শিক্ষকসহ পাঠকপ্রিয় মানুষ বই, পত্রপত্রিকা পড়তে চান। কিন্তু একটি পাঠাগার থাকার পরও বই, পত্রিকা সরবরাহ না থাকায় পাঠ থেকে তাঁরা বঞ্চিত হচ্ছেন।খোঁজ নিয়ে জানা যায়, গোয়াইনঘাট বাজারে সরকারি একটি ঘর। সেখানে অগ্রদূত তরুণ সংঘ নামে একটি সংগঠনের অফিস ছিল। ২০০৬ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনেন্দ্রনাথ সরকারের উদ্যোগে সেখানে প্রথমবারের মতো পাঠাগারের যাত্রা শুরু হয়। শ-খানেক বই নিয়ে যাত্রা শুরু হয় পাঠাগারের। গোয়াইনঘাটের পাঠপ্রিয় মানুষ যার-পর-নাই খুশি হয়। কিন্তু এ পর্যন্তই। আর এগোয়নি পাঠাগার। ২০১০ সালে যেখানে পাঠাগারে বই আর পত্রপত্রিকার প্রয়োজনীয় সরবরাহ থাকার কথা ছিল, সেখানে মাত্র দুটি পত্রিকা—একটি জাতীয়, অন্য একটি স্থানীয়।সরেজমিনে উপস্থিত হয়ে দেখা যায়, গোটা কয়েক বই একটি সেলফে থাকলেও বাকি তাকগুলো খালি। চেয়ার-টেবিলের কমতি নেই। চার-পাঁচজন পাঠক দুটি পত্রিকা ভাগাভাগি করে পড়ছেন। কথা হয় পাঠক বদরুল ইসলামের সঙ্গে। তিনি জানান, তাঁর বাড়ি ল্যাঙ্গুড়া গ্রামে। তিনি প্রতিদিন পাঠাগারে আসেন। আক্ষেপ করে বলেন, ‘কষ্ট করি আই, কিন্তু পেপার-পত্রিকা নাই। বইপত্র পেপার-পত্রিকা থাকলে আমরার খুব ভালা হইত।’ রিজভী আহমদ গোয়াইনঘাট ডিগ্রি কলেজের ছাত্র। তিনি বলেন, ‘পাঠাগার হলো জ্ঞানচর্চার স্থান। কিন্তু পাঠাগারের এমন দৈন্যদশা আমাদের হতাশ করে।’পাঠাগারের তত্ত্বাবধায়ক জইনউদ্দিন জানান, তিনি প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত পাঠাগার খোলা রাখেন। এ জন্য তিনি মাসে ৫০০ টাকা বেতন নেন। পাঠাগারের বারান্দায় খোলা দোকান ভাড়া দিয়ে এই টাকা আসে বলে তিনি জানান। এ ছাড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রথম আলো ও স্থানীয় দৈনিক সিলেটের ডাক নিয়মিত কেনা হয়।পাঠাগারকক্ষে অবস্থানকালে দেখা যায়, পাঠাগারের প্রধান সমস্যা বই ও পত্র-পত্রিকার অভাব। এ ছাড়া কক্ষের পরিসরও ছোট। ছাদ স্থানে স্থান ভেঙে পড়ছে। পাঠাগারে কোনো শৌচাগার নেই। অবশ্য পাঠাগারের খালি জায়গায় ইচ্ছে করলে শৌচাগার করা সম্ভব। পানীয় জলের ব্যবস্থা নেই। পাঠাগারের জইনউদ্দিন তাঁর মাসিক বেতন সম্পর্কে বলেন, ‘৫০০ টাকা দিয়া এ যুগও কিতা কেউ চলত পারেনি।’পাঠাগারসংলগ্ন ব্যবসাপ্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুল মালিক জানান, গোয়াইনঘাট সীমান্তবর্তী উপজেলা। জেলা শহর অনেক দূরে। জ্ঞানচর্চার ক্ষেত্রে পাঠাগারের বিকল্প নেই। তাই গোয়াইনঘাটের এই পাঠাগারের দিকে সবার নজর দেওয়া প্রয়োজন। গোয়াইনঘাট উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক গোপাল কৃঞ্চ দে বলেন, পাঠাগারটি সমৃদ্ধ হলে শিক্ষার্থীরা খুবই উপকৃত হবে।গোয়াইনঘাটের পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব-উল আলম বলেন, ‘পাঠাগারে পর্যাপ্ত বই আর পত্রিকা থাকলে প্রতিদিন বিকেলে এসে সময় কাটানো যেত।’ গোয়াইনঘাট আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী রিমা আক্তার বলে, ‘পাঠাগারে শিশুদের জন্য বই থাকলে খুব মজা হতো।’পাঠাগারসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম তারেককে সভাপতি করে পাঠাগারের উন্নয়নের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সাধারণ সম্পাদক মুন্তাকিম আহমদ বলেন, গোয়াইনঘাট পাবলিক পাঠাগারের উন্নয়নের জন্য কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই পাঠাগারের উন্নয়ন হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম তারেক বলেন, পাঠাগারের উন্নয়নে কাজ চলছে। জেলা পরিষদ থেকে পাওয়া ৫০ হাজার টাকা দিয়ে বই কেনা হচ্ছে।উপজেলা চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি প্রথম আলোকে বলেন, ‘পাঠাগারের সংস্কার জরুরি দরকার। আমি আমার পক্ষ থেকে যেকোনো সহায়তা করতে প্রস্তুত।’