পাঠ্যবই পড়ো, উত্তর নিশ্চিত দিতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঠ্যবই পড়ো: সৃজনশীল প্রশ্নপদ্ধতির পরীক্ষায় প্রতিটি বিষয়ে বেশি নম্বর পাওয়ার জন্য অবশ্যই পাঠ্যবই ভালোভাবে পড়তে হবে। তোমরা যারা পরীক্ষা দেবে, তারা পাঠ্যবইয়ে যে বিষয়বস্তুগুলো আছে, সেগুলো আরও ভালোভাবে বারবার পড়ো। আর কিছুই করতে হবে না।এক দিনে দুটি পরীক্ষা: আমি যখন মেট্রিক পরীক্ষা দিয়েছিলাম, তখন ছয় দিনে আমাদের ১২ পেপারের পরীক্ষা দিতে হয়েছিল। এটাই চিরকাল হয়। একজন ভালো শিক্ষার্থী পরীক্ষার জন্য আগে থেকেই প্রস্তুতি নেয়। আর পরীক্ষার হলে ঢুকতে ঢুকতেও যে পড়ে, সে হলো খারাপ শিক্ষার্থী। পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে থাকবে অনেক আগে থেকে। ওটাও একটা পরীক্ষা যে তুমি অনেক আগে থেকেই প্রস্তুতি নিয়েছ। আর এবারের পরীক্ষায় মুখস্থ করার কিছু নেই। কাজেই এখন থেকেই প্রস্তুতি নিলে এক দিনে দুটি পরীক্ষা থাকা সত্ত্বেও অবশ্যই ভাল করতে পারবে। এ ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই। বুঝে বুঝে পড়ো: এ বছর থেকে সৃজনশীল পদ্ধতি চালু হওয়ায় বেছে বেছে প্রশ্ন মুখস্থ করার কোনো ব্যাপার নেই। কাজেই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগের রাতে পুরো বইটা উপন্যাসের মতো করে একবার পড়া যেতে পারে। তাতে আত্মবিশ্বাস বাড়বে এবং বিষয়বস্তুর ধারণা আরও মজবুত হবে। কথা একটাই—আস্তে আস্তে, বুঝে বুঝে পুরো বইটা পড়া।সৃজনশীল প্রশ্ন: সৃজনশীল পদ্ধতি শিক্ষার্থীদের দুশ্চিন্তার হাত থেকে একদমই বাঁচিয়ে দিয়েছে। মুখস্থ করাটাই দুশ্চিন্তার ও কষ্টের ব্যাপার ছিল। শিক্ষার্থীরা পরীক্ষার আগে গলদঘর্ম হয়ে যেত। পরীক্ষার পরে সবাই শুয়ে পড়ত। সৃজনশীল পদ্ধতি চালু হওয়ায় এখন এই সমস্যাগুলো নেই। পরীক্ষায় প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারবে, যদি তোমরা অনুগ্রহ করে পাঠ্যবইগুলো একটু পড়ো। এটুকু করলেই হবে। তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। একটা বিষয় মনে রাখা দরকার, তোমরা এত দিন ক্লাসে যে প্রশ্নগুলো অনুশীলন করেছ, সেগুলো আর পরীক্ষায় আসবে না। আসবে কেন্দ্রীয়ভাবে তৈরি করা বোর্ডের প্রশ্ন। যেটাকে বলা যায় সত্যিকারের সৃজনশীল প্রশ্ন। এত দিন শিক্ষার্থীরা নানা রকম গাইড বই, শিক্ষকের পরামর্শসহ আরও অনেক কিছু দিয়ে পড়েছে। চূড়ান্ত পরীক্ষায় এগুলো কখনোই আসবে না। সৃজনশীল পদ্ধতি মানে আগামী ৫০০ বছরেও কোনো প্রশ্নের পুনরাবৃত্তি হবে না, সম্ভাবনাও নেই। শিক্ষার্থীদের একটাই রক্ষাকবচ—সেটা হলো মন দিয়ে, আনন্দ সহকারে পুরো পাঠ্যবই পড়া। পরীক্ষায় এমন কোনো প্রশ্নই আসবে না, যেটার উত্তর তোমরা দিতে পারবে না। পাঠ্যবই ঠিকভাবে পড়লে এবং যদি তার বুদ্ধি থাকে, যেমন প্রশ্নই আসুক পরীক্ষার্থী নিশ্চিত উত্তর দিতে পারবে। প্রশ্ন সেভাবেই করা হবে। সৃজনশীল পদ্ধতি নতুন চালু হয়েছে। এর সঙ্গে শিক্ষার্থীদের নতুন পরিচয় ঘটছে। পরীক্ষায় এখনই যে কঠিন কঠিন প্রশ্ন হবে, তা নয়। তোমরা সহ্য করে নিতে পারো এমন প্রশ্নই হয়তো করা হবে। আমি দেখেছি, সৃজনশীল পদ্ধতি সম্পর্কে শিক্ষার্থীদের মতামত খুবই অনুকূল। তারা খুবই খুশি। আগে অভিভাবকেরা দুশ্চিন্তা করতেন, তার সন্তানের প্রশ্ন কমন পড়বে কি না, ভালো নম্বর পাবে কি না। এখন শিক্ষার্থী, অভিভাবক বা শিক্ষক কারও দুশ্চিন্তার কোনো কারণ নেই।