পাঠ্যপুস্তকে তথ্য অধিকার আইন অন্তর্ভুক্ত করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ জমির বলেছেন, পাঠ্যপুস্তকে তথ্য অধিকার আইন অন্তর্ভুক্ত করা হবে। অষ্টম থেকে দশম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রমে এ বিষয়টি বিস্তারিত রাখা হবে। এতে করে বছরে ৩০ লাখ ছেলে-মেয়েকে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করা সম্ভব হবে। আজ বুধবার জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (যাত্রী) উদ্যোগে তথ্য অধিকার ও গণমাধ্যমবিষয়ক এক মতবিনিময় অনুষ্ঠানে মোহাম্মদ জমির একথা বলেন। রাজধানীর কারওয়ানবাজারে যাত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্ন্যান্স স্ট্যাডিজের (আইজিএস) প্রধান মঞ্জুর হোসেন, প্রগতির প্রধান হিউ ওরোজোকো, যাত্রীর প্রধান নির্বাহী জামিল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।মোহাম্মদ জমির বলেন, আইন হলেও এখনো অধিকাংশ প্রতিষ্ঠানে তথ্য কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। গ্রামীণ ব্যাংকের মতো প্রতিষ্ঠানেও এখনো তথ্য কর্মকর্তা নেই। তথ্য কর্মকর্তা থাকলে হয়তো সাম্প্রতিক সময়ে এ ব্যাংকটির যে সংবাদটি নিয়ে ব্যাপক আলোচনা হলো, তা হতো না। ওই তথ্য কর্মকর্তা সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে পারতেন।মোহাম্মদ জমির আরও বলেন, জাতীয় নিরাপত্তার কথা বলে অনেক সময় অনেক তথ্য দেওয়া হয় না। কিন্তু তথ্য কমিশনে এলে এ সমস্যার অনেক সমাধান করা সম্ভব। এ ক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্য কমিশনের সঙ্গে সাংবাদিকদের একত্রে কাজ করতে হবে।তথ্য কমিশনের চেয়ারম্যান বলেন, বেসামরিক মুক্তিযোদ্ধাদের বীরশ্রেষ্ঠ খেতাব দেওয়া প্রয়োজন ছিল। সে প্রয়োজন এখনো ফুরিয়ে যায়নি উল্লেখ করে তিনি বলেন, এখনও অনেক বীর মুক্তিযোদ্ধাকে এ সম্মান দেওয়া যেতে পারে।