পাঠ্যসূচি কমালে শিশুদের ওপর চাপ কমবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের ওপর চাপ কমাতে বইয়ের পাঠ্যসূচি হ্রাস করতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি স্বাধীনতাযুদ্ধের ইতিহাস এবং দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন তিনি।গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এ নির্দেশ দেন। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী এক শিক্ষার্থীর হাতে এক সেট বই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এ বছর মোট ২৩ কোটি বই বিতরণ করা হবে। ইতিমধ্যে দেশের সব উপজেলায় বই পৌঁছে গেছে। আগামীকাল ১ জানুয়ারি থেকে বিতরণ শুরু হবে।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে এবং শিক্ষা খাতে ‘বিনিয়োগ সর্বোত্তম বিনিয়োগ’ এই বিবেচনায় শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের কাছে পাঠ্যবই পৌঁছে দিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা সম্পন্ন করায় শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা নোট বইয়ের বদলে পাঠ্যবই পড়ার জন্য শিক্ষার্থীদের উপদেশ দেন।প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার সরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছেলে ও মেয়ে উভয়কে বিনা মূল্যে পড়াশোনার সুযোগ দিতে কাজ করছে। এ ক্ষেত্রে একটি স্থায়ী ব্যবস্থা চালু করার উপায় খুঁজে বের করতে ইতিমধ্যে একটি কমিটি কাজ করছে। পাঠ্যবই পাওয়া নিশ্চিত করতে যত দ্রুত সম্ভব পাঠ্যবইয়ের ই-বুকস চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ই-বুকস চালু হলে সবাই, বিশেষ করে যেসব প্রবাসী তাঁদের সন্তানকে দেশীয় পাঠ্যবইয়ের মাধ্যমে পড়ানোয় আগ্রহী, তাঁরাই বেশি উপকৃত হবেন।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমিন, প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ ও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।