পাণ্ডুলিপির পরিমার্জক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাবাজারে দেখা হয় বই সংশোধনের কারিগর সুরুজ জামানের সঙ্গে। তিনি প্রুফ রিডিংয়ের কাজ করছেন ২৫ বছর ধরে। এখন ঐতিহ্য প্রকাশনীতে আছেন। সুরুজের হাত গলিয়েই বাজারে বেরিয়েছে ঐতিহ্যের রবীন্দ্র রচনাবলীর ১৮টি খণ্ড। বাংলাবাজারে প্রুফ রিডার হিসেবে সুনাম রয়েছে তাঁর। ১৯৮০ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর পাস করার পর কাজ নেন একটি সংবাদপত্র অফিসে। সেখান থেকে চলে আসেন ঐতিহ্য প্রকাশনীতে। সুরুজ জামান বলেন, ‘আমাদের দেশে বইয়ের প্রুফ যাঁরা দেখছেন, তাঁদের এ বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই। পূর্ব অভিজ্ঞতার জোরে কেউ হয়তো ভালো কাজ পায়। আবার নতুন যাঁরা আছেন তাঁদের বেগ পেতে হয় এই পেশায় আসতে।’ এ বছর বইমেলায় সুরুজ জামানের প্রুফ দেখা ৮০টির বেশি বই বের হচ্ছে।বাংলাবাজারের একাধিক প্রুফ রিডার জানান, বইয়ের পাণ্ডুলিপি ঘষেমেজে ঠিক করেন বলে প্রুফম্যানদের বই বের হওয়ার আগেই পড়া হয়ে যায় বইয়ের আগাগোড়া। আগে পড়েন বলে ধরে নেওয়া যায় না যে তাঁরা বইটা পড়ে তৃপ্তি পান। পড়ার সময় তীক্ষভাবেই বানান, বাক্যগঠন আর ভাষারীতির দিকে নজর রাখতে হয় বলে পড়ার মজাটা মাঠেই মারা যায়।বাংলাবাজারের প্রতিষ্ঠিত আরেক প্রুফ রিডার মাহবুবুর রহমান। ঐতিহ্যের বের করা বঙ্কিম রচনাবলী, শরত্ রচনাবলী তাঁর হাতেই পরিমার্জিত হয়েছে। আধুনিক দেশসেরা লেখকদের মধ্যে শামসুর রাহমান, আল মাহমুদ, আর হুমায়ূন আহমেদের বই প্রুফ দেখেছেন তিনি। মাহবুবুর রহমান জানান, বইয়ের জগতে পারস্পরিক কাজের সম্পর্ক রয়েছে। লেখক একটি পাণ্ডুলিপি দেন। তা আবার কম্পোজ করেন কম্পোজিটর। কম্পোজিটর যদি নির্ভুল কম্পোজ করেন তবে একটি পাণ্ডুলিপির প্রুফ দেখতে সময় কম লাগে। বাংলাবাজারে অনেক কম্পোজিটরই প্রুফ দেখার কাজ সেরে ফেলেন। তাই যাঁরা শুধু প্রুফ দেখার কাজ করতে চান তাঁরা টিকে থাকতে পারেন না। তাই প্রুফ রিডারদের প্রকাশনা জগতের অন্যান্য কাজেও জড়াতে হচ্ছে।বড় বড় প্রকাশনা সংস্থায় শুধু নিজস্ব প্রুফ রিডার রয়েছে। আবার অনেক প্রকাশনা সংস্থার নিজস্ব প্রুফ রিডার নেই বলে একেকটি বই একেকটি ভাষারীতিতে সংশোধিত হয়। এ জন্য প্রতিটি প্রকাশনা সংস্থার নিজস্ব প্রুফ রিডার থাকা দরকার বলে মনে করেন সুরুজ জামান।বাংলাবাজারের বিদ্যাপ্রকাশের স্বত্বাধিকারী মজিবর রহমান প্রকাশনাব্যবসায় এসে প্রুফ রিডিং শিখে নিয়েছেন। বিদ্যাপ্রকাশের বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা গেছে, তিনি নিজেই প্রুফ দেখছেন। মজিবর রহমান বলেন, ‘আমাদের দেশে প্রুফ দেখা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পায়নি। নেই কোনো প্রুফ শিক্ষাপ্রতিষ্ঠান। তাই প্রুফ দেখার পেশাজীবী শ্রেণী গড়ে ওঠেনি।’ মজিবর রহমান এরই মধ্যে প্রুফ দেখেছেন কবীর চৌধুরীর বেশ কয়টি অনুবাদগ্রন্থ, সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ সমগ্র এবং আহমদ শরীফ, আনোয়ারা সৈয়দ হক, মুহম্মদ জাফর ইকবাল, মোহিত কামালের বইয়ের। তাঁদের বইগুলো বিদ্যাপ্রকাশ থেকেই বের হচ্ছে।পেশা হিসেবে স্বীকৃত নয়, তাই কোনো বেতনকাঠামো নেই বলে জানান একাধিক প্রুফ রিডার। তাঁরা জানান, চুক্তিভিত্তিক কাজেই সন্তুষ্ট থাকতে হয় তাঁদের। সাধারণত প্রতি ফর্মা প্রুফ দেখে একজন প্রুফ রিডার পান ৭০ থেকে ৮০ টাকা। একটি পাণ্ডুলিপি যতবার প্রুফ দেখা হবে, ততবারই তাঁরা পাবেন ওই পরিমাণ টাকা। প্রযুক্তির প্রসারের কারণে এখন লেখকেরা লেখেন কম্পিউটারে। প্রকাশকের হাতে আসে চূড়ান্ত পাণ্ডুলিপি। ফলে প্রুফের ৮০ শতাংশ কাজ শেষ হয়ে যায় লেখকের হাতেই। ফলে কমে আসছে কাজের পরিধি।