প্রধান শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনাপ্রিয় জেএসসি পরীক্ষার্থীরা, শুভেচ্ছা নিয়ো। ভালো ফলের জন্য পরীক্ষার প্রস্তুতি যেমন ভালো হওয়া জরুরি, তেমনি প্রয়োজন পরীক্ষার খাতায় সুন্দর ও সঠিকভাবে উত্তর উপস্থাপন। তাই তোমাদের ভালো উপস্থাপন অর্থাত্ পরীক্ষার খাতায় নির্ভুল, মানসম্মত এবং প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করতে হবে। সে জন্য পাঠ্যবই ভালো করে পড়লে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে সহজ হবে। পরীক্ষার খাতা হবে পরিষ্কার-পরিচ্ছন্ন ও কাটাকাটিমুক্ত। সুন্দর-ঝকঝকে উত্তরপত্র নিশ্চয়ই সব শিক্ষকের পছন্দ। ওভাররাইটিং করবে না, লিখতে ভুল হলে এক দাগ দিয়ে কেটে আবার লিখবে। পরীক্ষার খাতায় রোল নম্বর ও প্রয়োজনীয় বিষয় সাবধানে নির্ভুলভাবে লিখবে। কারণ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পরীক্ষায় ভালো ফলের সঙ্গে বৃত্তি পাওয়ার বিষয়টি জড়িত, সেহেতু তোমাদের সব বিষয়ে বিশেষ করে গণিত, ইংরেজিতে পূর্ণ নম্বর পেতে হবে।