পাতার রাজ্যে ফুলের শোভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন বছর আগে চা-বাগানে গিয়ে প্রথম চা-ফল দেখি। প্রায় গোলাকার ফলগুলোর গায়ের রং অনেকটা জলপাইয়ের মতো। হাঁটতে হাঁটতে চোখে পড়ে বাগানজুড়ে ফলের ছড়াছড়ি। আমার জন্য নতুন অভিজ্ঞতা। হয়তো যাঁরা কখনো চা-বাগান দেখেননি বা বাগানে গিয়েও চায়ের ফুল বা ফল দেখেননি, তাঁদের জন্যও বটে। ফুলের দেখা পেলাম নভেম্বর মাসে, মৌলভীবাজার জেলার সমনবাগ চা-বাগান এলাকায়। বাগানজুড়ে খই ফুটেছে যেন। কোনটা রেখে কোনটার ছবি তুলি! যদি ঘুরে ঘুরে সবগুলো ফুলের ছবি তুলতে পারতাম!বাগানে ঢোকার আগে এমন একটি দুর্লভ দৃশ্য দেখতে পাব ভাবিনি। চা-বাগানে সব সময় আর্থিক লাভালাভের জন্য পাতাটাই মুখ্য, ফুল নয়। তাই ফুলের সৌন্দর্য অনেকটাই উপেক্ষিত। ফুল ফুটুক আর নাই ফুটুক, তাতে কারও কোনো ভাবান্তর নেই। কিন্তু প্রকৃতির আপন নিয়মে প্রতিবছরই ফুল ফোটে, ফল ধরে। মানুষ সেই সৌন্দর্য উপভোগ করল কি করল না, তাতে প্রকৃতির কী!বাগানে সাধারণত আমরা চা-গাছের সমান্তরাল যে রূপটা দেখি, তা অনেকটা নিয়ন্ত্রিত। অর্থাৎ ওদের ইচ্ছেমতো বাড়তে দেওয়া হয় না। পাতা সংগ্রহের সুবিধার্থেই এমন ব্যবস্থা। আদতে চা-গাছ আরও বড় হয়। গাছ চিরসবুজ, উচ্চতা প্রায় দুই মিটার বা আরও বেশি, দেখতে গুল্ম বা ছোট গাছের মতো। পাতা ৪ থেকে ১৫ সেন্টিমিটার লম্বা হতে পারে, কিনারা ঈষৎ রোমশ। প্রতি এক বা দুই সপ্তাহ পর পর চায়ের জন্য কাঁচা সবুজ রঙের কচি পাতা সংগ্রহ করা হয়। এ ধরনের পাতায় ৪ শতাংশ ক্যাফেইন পাওয়া যায়।ফুল সাদা, একটু মোড়ানো ধরনের কয়েকটি পাপড়ি, মাঝখানে একগুচ্ছ হলুদ-সোনালি রঙের পরাগকেশর। গড়নের দিক থেকে অনেকটা নাগেশ্বরের মতো। চা ক্যামেলিয়া প্রজাতির গাছ। সারা বিশ্বে ফুল হিসেবে ক্যামেলিয়া যেমন নন্দিত, তেমনি চা-ও সুখ্যাত। শুধু তাপমাত্রার কারণেই আমাদের দেশে ক্যামেলিয়া খুব একটা দেখা যায় না। বিশ্বে তিন ধরনের চা-গাছ পাওয়া যায়—আসাম, চীনা ও ক্যামবোয়েড। সাম্প্রতিক শ্রেণীবিভাগে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি ভৌগোলিক অঞ্চল অনুযায়ী চাষকৃত চায়ের তিনটি জাত হলো আসাম, চীনা ও ইন্দোচীনা। বর্তমানে বাংলাদেশের বৃহত্তর সিলেট, চট্টগ্রাম ও পঞ্চগড় জেলায় চা-বাগান আছে।রবার্ট ব্রুস ১৮৩৪ সালে আসামের উঁচু অঞ্চলে চা-গাছের সন্ধান পান, যা ভারতে চা-শিল্পের ভিত্তি স্থাপন করে। পরবর্তী সময়ে ব্রিটিশরাই এখানে চা-বাগান তৈরিতে অগ্রবর্তী ভূমিকা পালন করে। ধারণা করা হয়, বিজ্ঞানী লিনিয়াস তাঁর পূর্বসূরি জর্জ ক্যামেলের নামানুসারে এই প্রজাতির নামকরণ করেন Camellia sinensis।