পাতালে জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির পর ছবি। কোনোটায় মাথার খুলি পড়ে আছে মাটিতে। কোনোটায় লাশ পানি থেকে টেনে তোলা হচ্ছে। এসব ছবি হূদয়ে নাড়া দিয়ে যায়। ছবিগুলোয় ফুটে উঠেছে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের গণহত্যার ঘটনা। বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর অতর্কিত হামলায় কী হয়েছিল দেশের অবস্থা—ছবিগুলো দেখলেই তা আঁচ করা যায়। এসব ছবি স্থান পেয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের ভূগর্ভে। এখানে ‘সোহরাওয়ার্দী উদ্যান ভূগর্ভস্থ জাদুঘর’ নামে একটি জাদুঘর করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।জাদুঘরে ঠাঁই পাওয়া ছবিগুলো প্রদর্শনের ব্যবস্থা করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন থেকে শুরু করে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত সময়ের বিভিন্ন ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে এ জাদুঘর। ছবির নিচে দেওয়া আছে এগুলোর সংক্ষিপ্ত বিবরণ। ফলে তথ্যবহুল হয়ে পড়েছে জাদুঘরটি। পুরো আয়োজনটিকে প্রদর্শনী হিসেবেই দেখছে কর্তৃপক্ষ। আপাতত এটি শুধু প্রদর্শনী হলেও পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত হবে। জাদুঘরের অভ্যন্তরে লাগানো একটা বোর্ড থেকে এ কথা জানা গেল।১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের সময় ঢাকার রাজপথে একটি মিছিল বের হয়েছে। মিছিলের সামনে এক পথশিশু হাত উঁচু করে স্লোগান দিচ্ছে। মিছিলের নেতৃত্ব দিচ্ছিল সে। অন্য সবার থেকে তার চোখমুখে বিদ্রোহের ভাব ছিল অনেক বেশি। কিন্তু বেশিক্ষণ সে নেতৃত্ব দিতে পারেনি। কারণ, পুলিশের গুলি তাকে আর বাঁচতেই দেয়নি। ছবিটির নিচের ক্যাপশন থেকে এ রকম তথ্যই জানা গেল।ছয় দফা আন্দোলনে নারীদের ভূমিকা, ছয় দফা আন্দোলন ১১ দফা আন্দোলনে পরিণত হওয়া এবং ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের বিভিন্ন ছবি রয়েছে এখানে। ছয় দফা আন্দোলনের প্রবক্তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ, আগরতলা মামলা প্রত্যাহার ও শেখ মুজিবুর রহমানের মুক্তির পর তাঁকে সংবর্ধনা দেওয়ার ছবিও দেখা গেল জাদুঘরে। তৎকালীন রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) ওই অনুষ্ঠানে তাঁকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ওপর পুরো দেয়ালজুড়ে থাকা বিশাল ছবিটি সহজেই দৃষ্টি কাড়ে দর্শনার্থীদের। এ ছবির পাশেই রয়েছে ৭ মার্চের ভাষণের লিখিত রূপ।গোপন বেতার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বকণ্ঠে স্বাধীনতা ঘোষণার দালিলিক প্রমাণপত্র লাগানো হয়েছে এখানে। পাতালের জাদুঘরটির অন্যপাশে রয়েছে, নয় মাসের যুদ্ধ শেষে তৎকালীন রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লে. জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলের কমান্ডার লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজীর আত্মসমর্পণ দলিলে স্বাক্ষরের ছবি। এর সামনেই কাচঘেরা একটি টেবিল, যে টেবিলে বসে স্বাক্ষর করা হয়েছে সেটির অনুকৃতি এ টেবিল।জাদুঘরের মাঝখানের জায়গাটি ‘ব্ল্যাক জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এখানে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের হত্যাযজ্ঞের ছবিগুলো স্থান পেয়েছে। পাশেই ‘ওয়াটার ফল’ নামের চমৎকার একটি ঝরনা থেকে পানি ঝরছে। গোল ঘরের মতো একটা কাঠামোয় গোলাকৃতিভাবে পানি ঝরছে ছাদ থেকে।পাতালের এ জাদুঘরে যাওয়ার বেশ আগে শিখা চিরন্তনের দেখা মিলবে। শিখা চিরন্তনের চারপাশে ছোট ছোট টবে ফুলের চারাগুলো সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। জাদুঘরে ঢুকতে হলে শিখা চিরন্তন থেকে সোজা দক্ষিণে গিয়ে কয়েক ধাপ ওপরে স্বাধীনতাস্তম্ভে উঠতে হবে। এখানকার দেয়ালেই রয়েছে জাদুঘরে প্রবেশের পথ। বের হয়ে দেয়ালেই চোখে পড়বে পোড়ামাটির ম্যুরাল। ভাষা আন্দোলন থেকে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত বিভিন্ন ঘটনা এ ম্যুরালে চিত্রিত হয়েছে।সোহরাওয়ার্দী উদ্যানের ভূগর্ভস্থ জাদুঘরটি খোলা থাকে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। তাই দূর থেকে আসতে হলে যানজটকে মাথায় রেখে আগেই বেরোতে হবে, নইলে আসতে আসতেই জাদুঘরের ফটক বন্ধ হয়ে যাবে। আর অবশ্যই শুক্র ও শনিবার বাদ দিয়ে আসতে হবে। কেননা এই দুদিন বন্ধ থাকে জাদুঘর। যাঁরা প্রস্তুতি নিচ্ছেন জাদুঘর দেখার তাদের জন্য সুখবর। আজ ও আগামীকাল সন্ধ্যায় রয়েছে বিশেষ অনুষ্ঠান ‘লাইট অ্যান্ড সাউন্ড শো’।