দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা। এবার শিক্ষার্থীদের মধ্য থেকে বেশি সাড়া পাওয়া গেছে। তারা আগের চেয়ে এখন অনেক বেশি সচেতন। এবার কেবল নতুন শিক্ষার্থীই নয় বরং বিগত বছরে ঝরে পড়া শিক্ষার্থীরাও অংশ নেবে। জেএসসি পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি দুই বিষয় এবং গণিতে সৃজনশীল প্রশ্নপদ্ধতি শুরু হয়নি। তবে বাকি বিষয়ে যেহেতু সৃজনশীল পদ্ধতি, তাই বারবার পাঠ্যবই পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই। মূল বই পড়ে, বুঝে তবেই লিখতে হবে। না বুঝে মুখস্থ করে কোনো লাভ নেই। তাই মুখস্থের দিকে না এগোনোই ভালো।অভিভাবকদের উদ্দেশে বলব, পরীক্ষার রুটিন ভালোভাবে দেখে নেবেন, কোনো পরীক্ষার আগে ছুটি আছে কি না। আবার কোন পরীক্ষায় কেমন সময় মিলবে, সেদিকে লক্ষ রাখতে হবে। সন্তানের স্বাস্থ্যের প্রতি লক্ষ রাখবেন। পরীক্ষা শুরু হতে আর বেশি দেরি নেই। তাই অল্প সময়ে বারবার মূল বই পড়ে নিজেকে আরেকটু ঝালাই করে নিতে হবে।